ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ইরানের হুমকিতে মার্কিন অর্থমন্ত্রী সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন


ইরানের হুমকিতে মার্কিন অর্থমন্ত্রী সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির কারণে ওয়াশিংটনে নিজ বাসভবন ত্যাগ করে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি নিরাপত্তা সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এই তথ্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের গুপ্তহত্যা বা হামলার পরিকল্পনা বর্তমানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার কারণে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। বিশেষত, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের অর্থনীতি ধসাতে এবং তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে তিনি ইরানের মূল নিশানা বা প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন।

সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে স্কট বেসেন্ট ১২ দশমিক ৫ মিলিয়ন ডলারে জর্জটাউনে একটি বিলাসবহুল ম্যানশন কিনেছিলেন। পরবর্তীতে একটি প্রভাবশালী সংবাদমাধ্যমে সেই বাড়ির আকাশচুম্বী বা এড়িয়াল ভিউ প্রকাশিত হওয়ার পর তার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান জনসমক্ষে চলে আসে। এর ফলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং নিরাপত্তার স্বার্থে তাকে জরুরিভিত্তিতে সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা

এদিকে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এক মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন যে, ইরানি কোনো ধরনের হুমকি বা ধমকি অর্থমন্ত্রীকে তার দায়িত্ব থেকে পিছু হঠাতে পারবে না। তিনি তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ ও অবরোধ বজায় রাখার কার্যক্রমে আগের মতোই অবিচল রয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রশাসনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হলেও তেহরান তাদের অবস্থান থেকে সরে দাঁড়াতে নারাজ। অন্যদিকে, মার্কিন নীতি নির্ধারক ও শীর্ষ কর্মকর্তাদের সুরক্ষায় ওয়াশিংটন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৪ সালে হৃদ্‌রোগে মৃত্যুর ৫২ শতাংশের কারণ উচ্চ রক্তচাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


২০২৪ সালে হৃদ্‌রোগে মৃত্যুর ৫২ শতাংশের কারণ উচ্চ রক্তচাপ

বাংলাদেশে হৃদ্‌রোগের মৃত্যুর প্রধান কারণ হিসেবে উচ্চ রক্তচাপ চিহ্নিত হয়েছে। ২০২৪ সালে দেশে হৃদ্‌রোগে মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ জন। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ। এই পরিস্থিতির মোকাবিলায় বিশেষজ্ঞরা স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন এবং উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা অত্যাবশ্যক।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক একটি সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু ঘটে। মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই এসব রোগের কারণে ঘটে। এসব মৃত্যুর মধ্যে ১৯ শতাংশ অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপ প্রথম অবস্থানে রয়েছে।

এত বড় স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি বরাদ্দ কম রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ ব্যয় হয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে। পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনা মূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, ‘চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।’

গণমাধ্যমে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে চ্যানেল 24-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা চালানোর প্রয়োজন রয়েছে।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা দেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীদের ওষুধ পরীক্ষা করতে বাধা দিচ্ছে রাজ্য কর্তৃপক্ষ। এ পদক্ষেপটি নেওয়া হয়েছে ওষুধের সরবরাহকারীর পরিচয় প্রকাশ হওয়ার সম্ভাবনার কারণে।

৫০ বছর বয়সী ক্রিস্টা পাইক গত সেপ্টেম্বরে প্রাণঘাতী ইনজেকশনের দুটি মাত্রা গ্রহণ করার পরও বেঁচে যান। তার আইনজীবীরা অভিযোগ করেছেন যে, ওষুধটি সঠিকভাবে রক্তে প্রবাহিত হয়নি, ফলে দুই হাতের শিরায় জমে যায়। এর ফলে তার হাতে মারাত্মক ক্ষত ও ফোসকা দেখা দেয়।

আইনজীবীরা উল্লেখ করেছেন যে, ব্যবহৃত ওষুধের সংরক্ষণ, মেয়াদ এবং সরবরাহ সংক্রান্ত তথ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। তবে রাজ্য কর্তৃপক্ষের দাবি, এতে ওষুধ সরবরাহকারীর পরিচয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে ওষুধ সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে।

এদিকে, ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের পর ক্রিস্টা কয়েক দিন হাসপাতালে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় ছিলেন। বর্তমানে তিনি কারাগারে ফিরে গেছেন এবং তার আইনজীবীরা জানিয়েছেন যে, তিনি এখনো নিয়মিত ব্যথায় ভুগছেন।

উল্লেখযোগ্য যে, ১৯৯৫ সালে ১৯ বছর বয়সী এক সহপাঠীকে নির্যাতন ও হত্যার দায়ে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার আইনজীবীরা এখন মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য আবেদন করেছেন।

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম বৃদ্ধির প্রভাবে চীনের বৈদ্যুতিক গাড়ি রফতানি ১৪৫% বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


তেলের দাম বৃদ্ধির প্রভাবে চীনের বৈদ্যুতিক গাড়ি রফতানি ১৪৫% বেড়েছে

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র মূল্যবৃদ্ধির ফলে আন্তর্জাতিক অঙ্গনে চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট শিল্প খাতের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে চীনের ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড যাত্রীবাহী গাড়ির বৈশ্বিক রফতানি গত বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ১৪৪ দশমিক ৭ শতাংশ (প্রায় ১৪৫%) বৃদ্ধি পেয়েছে।

চীনের যাত্রীবাহী গাড়ি সমিতি (সিপিসিএ)-এর প্রকাশিত তথ্যে জানা গেছে, অক্টোবর মাসে দেশটি থেকে মোট ৫ লাখ ৮২ হাজার নতুন জ্বালানির যাত্রীবাহী গাড়ি (এনইভি) বিদেশে রফতানি হয়েছে, যা সেপ্টেম্বর মাসের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো চীনা ইভি রপ্তানি নতুন সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। এছাড়া চীনের সামগ্রিক যাত্রীবাহী গাড়ি রফতানির মধ্যে ইভি ও হাইব্রিড গাড়ির অংশ ৬২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম দশ মাসে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ি রফতানি প্রায় ৪৪ লাখ ৭২ হাজার ইউনিটে পৌঁছেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ১৩৯ দশমিক ৭ শতাংশ বেশি। অক্টোবর মাসের মোট রফতানিকৃত ইভির মধ্যে পূর্ণাঙ্গ ব্যাটারিচালিত গাড়ির অংশ ৬১ দশমিক ৭ শতাংশ এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির অংশ ৩৩ দশমিক ৭ শতাংশ ছিল।

একক কোম্পানি হিসেবে গাড়ি রফতানিতে শীর্ষে রয়েছে বিওয়াইডি, যাদের একক রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৬৫ হাজার ১৯৪টি। তাদের পরেই রয়েছে চেরি, গিলি এবং টেসলা চায়না।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক সংকটের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং পেট্রল-ডিজেলের উচ্চমূল্য সাধারণ ভোক্তাদের দ্রুত অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন (আইসিই) চালিত সনাতন গাড়ির বদলে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকতে বাধ্য করেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি, টেকসই ব্যাটারি সক্ষমতা এবং পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্ববাজারে চীনা নির্মাতাদের অবস্থান আরো সুসংহত হচ্ছে। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ এগ্রো ফিড পেল আন্তর্জাতিক মানের আইএসও, জিএমপি ও এইচএসিসিপি সনদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


আকিজ এগ্রো ফিড পেল আন্তর্জাতিক মানের আইএসও, জিএমপি ও এইচএসিসিপি সনদ

আন্তর্জাতিক মানের উৎপাদনব্যবস্থা, পশুখাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ পেয়েছে।

ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে এসব সনদ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, "আন্তর্জাতিক সনদ অর্জন এককালীন সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নয়নের যাত্রা। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বৃদ্ধি, অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করা এবং দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, "শুধু বিক্রয় ও মুনাফা নয়, পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিই শিল্প খাতে নেতৃত্ব অর্জনের মূল ভিত্তি।" উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।

আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, "দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে আকিজ রিসোর্স প্রতিশ্রুতিবদ্ধ।" সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, ইএসজি কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে আকিজ রিসোর্সকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক উৎকর্ষের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খাদ্য, দুগ্ধজাত গবাদিপশুর খাদ্য এবং তেলাপিয়াসহ বিভিন্ন মাছের খাদ্য।

প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক এসব সনদ অর্জনের ফলে উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় তাদের সক্ষমতা আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%