ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা


হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে হোসেনপুর উপজেলার চরপুমদীতে অবস্থিত হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন।

বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার। পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা সংসদ সদস্যের কাছে বিদ্যালয়ের জন্য একটি নতুন একাডেমিক ভবন এবং বাউন্ডারি দেয়ালসহ প্রধান ফটক (গেট) নির্মাণের দাবি জানান।

জবাবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সাথে নিয়ে বিদ্যালয়ে এসে সরেজমিনে পরিদর্শন ও আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবন ও বাউন্ডারি গেট নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি তিনি পুমদী ইউনিয়নের সবগুলো ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসিম সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইটভাটা সমিতির সভাপতি খালেকুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী হেলাল উদ্দিন, পুমদি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিক কায়েমের বাড়িতে হামলা ন্যক্কারজনক: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সাদিক কায়েমের বাড়িতে হামলা ন্যক্কারজনক: ডা. মোস্তাফিজুর রহমান ইরান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার তিনি এক বিবৃতিতে মন্তব্য করেন যে, একজন ছাত্রনেতার রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর গ্রামের বাড়িতে হামলা করা এবং সেখানে অবস্থানরত তাঁর বাবা-মায়ের জীবনকে বিপন্ন করার চেষ্টা একটি কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও উদ্বেগজনক ঘটনা। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য কখনোই কারো পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার অজুহাত হতে পারে না।

ডা. ইরান আরও বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার পরিবর্তে ভয়ভীতি, সন্ত্রাস ও প্রতিহিংসার রাজনীতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা উদ্দেশ্য বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা উচিত।

তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাদিক কায়েম এবং তাঁর পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেন আসলামের অপরাধজগতে উত্থান, টিটন হত্যা মামলায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সুইডেন আসলামের অপরাধজগতে উত্থান, টিটন হত্যা মামলায় গ্রেপ্তার

দীর্ঘ সময় কারাবাসের পর জামিনে মুক্তির দুই বছর পর আবারও গ্রেপ্তার হয়ে আলোচনায় এসেছেন রাজধানীর অপরাধজগতের প্রভাবশালী সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ভয়ঙ্কর ব্যক্তিত্ব ছিলেন সুইডেন আসলাম। সাধারণ একজন তরুণ থেকে কিভাবে তিনি ঢাকার অপরাধজগতের শীর্ষ নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন, তার পেছনে রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার পালাবদলের একটি দীর্ঘ ইতিহাস।

শৈশব ও অপরাধজগতে প্রবেশের সময় সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তার পিতার নাম শেখ জিন্নাত আলী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায় তার গ্রামের বাড়ি হলেও, তিনি পরিবারসহ রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে তিনি এসএসসি পাস করেন।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে আসলামের অপরাধজগতে উত্থান শুরু হয়। প্রথমদিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগ ওঠার পর তিনি প্রথমবারের মতো আলোচনায় আসেন।

কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ ও উত্থান নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের অপরাধজগতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। পরবর্তীতে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত পিচ্চি হান্নান ছিলেন এই গ্রুপের অন্যতম সদস্য। ১৯৯০ সালের পর আসলামের সঙ্গে রানা গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ তীব্র হতে থাকে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে একাধিক হতাহতের ঘটনা ঘটে।

১৯৯৬ সালে আসলাম কৌশলে রানা গ্রুপের সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে টেনে নেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা খুন হলে সেই ঘটনায় আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, আসলাম ওই হত্যাকাণ্ড ঘটানোর জন্য পিচ্চি হান্নানকে ব্যবহার করেছিলেন।

রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য ছড়িয়ে পড়ে। আসলাম কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের চাঁদাবাজির দায়িত্ব পিচ্চি হান্নানকে দেন। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড আসলামের নামেই পরিচালিত হতো।

‘সুইডেন আসলাম’ নামের পেছনে রয়েছে তার ব্যক্তিজীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। দেশে ফেরার পর সেখান থেকেই তিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পান। পরবর্তীতে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

গ্রেপ্তার ও কারাগারে বসেই অপরাধ নিয়ন্ত্রণ ১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরে আসেন সুইডেন আসলাম। ওই বছরের ২৬ মে ৩৫ বছর বয়সে একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ৯টি হত্যা মামলা। এছাড়া অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।

অভিযোগ রয়েছে, কারাগারে বন্দী থাকলেও বাইরের অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। এ কাজে তার প্রধান সহযোগী ছিলেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচায় জড়িতদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন এবং এর ভাগ পেতেন বলে অভিযোগ রয়েছে। এর বাইরে মাদক চোরাচালান, ভাড়াটে খুনি দিয়ে হত্যা ও জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।

কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় তার নাম আসে। বিভিন্ন সময়ে তার কারাকক্ষ (সেল) থেকে মুঠোফোন উদ্ধারের তথ্যও পাওয়া গেছে, যা ব্যবহার করে তিনি মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিতেন বলে অভিযোগ ছিল। এ কারণে তাকে একাধিকবার এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

মুক্তি ও পুনরায় গ্রেপ্তার আসলামের ঘনিষ্ঠজনদের দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তির সুযোগ তৈরি হলেও ‘ক্রসফায়ারের’ ভয়ে তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি। দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর আসলাম থাইল্যান্ডে যাতায়াত করছিলেন। থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র চার দিনের মাথায় রোববার রাতে আবারও থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


যুক্তরাজ্যে খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ শুরু

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : দীর্ঘকাল ধরে বৃষ্টির দেশ হিসেবে পরিচিত যুক্তরাজ্য। তবে, উষ্ণ ও শুষ্ক জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে দেশটি এখন একটি নতুন জলাধার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এটি দেশটির প্রথম নতুন জলাধার।

দক্ষিণ উপকূলের পোর্টসমাউথের নিকটবর্তী হ্যাভান্ট থিকেট জলাধার প্রকল্পের নির্মাণ কাজ ৮০ কোটি পাউন্ড (প্রায় ১০০ কোটি ডলার) ব্যয়ে চলছে। বুলডোজার দিয়ে মাটি খননের কাজ চলছে।

এ খবরটি যুক্তরাজ্যের হ্যাভান্ট থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

ইউরোপের অন্যান্য দেশের মতো, চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহ বয়ে গেছে। শীত আসার সাথে সাথে বৃষ্টি ফিরে এলেও, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও খরা পরিস্থিতি বিদ্যমান।

রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী হান্না ক্লোক এএফপি-কে বলেন, “যুক্তরাজ্যে পানির নিরাপত্তা নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। কীভাবে পানি সংরক্ষণ করা যায়, তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ, এ সমস্যা সামনে আরও বাড়বে।”

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটবে এবং এর তীব্রতাও বাড়বে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়েও ইংল্যান্ডের প্রায় সব এলাকা খরাকবলিত ছিল। এর মধ্যে কয়েকটি এলাকায় তীব্র খরা দেখা দেয়।

বিদ্যমান জলাধারগুলোর পানির স্বল্পতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এসব জলাধারে গড়ে মাত্র ৬০ শতাংশ পানি রয়েছে, যা মৌসুমি গড়ের চেয়ে ১৯ শতাংশীয় পয়েন্ট কম।

ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ডেটা সেন্টারের মতো বেশি পানি ব্যবহারকারী শিল্পের প্রসারের কারণে পানির চাহিদা বাড়ছে। ফলে নীতিনির্ধারকদের জন্য এটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

২০২৫ সালে প্রকাশিত ইংল্যান্ডের জাতীয় পানিসম্পদ কাঠামো অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৫০০ কোটি লিটার (১৩০ কোটি গ্যালন) পানির ঘাটতি দেখা দিতে পারে। এতে পানির বিদ্যমান উৎসগুলোর ওপর আরও চাপ বাড়বে।

হ্যাভান্ট থিকেট প্রকল্প এলাকা পরিদর্শনে পোর্টসমাউথ ওয়াটারের প্রধান নির্বাহী বব টেলর বলেন, পরপর কয়েক দফা খরা ও প্রচণ্ড গরমের পর পানি সরবরাহ খাত সংশ্লিষ্টরা সমস্যার ব্যাপকতা বুঝতে শুরু করেছেন।

তিনি বলেন, “মূল সমস্যা সারা বছরে কত বৃষ্টি হচ্ছে, তা নয়; বরং বছরের কোন সময়ে বৃষ্টি হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। শীতকালে বৃষ্টিপাত বাড়ছে। অন্যদিকে গ্রীষ্মকাল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে।”

টেলর বলেন, “জলাধার না থাকলে অতিবৃষ্টির সময় পানি ধরে রাখা এবং পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়।”

নতুন জলাধারটিতে সর্বোচ্চ ৮৭০ কোটি লিটার পানি সংরক্ষণ করা যাবে। এর মাধ্যমে কয়েক লাখ মানুষের পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

পোর্টসমাউথ ওয়াটারের নিয়ন্ত্রণে থাকা একটি বড় প্রাকৃতিক পানির উৎস থেকে শীতকালে উদ্বৃত্ত পানি এনে জলাধারটি আংশিকভাবে পূরণ করা হবে। এটি যুক্তরাজ্যের পানি ব্যবস্থাপনায় পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অন্যতম প্রধান প্রকল্প হয়ে উঠেছে।

সরকার ২০৫০ সালের মধ্যে ৯টি বড় জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে। পানি অবকাঠামো খাতে কয়েক দশকের বিনিয়োগ ঘাটতির পর গত বছর প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা অনুমোদনের নিয়মও শিথিল করা হয়েছে।

প্রস্তাবিত জলাধারগুলো চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৬৭ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পানের ঝুড়িতে ইয়াবা পাচারকালে কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


চট্টগ্রামে পানের ঝুড়িতে ইয়াবা পাচারকালে কারবারি আটক

চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা পাচারের উদ্দেশ্যে পানের ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ফজলুল কাদের (২৯) নামের একজন কারবারিকে আটক করেছে।

আটক ব্যক্তি ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এসআরবি জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাহাত্তারপুলের এক কিলোমিটার এলাকায় মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল অভিযানের নেতৃত্ব দেয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি মাদকসেবী ও কারবারিদের কাছে এসব ইয়াবা বেশি দামে বিক্রি করতেন।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। উদ্ধার করা ইয়াবাসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%