ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশ পরিদর্শক আবদুর রহিমকে এবার খুলনায় বদলি


পুলিশ পরিদর্শক আবদুর রহিমকে এবার খুলনায় বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের অভিযোগের প্রেক্ষিতে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে দ্বিতীয় দফায় খুলনায় বদলি করা হয়েছে।

বদলির সংক্রান্ত চিঠিটি শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে পৌঁছায়। এর আগে, গত বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

বুধবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর এক আদেশে আবদুর রহিমকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছিল। সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সিএমপির উপ-কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন নেতৃত্বে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার করতে টাইগারপাস এলাকায় চসিক নগর ভবনে যায় খুলশী থানা পুলিশের একাধিক টিম। তবে সেখান থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ফেনীর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁ-জা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় ম-দ জব্দ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপের কারণে বগাকে গ্রেফতার করা যায়নি বলে অভিযোগ করেছেন তার প্রতিপক্ষের লোকজন। পরদিন বুধবার সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন খুলশী থানার ওসি আবদুর রহিমের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ প্রীতির’ অভিযোগ তোলেন এবং তিনি কীভাবে এ সরকারের আমলে ওসি হয়েছেন, সে প্রশ্ন করেন।

এই অভিযোগের পর একইদিন বিকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর এক আদেশে আবদুর রহিমকে নগর বিশেষ শাখা-সিটিএসবিতে বদলি করা হয়। সূত্র আরও জানায়, চসিক কার্যালয়ে অভিযানের সময় তৎকালীন ওসি আবদুর রহিম ছুটিতে ছিলেন। ছুটির গ্রহণ এবং ছুটি শেষে যোগদান সংক্রান্ত নথিতে দেখা যায়, সোমবার বিকাল ৩টার পর থেকে ছুটিতে ছিলেন তৎকালীন খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম। দুইদিনের ছুটি শেষে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তিনি কর্মস্থলে যোগ দেন।

এরমধ্যে তিনি জানতে পারেন, ছুটিতে থাকাবস্থায় তাকে সিটিএসবিতে বদলি করা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে পূর্বের কর্মস্থল ত্যাগ করেন। সবশেষ শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাওয়া এক প্রজ্ঞাপনে আবদুর রহিমকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক আবদুর রহিম বলেন, "পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে আমাকে খুলনায় বদলি করা হয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারি, যেখানে বদলি করা হবে, সেখানেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। এরইমধ্যে আমি ছাড়পত্র নিয়ে ফেলেছি।"

আরও পড়ুন: মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পা পিছলে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ছাত্র মুজাহিদুল ইসলামের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


পা পিছলে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ছাত্র মুজাহিদুল ইসলামের প্রাণ গেল

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু ঘটেছে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর।

এই ঘটনা ঘটে শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদার গ্রামে।

নিহত নাফিজ ছিলেন ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের স্বজন আব্দুর রহিম জানান, মুজাহিদুল ইসলাম নাফিজ এবং তার পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করেন। তারা দুই দিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। জামাতে নামাজ আদায় করার জন্য গোসল না করে নামাজ শেষ করেন। নামাজের পর দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পড়ে যান। সাঁতার না জানার কারণে তিনি পুকুরের পানিতে ডুবে যান। তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একাধিক ফোন এবং খুদে বার্তা পাঠানো হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা: গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা: গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় পুলিশ মোকাররম হোসেন খোকা, যিনি উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক, এবং তাঁর ভাতিজা মো. রিয়াজকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকা ও নেত্রকোনা থেকে পৃথক অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই চাঞ্চল্যকর হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা ১৫ জনে পৌঁছেছে।

পুলিশ জানায়, মোকাররম হোসেন খোকাকে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকা থেকে এবং তাঁর ভাতিজা মো. রিয়াজকে নেত্রকোনা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছে। খোকা মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের আব্দুল হাসিম মিয়ার ছেলে, এবং রিয়াজ একই গ্রামের নান্নু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর খোকাকে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ জুলাই রাত ৯টার দিকে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর মিঠামইন বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি যখন মিঠামইন সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে পৌঁছান, তখন আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াও হামলার শিকার হন।

পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ জুলাই নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এর আগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ খোকা এবং তাঁর ভাতিজা রিয়াজের গ্রেপ্তারের ফলে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির তদন্ত শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


দুদক দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির তদন্ত শুরু করেছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদ্যালয় পরিবর্তন ফি ও অফিস খরচের নামে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগের অনুসন্ধান শুরু করেছে।

গত ৭ অক্টোবর যুগান্তরে ‘দিনাজপুর শিক্ষা বোর্ড/সোনালী সেবায় সিন্ডিকেটের কোটি টাকা লোপাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর দুদকের সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয় এ অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবর্তনের জন্য (টিসি) নির্ধারিত ফি ‘সোনালী সেবা’ খাতে ব্যাংকে জমা দেওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে, একটি অংশের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। যুগান্তরের অনুসন্ধানে এ-সংক্রান্ত তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী বিদ্যালয় পরিবর্তনের জন্য আবেদন করেছে। প্রতিটি আবেদনের বিপরীতে ‘সোনালী সেবা’ খাতে এক হাজার টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করে শিক্ষার্থীদের কাছ থেকে নগদ টাকা নেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭০০ জনের ফি বোর্ডের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। বাকি প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া টাকা বোর্ডের তহবিলে জমা না দিয়েই তাদের বিদ্যালয় পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

এতে নির্ধারিত ফি বাবদ ৩ হাজার ৮০০ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া ৩৮ লাখ টাকা এবং অফিস খরচের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করে প্রায় ৬৪ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সার্ভারের কোড পরিবর্তন করে বিশেষ কৌশলে এ অনিয়ম করা হয়েছে। নগদ টাকা নেওয়া হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাংক জমার কোনো রসিদ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের স্কুল শাখার পরিদর্শক অধ্যাপক আমিনুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয় নিবন্ধন শাখার সেকশন অফিসার মেজবাহুল ইসলাম বকুল এবং চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের সমন্বয়ে একটি সিন্ডিকেট এ অনিয়মে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

দুদকের সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি অনুসন্ধানে নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষার অনুমতি চেয়ে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপির ক্ষোভ, ১৭ চিকিৎসককে শোকজের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপির ক্ষোভ, ১৭ চিকিৎসককে শোকজের নির্দেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় অসন্তোষ প্রকাশ করেছেন নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবদিন ফারুক। তিনি বিপুল সংখ্যক চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে ১৯ জনের মধ্যে ১৭ জন চিকিৎসককে শোকজের নির্দেশ দেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান। দীর্ঘ ৩৫ মিনিট অপেক্ষার পর তিনি মাত্র দুজন চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত পান।

হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, এমপি জয়নুল আবদিন ফারুক শনিবার সকালে হঠাৎ হাসপাতালটি পরিদর্শনে আসেন। প্রথমে তিনি জরুরি বিভাগের খবর নেন এবং দেখেন সেখানে ডাক্তার কর্মরত রয়েছেন। তবে হাসপাতালের অন্যান্য চেম্বারগুলো তখন খালি ছিল এবং অন্য কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না। এর কিছু সময় পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডাক্তার রাদিয়া সুলতানা হাসপাতালে আসেন।

এমপি জয়নুল আবদিন ফারুকের উপস্থিতির সময় সকাল ৯টা থেকে ৩৫ মিনিট পর্যন্ত আর কোনো ডাক্তারকে কর্মস্থলে পাওয়া যায়নি। তিনি অনুপস্থিত ১৭ জন চিকিৎসককে শোকজের নির্দেশ দেন। শোকজের চিঠির অনুলিপি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানোর নির্দেশ দেন। এ সময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. রাদিয়া সুলতানাকে মোবাইল ফোনে বার বার কল করা হলেও তিনি প্রথমে ফোন রিসিভ করেননি। পরে একবার ফোন রিসিভ করে এমপি জয়নুল আবদিন ফারুকের পরিদর্শনে চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন। অনুপস্থিত কর্মচারীদের বিষয়ে কোনো তথ্য না দিয়ে ফোন কেটে দেন। এরপর ফোন করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি।

এমপির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। শনিবার বিকেলে তিনি বলেন, ‘এমপি মহোদয়ের পরিদর্শনের সময় বিপুল সংখ্যক চিকিৎসকের অনুপস্থিত দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অনুপস্থিত সব চিকিৎসক শোকজের নির্দেশ দিয়েছেন।’ তিনি জানান, এদিন বিকেল পর্যন্ত শোকজের অনুলিপির কপি তিনি পাননি।

এমপি জয়নুল আবদিন ফারুক নিশ্চিত করেছেন যে, চিকিৎসকদের অনুপস্থিতির কারণে তাদের শোকজের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, দায়িত্বে অবহেলায় সব চিকিৎসককে শোকজ করা হয়েছে এবং শোকজের চিঠির অনুলিপি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। শোকজের বক্তব্যের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%