মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৫৭ এম
ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক নতুন কুঁড়ির ক্ষুদে ফুটবলার জিসান আহমেদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এ হোমনা পৌরসভা বনাম মাথাভাঙ্গা ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা চলাকালীন সময়ে হোমনা আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জিসান আহমেদ মৃত্যুবরণ করেন।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, "একজন ক্ষুদে খেলোয়াড়ের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।" তিনি এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহর নিকট তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, খেলা চলাকালীন সময়ে জিসান আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ২টা ১৯ মিনিটে তাঁর মৃত্যু ঘটে। আজ রাতে স্থানীয়ভাবে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় যুব ও ক্রীড়া সচিব মো. মাহফুজুল আলম খান ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আগামীকাল সকালে তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তিনি সেখানে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটান। এই সাক্ষাতের সময় খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মেয়েদের ও তরুণীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।
এ আয়োজনের মাধ্যমে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ ও তাদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে এর ভূমিকার বিষয়টিও উদযাপন করা হয়।
আরও জানানো হয় যে, খেলাধুলা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি মেয়েদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু এলাকায় মঙ্গলবার (১০ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৯ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় মাঝগাও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারি, দোগাছি এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য সাময়িকভাবে একটি ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে। এই গুরুত্বপূর্ণ সিরিজে দলের ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ কোচ ডেল বেনকেনস্টাইনকে নিয়োগ দিয়েছে বোর্ড।
জাতীয় দলের ব্যাটিং কোচের শূন্যতা পূরণ করতে বিসিবি এই প্রোটিয়া কোচের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে। দলের কন্ডিশন এবং টেকনিক্যাল ঘাটতি দূর করার জন্য বেনকেনস্টাইন সরাসরি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন।
এর আগে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার স্থলাভিষিক্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাউদ্দিন। বর্তমানে সালাউদ্দিনের মেয়াদ শেষ হচ্ছে এবং নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডেল বেনকেনস্টাইন।
৫২ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ ২০১৭-১৯ সাল পর্যন্ত প্রোটিয়াদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর ১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে শুরু হবে। সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০ দেশে লঞ্চ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) এই স্মার্টফোনটি বাজারে উন্মোচন করা হয়।
এই স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, নতুন প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি। এটি গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তি ও স্টাইলের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে।
ভিভো ভি৮০-তে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা রয়েছে, যা পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করে। এর ৮৫ মিলিমিটার ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট অপশন ছবিতে স্বাভাবিক গভীরতা ও ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করে, যা মূল ব্যক্তিকে আলাদাভাবে ফুটিয়ে তোলে। ফলে প্রফেশনাল পোর্ট্রেট, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন কিংবা বিজনেস ট্রাভেলের মুহূর্তগুলোতে আকর্ষণীয় ছবি পাওয়া যাবে।
সৃজনশীলতা ফুটিয়ে তুলতে এতে এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ফিচার অন্তর্ভুক্ত রয়েছে, যা ছবিতে ভিন্নধর্মী লাইটিং ইফেক্ট যোগ করবে। পাশাপাশি, সামনে ও পেছনের ক্যামেরায় ৪কে ৬০ এফপিএস ভিডিও ধারণের সুবিধা প্রতিটি মুহূর্তকে আরো স্পষ্ট ও মসৃণভাবে ক্যাপচার করতে সহায়তা করবে।
ক্যারিয়ারের ব্যস্ততায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে ভিভো ভি৮০-তে ৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি রয়েছে। নতুন অরিজিনওএস ৭ দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা যোগ করবে। ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্জ আই প্রটেকশন ডিসপ্লে কাজের পাশাপাশি বিনোদনেও স্পষ্ট ও মসৃণ ভিউইং অভিজ্ঞতা প্রদান করবে।
নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলা মানুষদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে মানানসই করে ভিভো ভি৮০-এর ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে। এর ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম একে দিয়েছে অনন্য ও প্রিমিয়াম লুক। রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে, এই তিনটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।
বাংলাদেশে ভিভো ভি৮০-এর ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৭৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৮৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে।
গ্রাহকরা দেশের ভিভো অথরাইজড চ্যানেলগুলো থেকে প্রি-অর্ডার করতে পারবেন। স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ০ শতাংশ ইএমআই সুবিধাও উপভোগ করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ