১২:১৪ পি.এম
যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) একেএম হাসানুর রহমান আসাদ।
এর আগে রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শিহাবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকা-পাবনা রুটে চলবে ভারত থেকে আনা ১৮ রেলকোচ
দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের পুত্র। বর্তমানে তিনি কারাগারে অবস্থান করছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাইফুল দীর্ঘ সময় ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে তিনি ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জাপটে ধরেন এবং চুমু দেন।
ঘটনাটি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও সুমনের বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগ করেন। পরে সুমন বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীসহ অন্যান্য ছাত্রীদের মুখ না খোলার জন্য হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর বাবা ওই বছরের ১ অক্টোবর শার্শা থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: শেয়ারবাজারে কারসাজি: বিএসইসির জরিমানা বহাল রাখলেন -হাইকোর্ট
তদন্ত শেষে শার্শা গোড়পাড়া ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর সুমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন