ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

আ. লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার: প্রিন্স


আ. লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বিএনপির বিরুদ্ধে কল্পনাপ্রসূত কাহিনি প্রচার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করা সম্ভব নয়। জামায়াতের পরকীয়া শুধুমাত্র আওয়ামী লীগের সাথে নয়, বরং তাদের প্রভু দেশের সঙ্গেও এখন ‘ওপেন সিক্রেট’ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাটে মাদরাসা মাঠে বাঘবেড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির’ ছিল বলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক অসততার প্রকাশ। বিএনপির বিরুদ্ধে মনগড়া অভিযোগ উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, যা তাদের রাজনৈতিক ব্যর্থতা ও ঐতিহাসিক দায় আড়াল করার চেষ্টা।

আরও পড়ুন: জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক প্রকাশ

তিনি উল্লেখ করেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত সেই নৃশংস সহিংসতার দায় কোনো রাজনৈতিক সমঝোতার কল্পকাহিনি দিয়ে আড়াল করা সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক অপবাদ দেওয়া কেবল দুঃখজনক নয়, বরং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাও বটে।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে দাঁড় করানোর অপচেষ্টা আসলে আওয়ামী লীগের অতীত অপকর্মের দায় মুছে দেওয়ার প্রচেষ্টা। যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ সংগ্রামকে অস্বীকার করতে চায়, তারা ইতিহাসের সত্যকেই অস্বীকার করছে।

তিনি সতর্ক করে বলেন, বিএনপির বিরুদ্ধে কল্পিত আঁতাতের গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকার চেষ্টা করবেন না। ইতিহাসকে বিকৃত করা যায়, কিন্তু ইতিহাসের সত্যকে মুছে ফেলা যায় না।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিচারে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একজনকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে। যাকেই দল থেকে সমর্থন দেওয়া হবে, সবাই মিলে তাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা নজরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

আরও পড়ুন: ‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু অজ্ঞতার ভান ধরেছেন’

মতবিনিময় সভায় বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন নেতা মো. শাজাহান, আবদুস শহীদ আকন্দ, মাহবুবুল আলম মাসুম, আমিনুল ইসলাম, ইদ্রিস আলী, আলাল উদ্দিনসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মুসলমানদের ওপর হামলা, মাদরাসায় ভাঙচুর ও দেওয়ালে ‘জয় মা ভবানী’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৮ এম


ভারতে মুসলমানদের ওপর হামলা, মাদরাসায় ভাঙচুর ও দেওয়ালে ‘জয় মা ভবানী’ স্লোগান

পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পূজার মৌসুমে একের পর এক হিংসার ঘটনায় সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। কিছুদিন আগে চন্দ্রকোনায় তিনটি খ্রিস্টান পরিবারকে জোর করে দুর্গাপূজায় অঞ্জলি দিতে এবং প্রসাদ খাওয়ানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অধীন এলাকায় একটি মাদরাসা এবং সংলগ্ন কয়েকটি মুসলিম পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর মধ্যরাতে ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি লাঠি, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পাঁশকুড়ার ‘মাদরাসা শাহরে মদিনা’ এবং আশপাশের মুসলিম পরিবারগুলোর বাড়িতে অতর্কিতে প্রবেশ করে। এ সময় হামলাকারীরা মাদ্রাসার দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পাশাপাশি ধর্মীয় বইপত্র ও সরকারি নথি ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা প্রতিষ্ঠানের দেওয়ালে প্রদর্শিত নামের ওপর কালি লেপে দেয়। পরে সেখানে ‘জয় মা ভবানী’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান লিখে দেয়। মাদ্রাসার পাশাপাশি স্থানীয় কয়েকটি মুসলিম পরিবারের বাড়িতেও হামলা চালানো হয়। জানালার কাচ ভেঙে দেওয়া হয় এবং ঘরের জিনিসপত্র তছনছ করা হয়।

অভিযোগে আরো বলা হয়েছে, হামলাকারীরা মুসলিম নারীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বাহারগ্রাম ও সুরাননগরের বাসিন্দাদের যৌথ উদ্যোগে পরিচালিত এই মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠানের সম্পাদক এস কে মমতাজ আলির দাবি, প্রায় ৫০ বছর ধরে পরিচালিত এই প্রতিষ্ঠানে অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি।

এ ঘটনায় গত ২২ অক্টোবর মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জাতীয় উন্নয়ন পার্টির জেলা পর্যায়ের নেতা সাদ্দাম আলি খানও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি তিনি এলাকায় দীর্ঘদিনের হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সাদ্দাম আলি খানের দাবি, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে পুরো ঘটনা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: জাপান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৯ এম


বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: জাপান

জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকে বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, জাপান এক লাখ বাংলাদেশি কর্মী নিতে সম্মত হয়েছে বলে দাবি করা হয়েছিল, যা দেশটির সরকার মিথ্যা আখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্টে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি এবং প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসির মহাপরিচালক কিতামুরা তোশিহিরো।

ওই পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপান সরকার বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে সম্মত হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আরও জানান, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ শীর্ষ বৈঠকের আলোচনায়ও এ বিষয়ে কোনো সম্মতি দেওয়া হয়নি।

বৈঠক সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে পোস্টে।

এর আগে, জাপানে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে বছরে এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। এই প্রক্রিয়ায় কারিগরি প্রশিক্ষণার্থী, নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী ও পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল।

গত বছরের মে মাসে, জাপানের টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেন। সেই সময় জানানো হয়েছিল, ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নেবে জাপান।

তবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে দেশটির সরকারের সম্মতির তথ্য সঠিক নয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও কর্মসংস্থান সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম কাস্টম হাউস আগামী ১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ এম


চট্টগ্রাম কাস্টম হাউস আগামী ১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে

দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় আগামী ১ নভেম্বর থেকে অস্থায়ীভাবে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তরিত হতে যাচ্ছে। নতুন ভবন নির্মাণকাজ বিশ্বব্যাংকের অর্থায়নে শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী ঠিকানা থেকেই যাবতীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। পরিকল্পনা রয়েছে আগামী ১ ডিসেম্বর থেকে পুরো কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পরিচালনার।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ নভেম্বর প্রথম ধাপে কাস্টমের সাতটি গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দাপ্তরিক কাজ শুরু করবে। কার্যক্রম পুরোপুরি স্থানান্তরে প্রায় এক মাস সময় লাগবে।

এদিকে, চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন গত ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অস্থায়ী কার্যালয় চালুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম ধাপে শুল্কায়ন সেকশন-৮(সি), ৮(ডি) এবং সাব-টিম-১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ গ্রুপের শুল্কায়নসহ অন্যান্য কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্পন্ন হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস ও আট হাজার বর্গফুট গ্যারেজের জায়গা ভাড়া নেওয়ার চুক্তি হয়েছে। চলতি বছরের ৫ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এই চুক্তি সই হয়।

চট্টগ্রাম চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও চট্টগ্রাম কাস্টম অ্যাসোসিয়েশনের সদস্য মো. ইসমাইল খান এ সময় বলেন, ‘চট্টগ্রামে এত বড় পরিসরে দাপ্তরিক জায়গা আর কোথাও নেই।’

দেশের প্রথম ও একমাত্র এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি নিউইয়র্কভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত একটি প্রতিষ্ঠান। প্রায় সাত লাখ বর্গফুটের ২৪ তলা এই আধুনিক ভবনটিতে রয়েছে নানা সুযোগ-সুবিধা : ১৪টি লিফট এবং তিনটি বেইসমেন্টে ২৫০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা ও হেলিপ্যাড। চতুর্থ তলায় মাল্টিমিডিয়া সুবিধাসহ ৩০০ আসনের কনফারেন্স হল এবং ৬০ আসনের সেমিনার হল। সেন্ট্রাল এয়ারকন্ডিশন (এসি) সিস্টেম। পিডিবি থেকে এক্সপ্রেস ফিডারের মাধ্যমে ২.৪ মেগাওয়াট বৈদ্যুতিক সাবস্টেশন। অফিস সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দুটি এক হাজার ৭৩৫ কেভিএ জেনারেটর। উন্নত অগ্নিনিরাপত্তাব্যবস্থা, জরুরি বহির্গমন পথ এবং ইন্টিগ্রেটেড বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ এম


বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ

বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ জানিয়েছেন যে, জ্বালানির দাম বৃদ্ধি পেলে বোয়িংয়ের উড়োজাহাজের চাহিদা বৃদ্ধি পেতে পারে। তাঁর মতে, যখন জেট ফুয়েলের দাম বাড়ে, তখন নতুন উড়োজাহাজ কেনার প্রয়োজনীয়তা বেড়ে যায়।

নতুন উড়োজাহাজ যখন বহরে যুক্ত হয়, তখন তা জ্বালানি সাশ্রয়ে সহায়তা করে। কারণ, নতুন মডেলের উড়োজাহাজগুলো পুরনো মডেলের তুলনায় কম জ্বালানি ব্যবহার করে।

ফলে পরিচালন ব্যয় কমে যায়। জ্বালানির উচ্চমূল্যের কারণে গ্রাহকরা দ্রুত জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজের দিকে আগ্রহী হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%