০৩:১৫ পি.এম
দুবাইয়ে গ্রেফতার পুলিশ বিভাগের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এই নথিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে।
সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে তৈরি হচ্ছে সব নথিপত্র। দুর্নীতি সংক্রান্ত নথিগুলো চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে।
এদিকে, আইনজীবীরা মন্তব্য করেছেন, পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মাহসিব হোসেন বলেছেন,
“দুবাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নথিগুলো সঠিক কিনা। যে অভিযোগের কথা উল্লেখ করা হচ্ছে, নথিতে সেটার প্রতিফলন ঘটছে কিনা, সেটি একটি বড় বিষয়। দুবাই কিন্তু সময় বেধে দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠাতে হবে।”
সংশ্লিষ্টদের অব্যাহতভাবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ রয়েছে, যাতে দুবাইতে জব্দ করা সম্পদগুলোও দেশে ফিরিয়ে আনা যায়।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১২৬ নম্বর রোডে একটি ভবনের দুটি ফ্লোরে সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানায় চারটি ফ্ল্যাট ছিল। গত বছরের ডিসেম্বরে এগুলো ক্রোক করে আসবাবপত্রসহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া ২ লাখ ৩০ হাজার টাকা ধার্য করা হলেও এখনও এই অর্থ ভাড়া দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন। একইভাবে বেনজীরের নারায়ণগঞ্জের ডুপ্লেক্স ভবন থেকেও কোনো আয়ের ব্যবস্থা হয়নি। তবে, গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে।
দুদকের তথ্যমতে, ৭৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৪টি মামলাসহ পাসপোর্ট জালিয়াতি ও মানিলন্ডারিং মিলিয়ে বেনজীরের বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার অঢেল সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার সম্পদও সংস্থাটি ক্রোক করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন