বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
কুড়িগ্রামের রৌমারী এলাকায় গরুবোঝাই নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন ফেরদৌস রহমান (৪৭) নামের একজন ব্যক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি বগুড়া জেলায় অবস্থিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেরদৌস রহমান মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বাইমমারী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. তরিকুল ইসলামকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা ইউনিয়ন পরিষদ ঘেরাও এবং ভবনে তালা ঝুলানোরও ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা বাজারে আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি জানানো হয়।
সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গুদাম থেকে ইউনিসেফের লোগোসংবলিত সরকারি মালামাল চুরির গুরুতর অভিযোগ উঠেছে তরিকুল ইসলামের বিরুদ্ধে, যিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী। পুলিশ পরে অভিযান চালিয়ে ওই চোরাই মালামালগুলো জব্দ করে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি ওই জব্দকৃত মালামাল থানায় ফেরত নিয়ে আসেন। পরে চুরির অপবাদ ঢাকতে তিনি ৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন, যা এখনও চলমান রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর, দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম মৃত্যুবরণ করার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়। চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর উপজেলা প্রশাসন বিতর্কিত ওই কর্মকর্তার নাম একক প্রস্তাবনা হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। এর পর গত ১১ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করেন তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত তরিকুল ইসলাম একজন ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তি। জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকারি সংস্থার মালামাল চুরির সাথে জড়িত একজন বিতর্কিত ব্যক্তিকে ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে তাকে অপসারণ করে সৎ ও নিরপেক্ষ কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন মিজানুর রহমান, জোবায়দুল ইসলাম জোবায়েদ, মোতালেব মিয়া, মুকুল মিয়া, আজাদ হোসেন, সোলাইমান হোসেন, আব্দুর রহিম, লাভলু মিয়া প্রমূখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরের এনসিপি নেত্রী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে বুধবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলা ঘটে। এই হামলায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
ঢাকায় অবস্থানরত সংসদ সদস্য রেজ আহমেদ বাচ্চু মোল্লা প্রশাসনের কাছে আবেদন করেছেন, যেন এই নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাঘের মোড়ে অবস্থিত নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুত করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রভাবশালী বিএনপি নেতা ফজলুর রহমানের মালিকানাধীন। তবে, সারগুলো বায়জাপ্ত করা হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তানোরের সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। অভিযানের সময় প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রহমান হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে সার মজুত করার অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়, যার কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এদিকে, স্থানীয় কৃষকেরা এসব সার তাদের মধ্যে নায্যমুল্যে বিক্রির দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা এক বস্তা সারও পাচ্ছেন না, অথচ কোল্ড স্টোরে বিপুল পরিমাণ সার মজুত করা হচ্ছে। তারা তদন্তের মাধ্যমে এসব সার কোথা থেকে এবং কার মাধ্যমে আনা হচ্ছে তা বের করার দাবি করেছেন। এছাড়াও, জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কৃষকেরা। এ বিষয়ে তানোরের সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক জানান, তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং সেই জমির সার সংগ্রহ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর মহাদেবপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে (আরইআরএমপি) লটারীর মাধ্যমে নারী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের উদ্যোগের কারণে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদীহিমূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা প্রশংসা করেছেন। এই উদ্যোগের ফলে স্বজনপ্রীতি, রাজনৈতিক সুপারিশ বা দূর্নীতির মাধ্যমে নিয়োগের কোন সুযোগ নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই লটারীর আয়োজন করা হয়।
লটারি প্রক্রিয়াটি ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিঞা, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন, উপ-সহকারী প্রকৌশলী রাজিব আহমেদ প্রমুখ সহযোগীতা করেন।
উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট ২৯৪ জন নারী নিয়োগের জন্য আবেদন করেছেন। লটারীর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট একশ’ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত এসব নারী শ্রমিক আগামী তিন বছর ধরে ছুটির দিন ব্যতীত প্রতিদিন কাজের জন্য তিনশ’ টাকা করে মজুরি পাবেন। এর মধ্যে একশ’ টাকা করে বাধ্যতামূলক ব্যাংক একাউন্টে সঞ্চয় করতে হবে। তিন বছর পর সঞ্চিত টাকা একসাথে উত্তোলন করা যাবে। এই উদ্যোগের ফলে ওইসব পরিবার স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আরইআরএমপি-রুরাল ইমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-৪ এবছর শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত চলবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার সাতশ’ ২৩ দশমিক ১৫ কোটি টাকা। সারাদেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় মোট ৪৪ হাজার চারশ’ ৬০ জন নারী শ্রমিক প্রকল্পের ৮৮ হাজার নয়শ’ ২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন। হতদরিদ্র নারীপ্রধান পরিবারকে সহায়তা করা এবং সারাবছর গ্রামীণ সড়ক চলাচলের উপযোগী রাখার উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ