ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভেনেজুয়েলায় মাচাদোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা সরকারের চাপের দাবি সাবেক বিচারপতির


ভেনেজুয়েলায় মাচাদোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা সরকারের চাপের দাবি সাবেক বিচারপতির

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারির অনুমোদন সরকারী চাপের কারণে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বারবারা সিজার সিয়েরো।

এএফপি-কে বৃহস্পতিবার দেওয়া তার বক্তব্যের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি নতুন করে জোরালো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

৫১ বছর বয়সী সিয়েরো ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জানান, মাচাদোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার পক্ষে স্বাক্ষর আদায় করতে ২০২৩ সালের ডিসেম্বরে তার দুই ভাই ও এক ভাবিকে গ্রেফতার করা হয়েছিল। তারা সবাই সামরিক বাহিনীর সদস্য।

২০২৩ সালে বিরোধী দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে পরের বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান মাচাদো। তবে নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করা সম্ভব হয়নি।

শেষ মুহূর্তে তার পরিবর্তে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে প্রার্থী মনোনীত করে মাচাদোর দল। এর আগে তিনি কূটনীতিক হিসেবে কাজ করলেও সাধারণ মানুষের কাছে তেমন পরিচিত ছিলেন না।

২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে শেষ পর্যন্ত মাদুরোকেই বিজয়ী ঘোষণা করা হয়। তবে বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও বড় একটি অংশ নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেয়নি।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

সিয়েরো জানান, ২০২৩ সালের ডিসেম্বরে তার আত্মীয়দের গ্রেফতারের পর তাকে ৯টি আদেশে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এর মধ্যে মাচাদোর নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার আদেশও ছিল।

তিনি বলেন, ‘আমি নিজেকে বলেছিলাম, হয়তো আমি স্বাক্ষর করলে তারা তাদের ছেড়ে দেবে। শেষ পর্যন্ত আমি স্বাক্ষর করেছিলাম, কিন্তু তাদের আটকেই রাখা হয়।’

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে মাদক পাচারসহ অন্যান্য অভিযোগের বিচার হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন দাবি করেছে, বিতর্কিত নির্বাচনের বিষয়টিও মাদুরোকে আটক করার অভিযানের অন্যতম যৌক্তিকতা ছিল।

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ নিহত, ১৬ আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


মেক্সিকোর কারাগারে সংঘর্ষে ১০ নিহত, ১৬ আহত

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : বৃহস্পতিবার মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে সংঘর্ষের ফলে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানায়, ‘কারাগারের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ তবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

এএফপির একজন প্রতিবেদক ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

সিনালোয়ার জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় জানান, ‘৯ জন বন্দি এবং কারাগারে দেখা করতে আসা একজন কিশোর প্রাণ হারিয়েছে। এ ছাড়া ১৬ জন বন্দি আহত হয়েছেন।’

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে— মেক্সিকোর এমন ছয়টি অঙ্গরাজ্যের একটি হলো সিনালোয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যার আগে তাজমিনের সঙ্গে কী ঘটেছিল, ভিডিও ফুটেজে দেখা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


হত্যার আগে তাজমিনের সঙ্গে কী ঘটেছিল, ভিডিও ফুটেজে দেখা গেল

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাজমিনের মৃত্যুর আগের রাতের চলাচলের চিত্র ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামেন তাজমিন। এরপর তিনি হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যান। একটি দোকানের সামনে দাঁড়িয়ে তিনি দোকানির সঙ্গে কথোপকথন করেন। এ সময় দোকানিকে তাকে কিছু দেখাতে বা কোনো দিক নির্দেশ করতে দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, রাত ১২টার দিকে দোকানের সামনে কিছু দেখানোর পর তাজমিন সেখান থেকে সরে অন্য পাশে চলে যান। পরে রাত সোয়া ১২টার দিকে তাকে নূরজাহান হোটেল এলাকা ছেড়ে যেতে দেখা যায়। তবে এলাকা ছাড়ার পর তাজমিন কোন পথে গিয়েছিলেন, সে বিষয়ে কোনো সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি। তার চলাচলের পথ এবং সম্ভাব্য যাতায়াতের মাধ্যম নিয়ে পুলিশ তদন্ত করছে।

তাজমিনের মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ কারণে নূরজাহান হোটেলের সামনে থেকে তাজমিন কোনো অটোরিকশায় উঠেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে জব্দ করা অটোরিকশাটির সঙ্গে তাজমীনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে স্কুলছাত্রী তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে তাজমিন এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয় তাজমিন। রাতে তার বাবা আবদুল আলীম মোবাইল ফোনে একাধিকবার কল করেন। কিন্তু কল রিসিভ না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

এদিকে পুলিশি অনুসন্ধানে তার ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এসব স্থানে তার সঙ্গে কেউ ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামার পর তাজমিন কোথায় গিয়েছিল, কারও সঙ্গে দেখা হয়েছিল কি না এবং জব্দ করা অটোরিকশাটির সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

তাজমিনের শিক্ষক সাদ বিন এরশাদ বলেন, "আমি তাকে দীর্ঘদিন পড়িয়েছি। সে খুবই চঞ্চল স্বভাবের ছিল। তার মা কিছুটা অসুস্থ থাকায় দুই যমজ ভাইয়ের দেখভাল করত তাজমিন। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এ কারণে সকালে বাসা থেকে বের হলে রাতে ফিরতেন। তবে বাবা তাজমিনকে খুব আদর করতেন। ঘরে রাগ হলে সে হুটহাট করে বাসা থেকে বের হয়ে যেত। ঘটনার তদন্ত হয়ে দোষীদের শাস্তি হোক, সেটাই চাই।"

লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, "মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।"

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ্ বলেন, "সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলায় গামছা পেচানো ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করেই তাকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন এলে হত্যার বিবরণ জানা যাবে।"

তিনি আরও বলেন, "ঘটনাস্থল থেকে জব্দ করা সিএনজি চালিত অটোরিকশাটি রেজিস্ট্রেশনকৃত। আমরা সেটির সূত্র ধরে এগুচ্ছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।"

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, "আমরা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছি। আশা করি, রহস্য উদঘাটন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

ভারতের বেঙ্গালুরুতে প্রেমিকার বাবা-মা ও বোনকে হত্যার ঘটনায় পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। ২৫ বছর বয়সি প্রযুক্তিকর্মী জে কেনেথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, হত্যাকাণ্ডের আগে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হামলা ও আত্মরক্ষার কৌশল সম্পর্কে তথ্য খুঁজেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুন মাসে বেঙ্গালুরুর কেআর পুরা এলাকার সিগেহাল্লিতে এ হত্যাকাণ্ড ঘটে। তদন্তকারীদের দাবি, প্রেমিকা ও লিভ-ইন সঙ্গী শ্বেতার বাবা-মা এবং বোনকে হত্যার আগে কেনেথ তার ল্যাপটপে একাধিক অনুসন্ধান চালিয়েছিলেন।

পুলিশের তদন্তে পাওয়া তথ্যানুযায়ী, রান্নাঘরের ছুরি দিয়ে হামলার উপায়, ভিনেগার ও মরিচের গুঁড়া ব্যবহার করে কাউকে অক্ষম করে দেওয়া, একাধিক ব্যক্তিকে কাবু করার কৌশল এবং বাড়িতে ঢুকে পড়া চোরদের মোকাবিলার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তথ্য খোঁজা হয়েছিল।

এছাড়া প্রাণঘাতী অস্ত্র, ঋণসংক্রান্ত জটিলতা, ব্যাংকের চাপ সামলানোর উপায় এবং দেউলিয়া ঘোষণার নিয়ম সম্পর্কেও অনুসন্ধানের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তাদের মতে, এসব অনুসন্ধান গুরুত্বপূর্ণ। কারণ, ২২ জুন শ্বেতার বাবা সোমসুন্দর, মা মুথুলক্ষ্মী এবং বোন সুপ্রিয়াকে হত্যার আগে এসব তথ্য খোঁজা হয়েছিল।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কেনেথ নিয়মিত এআইভিত্তিক চ্যাটবটের সঙ্গে কথা বলতেন এবং সেটিকে বন্ধুর মতো ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কী ধরনের উত্তর পেয়েছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে ভিনেগার ও মরিচের গুঁড়া মিশ্রিত একটি বোতল উদ্ধার করা হয়েছে। হোয়াইটফিল্ড বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) সৈদুলু আদাভাত জানান, বোতলটি পরীক্ষার জন্য ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

আদালতে জমা দেওয়া ২ হাজার ৮৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ছিল অর্থনৈতিক বিরোধ ও ঋণের চাপ।

অভিযোগপত্র অনুযায়ী, শ্বেতা গত এক বছরে কেনেথের জন্য প্রায় ৫২ লাখ রুপি ঋণ নিয়েছিলেন। এর মধ্যে ব্যবসায়িক ঋণ, ব্যক্তিগত ঋণ এবং আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছ থেকে ধার করা অর্থও ছিল। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংকের নোটিশ শ্বেতার পরিবারের কাছে পৌঁছালে বিষয়টি নিয়ে পরিবারে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে শ্বেতার বাবা সোমসুন্দর কেনেথকে ঋণের অর্থ ও ব্যাংকের নোটিশ নিয়ে প্রশ্ন করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্তে বলা হয়েছে, ২২ জুন রাতে সিগেহাল্লির সাই গ্রিন অ্যাপার্টমেন্টে ওই বিরোধ সহিংস রূপ নেয়। সেখানে সোমসুন্দর, মুথুলক্ষ্মী ও সুপ্রিয়ার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় সোমসুন্দর নিরাপত্তাকর্মীদের কাছে হামলাকারীর নাম জানান। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মুথুলক্ষ্মী ও সুপ্রিয়াও ছুরিকাঘাতে নিহত হন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, শ্বেতা আদালতে দেওয়া জবানবন্দিতে কেনেথকে তার বাবা-মা ও বোনের ওপর হামলা করতে দেখেছেন বলে উল্লেখ করেছেন।

তবে তদন্তকারীরা স্পষ্ট করেছেন, কোনো ব্যক্তি অনলাইনে বা এআইয়ের কাছে তথ্য খুঁজেছেন বলেই অপরাধ প্রমাণিত হয় না। হত্যাকাণ্ডে অভিযুক্তের ভূমিকা ও দায় নির্ধারণে আদালত সাক্ষ্য-প্রমাণ এবং ফরেনসিক তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসী আল আমিনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসী আল আমিনের

চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় এক সৌদি প্রবাসী আল আমিন (৩৫) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র কন্যার জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ যান। ফেরার পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামে অপর একজন যুবক গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আল আমিনের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে হাজিগঞ্জ থেকে কেক কিনে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ শাহরাস্তি থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%