ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশাল নগরীর জলাশয় দখল ও দূষণে বিলুপ্তির পথে


বরিশাল নগরীর জলাশয় দখল ও দূষণে বিলুপ্তির পথে

॥ মোফাজ্জেল হোসাইন ॥

বরিশাল, ২৩ নভেম্বর ২০২৬ : বরিশাল, যা খাল, পুকুর ও দিঘি দ্বারা বেষ্টিত একটি নগরী হিসেবে পরিচিত, বর্তমানে তার ঐতিহ্য হারাতে চলেছে। নগরীর জলাশয়গুলো দখল ও দূষণের কারণে বিলুপ্তির পথে রয়েছে।

পরিবেশবিদদের মতে, নগরীর বিভিন্ন জলাশয় ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং অগ্নিনির্বাপণের জন্য গুরুত্বপূর্ণ। তবে, সময়ের সাথে সাথে দখল, দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে এসব জলাশয় হারিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এক সময় নগরীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। বর্তমানে তার ৯০ শতাংশ ভরাট হয়ে গেছে। নগরীর ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং ১৩টি মৃতপ্রায় অবস্থায় রয়েছে। বর্তমানে পানিপ্রবাহ রয়েছে মাত্র চারটিতে, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। এমনকি অগ্নিকাণ্ডের সময় পানি সংগ্রহ করতে গিয়ে ফায়ার সার্ভিসের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

সূত্র জানায়, আশির দশকের আগে বরিশালে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটির মহাপরিকল্পনা অনুযায়ী, নগরীর সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরের সংখ্যা ছিল ৪৩৬টি। বর্তমানে সেই সংখ্যা ২০০-এর নিচে নেমে এসেছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর একটি যৌথ জরিপে নগরীতে প্রায় দেড় হাজার ব্যক্তিমালিকানাধীন পুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। এর অধিকাংশই ভরাট করে বহুতল ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকায় পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ এখনো রয়েছে। ব্যক্তিমালিকানাধীন জলাশয়ের পাশাপাশি সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও রেহাই পাচ্ছে না। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশ আয়তনের একটি জলাশয় ভরাটের চেষ্টা করা হয়। একই সড়কে হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশের আরেকটি জলাশয় ভরাট শুরু হলে পরিবেশ অধিদপ্তর তা বন্ধ করে দেয়। নগরীর নথুল্লাবাদে প্রায় তিন একরের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: শেরপুরে জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা

পুকুর-দিঘির পাশাপাশি নগরীর খালগুলোও দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাচ্ছে। বরিশাল নগরীতে খালগুলো একসময় পানি নিষ্কাশন ও নৌ-যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অবৈধ দখল, স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে অধিকাংশ খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। পানির স্তর নিচে নেমে গেছে এবং সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে।

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বাসস প্রতিনিধিকে বলেন, জলাশয় হারিয়ে গেলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পূনর্ভরণ এবং অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভাতে গেলে অনেক সময় তা অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে জলাশয় কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বাসস’কে জানান, বরিশাল জেলায় একসময় বিপুলসংখ্যক পুকুর ও ডোবা ছিল। নগরায়ণের ফলে অধিকাংশই ভরাট হয়ে গেছে এবং উল্লেখযোগ্যসংখ্যক পুকুর, ডোবা ও খাল দখল হয়ে গেছে। বর্তমানে বরিশাল নগরীর অধিকাংশ খাল মৃতপ্রায়। ৪৬টি খালের মধ্যে মাত্র চারটিতে পানিপ্রবাহ রয়েছে এবং সেগুলোও ময়লা-আবর্জনায় ভরপুর। তিনি বলেন, বর্তমান সরকার খাল খননের পাশাপাশি পুকুর ও ডোবা রক্ষায় কাজ করছে। তবে জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ ও নিয়মিত তদারকি জরুরি।

আরও পড়ুন: চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা শাখার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, জলাশয় সংকট ও জলাবদ্ধতা নিরসনে সরকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, ৭৩০ কোটি টাকা ব্যয়ে বরিশাল মহানগরীর ৩০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন ও সংস্কার, ১৯টি ঘাটলা নির্মাণ এবং ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে।

বিলকিস বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতির আলোকে দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও শহরাঞ্চলের উন্নয়নমূলক কাজ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: নাচোলে ২টি চোরাই গরুসহ আটক ১

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বরিশাল মহানগরীর উন্নয়নে এ প্রকল্প অনুমোদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল জেলাকে নিজের জেলা মনে করতেন এবং তাঁর যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াও বরিশালের উন্নয়নে আন্তরিক ছিলেন। তাঁর হাত ধরেই বরিশাল বিভাগ, বরিশাল সিটি করপোরেশন ও বিমানবন্দর প্রতিষ্ঠাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল।

তিনি বলেন, জিয়া পরিবারের আরেক সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উন্নয়নে তাঁর আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার মদনে টোল আদায়কারীর হামলায় জুলাইযোদ্ধা নিহত, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


নেত্রকোনার মদনে টোল আদায়কারীর হামলায় জুলাইযোদ্ধা নিহত, আটক ১

নেত্রকোনার মদনে পৌরসভার ইজারাদারের টোল আদায়কারীদের হামলার ফলে নিহত হয়েছেন আব্দুল বারেক (৭০) নামের একজন জুলাইযোদ্ধা। সোমবার দুপুরে, মাত্র ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারিয়েছিলেন। মাত্র ২০ টাকার টোল নিয়ে আদায়কারীর ঘুষিতে তার মৃত্যু ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভায় চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। অভিযোগ রয়েছে যে, নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে পৌরসভার সীমানার বাইরেও টোল আদায় করে আসছিলেন ইজারাদারের লোকজন।

সোমবার দুপুরে, ময়মনসিংহ থেকে মদনগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় অটোরিকশায় থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক টোল আদায়কারীর ঘুষিতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর মদন থানা-পুলিশ আতিকুল ইসলাম (১৯) নামের একজন যুবককে আটক করেছে। আটক আতিকুল পৌরসভা এলাকার আব্দুর রশিদের ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘এখানে আমাদেরকে স্ট্রেট লাইনে (সঠিক পথে) থাকতে হবে। অপরাধী অপরাধী হিসেবেই চিহ্নিত হবে। প্রশাসনের পক্ষ থেকে আপনারা সেভাবেই এগোবেন। কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে হোসেনপুর উপজেলার চরপুমদীতে অবস্থিত হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন।

বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার। পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা সংসদ সদস্যের কাছে বিদ্যালয়ের জন্য একটি নতুন একাডেমিক ভবন এবং বাউন্ডারি দেয়ালসহ প্রধান ফটক (গেট) নির্মাণের দাবি জানান।

জবাবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সাথে নিয়ে বিদ্যালয়ে এসে সরেজমিনে পরিদর্শন ও আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবন ও বাউন্ডারি গেট নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি তিনি পুমদী ইউনিয়নের সবগুলো ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসিম সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইটভাটা সমিতির সভাপতি খালেকুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী হেলাল উদ্দিন, পুমদি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিক কায়েমের বাড়িতে হামলা ন্যক্কারজনক: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সাদিক কায়েমের বাড়িতে হামলা ন্যক্কারজনক: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার তিনি এক বিবৃতিতে মন্তব্য করেন যে, একজন ছাত্রনেতার রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর গ্রামের বাড়িতে হামলা করা এবং সেখানে অবস্থানরত তাঁর বাবা-মায়ের জীবনকে বিপন্ন করার চেষ্টা একটি কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও উদ্বেগজনক ঘটনা। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য কখনোই কারো পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার অজুহাত হতে পারে না।

ডা. ইরান আরও বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা উদ্দেশ্য বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা উচিত।

তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাদিক কায়েম এবং তাঁর পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেন আসলামের অপরাধজগতে উত্থান, টিটন হত্যা মামলায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সুইডেন আসলামের অপরাধজগতে উত্থান, টিটন হত্যা মামলায় গ্রেপ্তার

দীর্ঘ সময় কারাবাসের পর জামিনে মুক্তির দুই বছর পর আবারও গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছেন রাজধানীর অপরাধজগতের প্রভাবশালী সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ভয়ঙ্কর ব্যক্তিত্ব ছিলেন সুইডেন আসলাম। সাধারণ একজন তরুণ থেকে কিভাবে তিনি ঢাকার অপরাধজগতের শীর্ষ নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন, তার পেছনে রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার পালাবদলের একটি দীর্ঘ ইতিহাস।

শৈশব ও অপরাধজগতে প্রবেশের সময় সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তার পিতার নাম শেখ জিন্নাত আলী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায় তার গ্রামের বাড়ি হলেও, তিনি পরিবারসহ রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে তিনি এসএসসি পাস করেন।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে আসলামের অপরাধজগতে উত্থান শুরু হয়। প্রথমদিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগ ওঠার পর তিনি প্রথমবারের মতো আলোচনায় আসেন।

কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ ও উত্থান নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের অপরাধজগতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। পরবর্তীতে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি হান্নান ছিলেন এই গ্রুপের অন্যতম সদস্য। ১৯৯০ সালের পর আসলামের সঙ্গে রানা গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ তীব্র হতে থাকে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে একাধিক হতাহতের ঘটনা ঘটে।

১৯৯৬ সালে আসলাম কৌশলে রানা গ্রুপের সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে টেনে নেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা খুন হলে সেই ঘটনায় আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, আসলাম ওই হত্যাকাণ্ড ঘটানোর জন্য পিচ্চি হান্নানকে ব্যবহার করেছিলেন।

রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য ছড়িয়ে পড়ে। আসলাম কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের চাঁদাবাজির দায়িত্ব পিচ্চি হান্নানকে দেন। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড আসলামের নামেই পরিচালিত হতো।

‘সুইডেন আসলাম’ নামের পেছনে রয়েছে তার ব্যক্তিজীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। দেশে ফেরার পর সেখান থেকেই তিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পান। পরবর্তীতে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

গ্রেপ্তার ও কারাগারে বসেই অপরাধ নিয়ন্ত্রণ ১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরে আসেন সুইডেন আসলাম। ওই বছরের ২৬ মে ৩৫ বছর বয়সে একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ৯টি হত্যা মামলা। এছাড়া অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।

অভিযোগ রয়েছে, কারাগারে বন্দী থাকলেও বাইরের অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। এ কাজে তার প্রধান সহযোগী ছিলেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচায় জড়িতদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন এবং এর ভাগ পেতেন বলে অভিযোগ রয়েছে। এর বাইরে মাদক চোরাচালান, ভাড়াটে খুনি দিয়ে হত্যা ও জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।

কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় তার নাম আসে। বিভিন্ন সময়ে তার কারাকক্ষ (সেল) থেকে মুঠোফোন উদ্ধারের তথ্যও পাওয়া গেছে, যা ব্যবহার করে তিনি মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিতেন বলে অভিযোগ ছিল। এ কারণে তাকে একাধিকবার এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

মুক্তি ও পুনরায় গ্রেপ্তার আসলামের ঘনিষ্ঠজনদের দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তির সুযোগ তৈরি হলেও ‘ক্রসফায়ারের’ ভয়ে তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি। দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর আসলাম থাইল্যান্ডে যাতায়াত করছিলেন। থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র চার দিনের মাথায় রোববার রাতে আবারও থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%