বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪১ পি.এম
ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে।
আজ রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও বঙ্গভবন পরিদর্শন করতে এলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজ কর্মস্থলে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় ২য় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা বঙ্গভবন পরিদর্শন করেন।
লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। এ দলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীও ছিলেন। রাষ্ট্রপতি তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সুদূর রাঙ্গামাটি থেকে বঙ্গভবন পরিদর্শন করতে আসায় রাষ্ট্রপতি শিক্ষার্থী এবং শিক্ষক প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারবে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
এ সময়ে রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে তাদের কাছে জানতে চান। একইসঙ্গে বঙ্গভবনে সংরক্ষিত বিভিন্ন গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবি, ঐতিহাসিক স্মারক ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
রাষ্ট্রপতি এ সময় রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, ক্যানসারের সঙ্গে অসম লড়াই, আশা-ভালোবাসা এবং কান্না-হাসির গল্প নিয়ে নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান। নতুন বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
ভিলা দু সিনেমার ব্যানারে নির্মিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ফজলুল হক, আয়মন শিমলা, ইয়াশফা তাসনিয়া মল্লিক, ওমর ফারুক, থ্রিধা পাল মান এবং শব্দ।
নির্মাতা সোহেল রহমান, বিয়ের এক মাস পর যখন স্ত্রীর ক্যানসার ধরা পড়ে, তখন তাকে বাঁচানোর জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রায় এক বছর চিকিৎসার জন্য লড়াই করেন। চলতি বছরের মার্চ মাসে তার স্ত্রী ক্যানসারের কাছে হেরে পৃথিবী থেকে বিদায় নেন। নির্মাতার নিজের জীবনের এই কষ্টকর অভিজ্ঞতার সঙ্গে মিল থাকলেও, গল্পটি আসলে ঢাকা শহরের অসংখ্য সংগ্রামী মানুষের। সিনেমার প্রায় সব চরিত্রই জীবনের যুদ্ধে ক্ষতবিক্ষত, তবু সবাই মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে।
দেশ-বিদেশের অনেক চলচ্চিত্রবোদ্ধা ইতোমধ্যে ফাইনাল রাফ কাট দেখে ছবিটিকে ‘হার্টটাচিং ও পাওয়ারফুল’ বলে মত দিয়েছেন।
ছবির চিত্রনাট্য ও পরিচালনা থেকে শুরু করে প্রযোজনা ও সম্পাদনা করেছেন সোহেল নিজেই। প্রধান চিত্রগ্রাহক ছিলেন শারাফাত আলী শওকত। ছবির পোস্টার ডিজাইন করেছেন বেলজিয়ান-পর্তুগিজ গ্রাফিক্স ডিজাইনার মিকা বারেতো।
ছবিটি নির্মাতা তার প্রয়াত স্ত্রীকে উৎসর্গ করেছেন। স্ত্রীর নামে প্রক্রিয়াধীন ডা. সামরিনা তানহা ক্যানসার ফাউন্ডেশনের জন্য এবং ক্যানসার সচেতনতা বাড়াতে ‘হাওয়ার গাড়ি’ বিশেষ অবদান রাখবে বলেও তিনি মনে করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনা, ১২ নভেম্বর ২০২৬ : জেলার বজ্রপাতজনিত মৃত্যুরোধের উদ্দেশ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অক্সফামের সহযোগিতায় ‘জাগো নারী’ শীর্ষক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা সমাজসেবার উপপরিচালক এসএম শাহজাদা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সিপিপির টীম লিডার সাংবাদিক জাকির হোসেন মিরাজ এবং স্থানীয় কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল।
সভায় বজ্রপাতে মৃত্যুরোধে জাগো নারীর কার্যক্রম তুলে ধরেন পরিচালক গোলাম মোস্তফা। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ও ফুলঝুড়ি ইউনিয়নে অক্সফামের সহযোগিতায় এই কার্যক্রম চলমান রয়েছে।
সভায় জানানো হয়, ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমির মাঠে চারটি বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করা হবে। সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার, লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে বার্তাগুলো ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন মোর্চা’ প্রতিষ্ঠা করা হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আজাদ সমাজ পার্টি (কানশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদের নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি চন্দ্রশেখর আজাদকে পাশে রেখে এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন যে, এআইএমআইএম এবং আজাদের দল একত্রে নতুন রাজনৈতিক মোর্চা গঠন করেছে।
ওয়াইসি বলেন, বিজেপিকে টানা তৃতীয়বারের মতো উত্তর প্রদেশের ক্ষমতায় আসা থেকে রোধ করতে এ জোট কার্যকর হবে। রাজ্যের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, নিপীড়িত এবং প্রান্তিক মানুষের অধিকার ও সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো এতদিন এসব জনগোষ্ঠীকে শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে।
তিনি আরও জানান, রাজ্যের শিক্ষাব্যবস্থার অবনতি, তরুণদের বেকারত্ব এবং কৃষকদের বিভিন্ন সমস্যাকে জোটের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে।
ওয়াইসি বলেন, উত্তর প্রদেশে বিজেপির ক্ষমতায় ফেরা ঠেকাতে সামাজিক পরিবর্তন মোর্চা একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে। তিনি মন্তব্য করেন, জোটের সাফল্য মানে রাজ্যের মানুষের সাফল্য।
আগামী ২৬ নভেম্বরের জনসভায় অংশ নিয়ে সেটিকে সফল করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ওয়াইসি। তার মতে, ওই জনসভার মাধ্যমে রাজ্যে সামাজিক পরিবর্তনের আন্দোলন শুরু হবে।
বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলকে অতীতমুখী রাজনীতির প্রতিনিধিত্বকারী হিসেবে উল্লেখ করে ওয়াইসি বলেন, তাদের জোট ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজনীতি করতে চায়। চন্দ্রশেখর আজাদের সঙ্গে এক হয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য তিনি উত্তর প্রদেশের মানুষের প্রতি আহ্বান জানান।
সূত্র: ডেকান হেরাল্ড
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মন্তব্য করেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা উচিত। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা প্রদান করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন করে ঋণের প্রয়োজন নেই। কারণ, ঋণ এসব দেশের বোঝা আরও বাড়িয়ে দেয়। বরং তাদের প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে জোরালো সহযোগিতা।
আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় এসব কথা উঠে আসে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে রয়েছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
তিনি জানান, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও কাজ করছে সরকার।
তিনি জানান, বিশেষ কর প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি ‘লিড’ সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার সম্প্রসারণ এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে। এ ছাড়া কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করা হচ্ছে।
পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের লক্ষ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরায় গড়ে তোলার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো হচ্ছে।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান ব্যবস্থা এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতে উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান দায় এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
কপ-৩১ সম্মেলনের আয়োজক তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি সফল কপ৩১ সম্মেলনের প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।
প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিই, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ