বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৫ পি.এম
বরিশালের মুলাদীতে অর্ধশতাধিক ইয়াবাসহ নজরুল ইসলাম সিকদার ওরফে ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। নজরুল ইসলাম সিকদার মুলাদী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের চরডিক্রী গ্রামের মহিউদ্দিন সিকদারের পুত্র। তার বিরুদ্ধে মুলাদী থানায় এর আগে ৮টি মাদক মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে এসআই খান মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল গাছুয়া ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাত সাড়ে আটটার দিকে চর পৈক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে মাদক বিক্রির সময় নজরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, ইয়াবাসহ গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলেয়াখোয়া রাশ মেলা উত্তরবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য ধারক ও বাহক হিসেবে পরিচিত। শতবর্ষের এই প্রাচীন মেলাটি কালের স্রোতে বহু ঐতিহ্য হারিয়ে গেলেও স্বকীয় মহিমায় আজও টিকে রয়েছে। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালু পাড়া সীমান্তে নাগর নদীর তীরে শুরু হওয়া এই মেলাটি আজ আর শুধু একটি জনসমাগম নয়, বরং এলাকার মানুষের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
ইতিহাস থেকে জানা যায়, আটোয়ারী উপজেলার আলেয়াখোয়া ইউনিয়নের বুক চিরে বয়ে চলা নাগর নদীর তীর ঘেঁষে এই মেলার সূচনা হয়েছিল।
তৎকালীন জমিদার বাবু শ্যামাপ্রসাদ রায় এই মেলার সূচনা করেছিলেন। শুরুর দিকে এটি ধর্মীয় ও গ্রামীণ সংস্কৃতির এক মেলবন্ধন হিসেবে রূপ নিয়েছিল।
কিন্তু সময়ের পরিবর্তন এবং রাজনৈতিক বা সামাজিক পটপরিবর্তনের ফলে একসময় মেলাটির জৌলুস ও নাম প্রায় হারিয়ে যেতে বসেছিল। ১৯৯১ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের ঐকান্তিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা হয়।
তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফলে ঐতিহাসিক এই মেলাটি নতুন প্রাণ ফিরে পায়। বিশেষ উদ্যোগের মাধ্যমে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে মেলাটি স্থানান্তরিত হয় এবং পূর্ণাঙ্গ রূপ লাভ করে। এই পুনরুজ্জীবনের পর থেকেই মেলাটি পূর্বের নয় ঐতিহ্য ও গৌরব ফিরে পায়। ১৯৯১ সালের পর থেকে আজ পর্যন্ত এই রাশ মেলা অত্যন্ত জমজমাট ও উৎসবমুখর পরিবেশে পরিচালিত হয়ে আসছে।
সময় পরিবর্তনের সঙ্গে এটি কেবল একটি লোকজ মেলায় সীমাবদ্ধ থাকেনি, বরং সরকারিভাবে স্বীকৃতি লাভ করেছে। প্রতিবছর রাশ পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। গ্রামীণ লোকশিল্প, হস্তশিল্প, নানা ধরনের কুটিরশিল্প এবং ঐতিহ্যবাহী পণ্যের পসরায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উত্তরবঙ্গের ঐতিহ্য সংরক্ষণে এবং স্থানীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে আটোয়ারী আলেয়াখোয়া রাশ মেলা এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে যুগ যুগ ধরে আলো ছড়াচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে। মোঃ জসিম ও আবুল কালাম আজাদের আবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত। মজনুর ঠিকানা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার পূর্বেই তাঁদের মৃত্যু ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম জনবল সংকটের কারণে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। একজন অতিরিক্ত কর্মকর্তাকে একসাথে দিনাজপুর সদর, কাহারোল ও ফুলবাড়ী এই তিন উপজেলার দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে নিয়মিত মনিটরিং, তদারকি ও শিক্ষা সংক্রান্ত সেবা প্রদান করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে, কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক অবসরে যাওয়ার পর, দিনাজপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ অতিরিক্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন কাহারোল ও ফুলবাড়ী উপজেলায়। তিন উপজেলার দায়িত্বে থাকার কারণে নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটরিং ও একাডেমি তদারকিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে। সপ্তাহে সোমবার একদিন অফিস করেন এই শিক্ষা অফিসার।
বর্তমানে কাহারোল উপজেলায় ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা এবং ৭টি কলেজ রয়েছে। এইসব প্রতিষ্ঠানে একাডেমি তদারকি, প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন প্রতিবেদন এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ নানা সেবা নিশ্চিত করার দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। কিন্তু এই গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায়, অফিসের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও একাডেমির উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, "আমি একাই তিন উপজেলার কাজ করছি। কাহারোল, ফুলবাড়ী ও দিনাজপুর সদর।" তিনি আরও বলেন, "এতগুলো প্রতিষ্ঠানের সব কিছু নিয়মিত মনিটরিং করা সম্ভব হচ্ছে না।"
এ ব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় যে সমস্যা সৃষ্টি হচ্ছে, তা দ্রুত সমাধানের জন্য জেলা মিটিংয়ে বিষয়টি উত্থাপন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে পুলিশের দ্বারা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম ইসমাইল হোসেন, বয়স ২২ বছর। নগরীর সিপাইপাড়া এলাকায় নির্মাণ কাজের জন্য নির্মিত একটি টিনশেড ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলছিল। বৃহস্পতিবার, ১২ নভেম্বর, দুপুর ২টার দিকে রাজপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ইসমাইল হোসেন ওই এলাকায় তার মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন। তিনি নির্মাণ সাইটে প্রহরী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থিত। বাবার নাম জাহাঙ্গীর আলম। কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার পর বৃহস্পতিবারই তিনি কাজে যোগদান করেন।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ইসমাইল হোসেন আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করার জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে। তিনি আরও জানান, আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ