০৮:৩৪ পি.এম
খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি মন্তব্য করেছেন, দেশে অরাজকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের কোনো প্রকার বরদাশত করা হবে না। যেখানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটবে, সেই স্থানে তা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি উল্লেখ করেন, ভারতের মাটিতে বসে যারা দেশের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে, তাদের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যারা সাধারণ মানুষের জানমাল এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগাচ্ছে, তাদের চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। প্রতিটি অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাপ্পি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, নিরাপত্তা ও কল্যাণের পক্ষে রাজনীতি করে এসেছে। দেশের মানুষের বিপদে বিএনপির নেতাকর্মীরা অতীতেও জনগণের পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জনগণের জানমাল রক্ষা করা শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে, সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে ২৪৪ পরিবার স্বাবলম্বী
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে। জনগণের অধিকার কেড়ে নেওয়ার কারণে একসময় মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের অন্যায়ের জবাব দিয়েছে। বিএনপি জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন