১২:৩৫ পি.এম
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার পর কিশোরী বর্তমানে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খেরুয়াজানী ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে অভিযুক্ত মো. আব্দুল্লাহকে আটক করা হয়। তিনি উপজেলার ভিটিবাড়ী গ্রামের বাসিন্দা। এর আগে, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, আব্দুল্লাহ, যিনি ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাইয়ের সহপাঠী, তাদের বাড়িতে লজিং হিসেবে থাকতেন। একইসাথে তিনি স্থানীয় একটি মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। কিশোরীর বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করায় সে গ্রামের বাড়িতে তার দাদির সঙ্গে বসবাস করছিল।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
অভিযোগে বলা হয়, গত বছরের ২২ নভেম্বর রাতে পড়াশোনার সময় কিশোরীর কক্ষে প্রবেশ করে আব্দুল্লাহ তাকে ধর্ষণ করেন। পরে, আব্দুল্লাহ বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। ভয় ও সামাজিক লজ্জার কারণে কিশোরী দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখেন।
কয়েক মাস পরে, কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তার দাদির সন্দেহ হয় এবং তিনি কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, কিশোরী ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা, অর্থাৎ প্রায় সাত মাসের। এরপর, পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা বলেন কিশোরী এবং অভিযুক্তের নাম প্রকাশ করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তার বাবা থানায় মামলা করেন।
ভুক্তভোগী কিশোরী বলেন, "লোকলজ্জার ভয়ে এতদিন কাউকে কিছু বলিনি। এখন আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। আমার সন্তানের সামাজিক স্বীকৃতি চাই এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযানের চেষ্টা করার পরও তিনি আত্মগোপনে ছিলেন। পরে, গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য ডিএনএ পরীক্ষার আবেদনও আদালতে করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন