বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩০ পি.এম
নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়ে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী। এই ঘটনায় তাঁর পঞ্চম শ্রেণির মেয়ে সুপ্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত আরিফুল ইসলাম সৈয়দপুর ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। আহত সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, যার মা একই বিদ্যালয়ে শিক্ষিকা। গুরুতর আহত অবস্থায় সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে ওয়াপদা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। ওয়াপদা গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি মোটরসাইকেলসহ চালককে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পিষ্ট হয়ে আরিফুল ইসলামের মৃত্যু ঘটে এবং তাঁর মেয়ে মারাত্মকভাবে আহত হয়।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম এই সড়কে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অবিলম্বে অপসারণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না, যা এই প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।
সড়ক অবরোধের কারণে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
আজ খিলগাঁওয়ের গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন স্থানে এই মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন তিনি।
সভায় হাবিবুর রশিদ হাবিব উল্লেখ করেন, কৃষকেরা মাঠপর্যায়ে উৎপাদিত ফসল এই মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। এটি একটি বড় ফ্রিজের মতো কাজ করবে। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ এলাকায় নেওয়া হয়েছে। সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হলে ভবিষ্যতে সরকারের কাছ থেকে এ ধরনের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা যাবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে ঢাকা-৯ আসনের উন্নয়নে সবাইকে নিয়ে একটি দল হিসেবে কাজ করছেন তারা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা, নির্বাচিত কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতারা সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করছেন।
এলাকার বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিনের দাবি কায়েতপাড়া সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হতে পারে।
তিনি আরও বলেন, মান্ডা ও জিরানি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো দখলমুক্ত করতেও কাজ চলছে। নৌবাহিনীর মাধ্যমে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এলজিইডি প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়েও কাজটি বাস্তবায়নের চেষ্টা চলছে।
হাবিবুর রশিদ বলেন, মন্দিরসংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনীয় সড়কটি দ্রুত বাস্তবায়নে কাজ করছেন তাঁরা। ইতিমধ্যে এ সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি, এমন তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রাথমিক তদন্ত এবং বিজিবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে, পরিত্যক্ত ওই পুরোনো বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে, নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তোলা অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটি ছিল অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য; এর ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তার বাবা-মা বসবাস করেন। ওই টিনশেড ঘরটিতে কেউ থাকতেন না, তবে সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনের ফলে ছাগল দুটি মারা গেছে।
প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি), থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। তিনি নিজে কথা বলে আজ সকালে জেলা পুলিশ সুপারকেও (এসপি) ঘটনাস্থলে পাঠিয়েছেন।
ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যেহেতু এটি একজন সংসদ সদস্যের অধিকারভুক্ত বাড়ি, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিজিবি, ফায়ার ব্রিগেড, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টিম বিষয়টি তদন্ত করছে।
অধিবেশনে বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে মূল্যায়ন করা হয়েছে যে, সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো সাক্ষীও এ ধরনের তথ্য দেননি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।
ঘটনাস্থলের দেয়ালসহ সব কিছুর ছবি ও অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্ত আলামত ও ছবি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর ইলেকট্রিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল ছিল। এটি অনেকটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা বলেই প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া যাচ্ছে। তবে এটি অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।
ইতোমধ্যে এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩, তারিখ-১২/১১) নথিভুক্ত হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেন, অধিকতর তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে সরকার সে অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ জেলার সাপাহার উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এই সার আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার থেকে দুটি অটোভ্যানে করে ডিএপি সারগুলো শিবগঞ্জ উপজেলার কানসাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে সার পাচারের বিষয়টি নিশ্চিত করে তারা স্থানীয় প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের সঙ্গে জড়িত মো. এনামুলকে (পিতা: রইস উদ্দিন, সাং: মনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ) ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত ৩৪ বস্তা সার বর্তমানে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং পরবর্তীতে তা ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সমাধান না হওয়ায় জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার সেই নারী, টানা তিন দিন ধরে। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী।
বিজিবি-বিএসএফের দায়িত্বে থাকা কেউই ওই নারীর বিষয়ে দায়িত্ব নিতে চাচ্ছেন না।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই শূন্য রেখায় থাকছেন তিনি।
স্থানীয় এলাকাবাসী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ