শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৮ পি.এম
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পরিচয় কেবল একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ হিসেবে নয়; ষাটের দশকে ফুটবল মাঠেও ছিল তার দাপুটে উপস্থিতি। তিনি একসময় পাকিস্তানের জাতীয় ফুটবল দলে খেলেছেন। খেলোয়াড় হিসেবে তার কৃতিত্বের পাশাপাশি, ১৯৬৮ সালে তিনি দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। পূর্ব পাকিস্তানের একজন বাঙালি ফুটবলারের পাকিস্তানের জাতীয় দলে জায়গা করে নেওয়া এবং দলকে নেতৃত্ব দেওয়ার ঘটনা ছিল সে সময়ের প্রেক্ষাপটে বিরল। ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিকসেও তার সাফল্য ছিল। ১০০ ও ২০০ মিটার দৌড়ে পূর্ব পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তার।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পাকিস্তান সফরে গিয়ে পুরোনো ফুটবলজীবনের স্মৃতিতে ফিরে যান হাফিজ উদ্দিন। দীর্ঘদিন পর দেখা হয় পাকিস্তান জাতীয় দলের সাবেক সতীর্থদের সঙ্গে। পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) তাকে সাবেক সতীর্থদের স্বাক্ষরসংবলিত জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দেয়। এই পুনর্মিলনের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের বর্তমান স্পিকারের বর্ণাঢ্য ফুটবলজীবনের নানা অধ্যায়।
১৯৬৭ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলে জায়গা করে নেন হাফিজ উদ্দিন আহমদ। ১৯৭০ সাল পর্যন্ত তিনি দলটির নিয়মিত সদস্য ছিলেন। ১৯৬৮ সালে পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। সে সময় পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের জাতীয় দলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া বাঙালি ফুটবলার ছিলেন হাতে গোনা। সেই প্রেক্ষাপটে তার দলে জায়গা পাওয়া এবং নেতৃত্ব দেওয়া ছিল বিশেষ অর্জন।
পাকিস্তান জাতীয় দলের হয়ে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। পাকিস্তান, ইরান ও তুরস্কের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আরসিডি) কাপ ছিল সে সময়ের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ফুটবল আসর। ১৯৬৭ সালে ঢাকায় অনুষ্ঠিত আরসিডি কাপেও পাকিস্তান দলের হয়ে খেলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ফুটবল দলের অধিনায়কত্বও করেছেন হাফিজ উদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ফুটবলার হিসেবে পরিচিতি পান হাফিজ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা দুটি হ্যাটট্রিক করে নজর কাড়েন তিনি। ১৯৬২ সালে ফায়ার সার্ভিসের হয়ে ঢাকা ফুটবল লিগে অভিষেক হয় তার। ১৯৬৫ সাল পর্যন্ত দলটিতে খেলার পর দুই মৌসুম কাটান ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে। ১৯৬৮ সালে যোগ দেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৭৮ সালে অবসর নেওয়া পর্যন্ত সাদা-কালো জার্সিতেই খেলেছেন তিনি।
ফরোয়ার্ড হিসেবে তার সবচেয়ে বড় শক্তি ছিল অসাধারণ গতি, বল নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোল করার দক্ষতা। ১৯৭০ সালের ২৭ জুন পাকিস্তান অবজারভার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তাকে দেশের অন্যতম ক্ষুরধার ও গতিময় উইঙ্গার হিসেবে বর্ণনা করা হয়। বল পায়ে প্রতিপক্ষের এক-দুজন খেলোয়াড়কে কাটিয়ে দ্রুত এগিয়ে গিয়ে জোরালো শটে গোল করার দক্ষতা ছিল তার।
মোহামেডানের হয়ে খেলোয়াড়ি জীবনে একাধিক শিরোপা জিতেছেন হাফিজ উদ্দিন। তার সময়ে দলটি ১৯৬৯, ১৯৭৫, ১৯৭৬ ও ১৯৭৮ সালে ঢাকা লিগের শিরোপা জেতে। ১৯৬৮ সালে জয় করে আগা খান গোল্ড কাপ। ১৯৭৬ সালে মোহামেডানের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি। আবাহনী-মোহামেডান ঐতিহাসিক দ্বৈরথেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। আবাহনীর বিপক্ষে ঢাকা ডার্বির ১০ ম্যাচে সাতটি গোল করেন তিনি।
হাফিজ উদ্দিনের ফুটবলজীবনের অন্যতম স্মরণীয় ঘটনা ১৯৭৩ সালে ঢাকা লিগে এক ম্যাচে ছয় গোল করা। মোহামেডানের হয়ে ফায়ার সার্ভিসের বিপক্ষে ওই ম্যাচে একাই ছয়টি গোল করেন তিনি। ঢাকা লিগের ইতিহাসে এটিই প্রথম ডাবল হ্যাটট্রিক হিসেবে পরিচিত।
ম্যাচের আগে ফায়ার সার্ভিসের কয়েকজন খেলোয়াড় তাকে বেশি গোল না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু মাঠে নেমে প্রথমে দুটি গোল করেন হাফিজ উদ্দিন। এরপর হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে আর গোল না করার অনুরোধ জানালেও থামেননি তিনি। শেষ পর্যন্ত ছয় গোল করে মাঠ ছাড়েন। ঢাকা ফুটবলের ইতিহাসে এই কীর্তি তাকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে।
ফুটবল মাঠে গতির জন্য পরিচিত হাফিজ উদ্দিন আহমদ অ্যাথলেটিকসেও ছিলেন সমান প্রতিভাবান। বল পায়ে তার দৌড়ের গতি দেখে বন্ধুরা তাকে স্প্রিন্টে অংশ নেওয়ার পরামর্শ দেন। ১৯৬৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই ২০০ মিটার দৌড়ে শিরোপা জিতে সবাইকে চমকে দেন তিনি।
১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান অ্যাথলেটিকস দলের সদস্য ছিলেন হাফিজ উদ্দিন। ১৯৬৫ সালে ১০০ মিটার দৌড়ে প্রাদেশিক চ্যাম্পিয়ন হন। পরের বছর ২০০ মিটারে পূর্ব পাকিস্তানের রেকর্ডের সমান সময় করেন। টানা তিন বছর পূর্ব পাকিস্তানের দ্রুততম দৌড়বিদদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন তিনি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেন হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। যুদ্ধে সাহসিকতার জন্য তাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তবে স্বাধীনতার পরও ফুটবলের সঙ্গে যুক্ত থাকলেও বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ হয়নি তার।
১৯৭৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দল গঠন করা হয়। কিন্তু ভালো ফর্মে থাকা হাফিজ উদ্দিনকে সেই দলে রাখা হয়নি। দল ঘোষণার সময় ঢাকা লিগের দুটি ম্যাচে সাতটি গোল করেছিলেন তিনি। তারপরও জাতীয় দলে জায়গা না পাওয়ায় হতাশ হন এই ফুটবলার।
পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তোলেন হাফিজ উদ্দিন। তবে স্বাধীন বাংলাদেশের জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি তার। ১৯৭৮ সালে মোহামেডানের হয়ে শেষ ম্যাচ খেলে ফুটবল থেকে অবসর নেন।
খেলোয়াড়ি জীবন শেষ হলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি হাফিজ উদ্দিন আহমদ। পরবর্তী সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও যুক্ত ছিলেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাচিত সহসভাপতি এবং ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
ফুটবলে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে ফিফার ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা পান তিনি। বিশ্ব ফুটবলে বিশেষ অবদানের জন্য দেওয়া এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন বাংলাদেশের ফুটবল অঙ্গনে তার অন্যতম উল্লেখযোগ্য সাফল্য।
গত ২৩ নভেম্বর (সোমবার) দুপুর ১টা ৪০ মিনিটে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ছাড়েন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ২৪ নভেম্বর ইসলামাবাদ পৌঁছান তিনি। সফরকালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হয় তার। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে যাদের সঙ্গে খেলেছেন, তাদের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দেন। জার্সিটিতে তার সাবেক সতীর্থদের স্বাক্ষর ছিল। একসময় একই দলের হয়ে মাঠে নামা খেলোয়াড়দের স্বাক্ষরসংবলিত জার্সি পেয়ে আবেগাপ্লুত হন হাফিজ উদ্দিন। পাকিস্তানের ফুটবল অঙ্গনে কয়েক দশক পরও তার খেলোয়াড়ি জীবনের স্মৃতি যে স্মরণীয়, এই পুনর্মিলন তারই প্রতিফলন।
উল্লেখ্য, ১৯৪৪ সালের ২৯ অক্টোবর ভোলার লালমোহনে জন্মগ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের স্বীকৃতি হিসেবে অর্জন করেন বীর বিক্রম খেতাব। পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হয়ে ভোলা-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে একটি দেশীয় বন্দুক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করে কিছুই পায়নি। এরপর তারা সাদা কাগজে সাক্ষর নিয়ে চলে যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো কল পেয়ে পুলিশ ফের ফিরে আসে এবং ঘরের বাহিরে একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে। পরে পুলিশ ওই অস্ত্র সহেলকে দাবি করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় করিম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার, বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, "অস্ত্র উদ্ধারসহ সহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরণেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে।" পুলিশ চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল কল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "তদন্ত চলমান রয়েছে।"
ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এবং করিম উদ্দিন মোল্লা বাড়ির সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।
বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী তার জেঠি শাশুড়ি ফাতেমা আক্তার জানান, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। পুলিশ দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশ ডাকাডাকিতে তারা দরজা খুলছিল না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চান। পুলিশ তল্লাশির কথা জানায়, কিন্তু তারা কারণ বলেনি। ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলে। পুলিশ তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার সাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশ কর্মকর্তার মোবাইলফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সহেলের দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।
সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্না জড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।"
সহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, "সহেলের সঙ্গে কয়েকজনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ পুলিশ চলে যাচ্ছিল, সেখান থেকে মোবাইলফোনে কল পেয়ে ফের ফিরে এসে তারা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগ থেকেই সেখানে বন্দুকটি রেখেছিল, পরে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে।"
সহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, "আমার ভাইকে ফাঁসানো হয়েছে। যাবার সময় তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।"
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানান, "সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো কোন খারাপ কিছু দেখা যায়নি। যে কোন কারণে তাকে ফাঁসানো হয়েছে।" তারা ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত কিছু ব্যক্তি গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, "বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই।" তিনি আরও বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে হবে।
তিনি জানান, "এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।"
মো. আসাদুজ্জামান আরও বলেন, কিছু ব্যক্তি চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত হয়ে আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে দলটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলেন। বিএনপিতে এ ধরনের ব্যক্তিদের প্রয়োজন নেই।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত সংলগ্ন একটি পুকুরের তল থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তিগুলোর আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনে হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় অভিযানটি পরিচালনা করেন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে তাঁদের কাছে খবর আসে। এরপর বিজিবির দুটি টহল দল ওই স্থানে গিয়ে অভিযান শুরু করে এবং পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মূর্তিগুলোর মধ্যে একটি ২৫ কেজি এবং অপরটি ১৭ কেজি ওজনের। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশ্যে সেগুলো পুকুরের তলদেশে লুকানো হয়েছিল।
লে. কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) প্রাণ হারিয়েছেন।
এটি ঘটে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের পুত্র।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই নবিরুল ইসলামের (৫৫) সঙ্গে দীর্ঘ সময় ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার সকালে জমির আইল কাটার সময় দেলোয়ার এবং নবিরুল ইসলামের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘাতক নবিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, "ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ