০৭:৫১ পি.এম
বাংলাদেশে কার্যক্রম শুরুর ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এই উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) ঢাকায় সংস্থাটির কার্যালয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য সোফি, ডাচেস অব এডিনবরা।
১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে ব্রিটিশ কাউন্সিল। এরপর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে কাজ করে আসছে সংস্থাটি। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে গত ৭৫ বছরে এসব ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকা এবং বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত তরুণদের অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অংশীদারত্বের সঙ্গে যুক্ত সাবেক শিক্ষার্থী, চেঞ্জমেকার, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও অংশীদাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কের স্বীকৃতি জানাতে এ আয়োজনে যোগ দেন ডাচেস অব এডিনবরা।
আরও পড়ুন: সৌদী আরব ফেব্রুয়ারির পর আবারও সর্বোচ্চ তেল উৎপাদনে ফিরলো
সফরকালে নারী ক্ষমতায়ন, সবুজ উদ্যোক্তা কার্যক্রম ও আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ডাচেস তাঁদের উদ্যোগ, কাজ ও অভিজ্ঞতার কথা শোনেন।
এ সময় ডাচেস অব এডিনবরাকে ব্রিটিশ কাউন্সিলের ‘ইয়াং লার্নার আর্ট কম্পিটিশন’-এর এক বিজয়ীর আঁকা চিত্রকর্ম উপহার দেওয়া হয়। আন্তর্জাতিক ‘শু বিং স্পেস আর্ট রেসিডেন্সি কম্পিটিশন ২০২৬-২৭’-এর সঙ্গে যুক্ত এ প্রতিযোগিতায় তরুণ শিক্ষার্থীদের পৃথিবীর বাইরের জগতে শিল্পের সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করা হয়। সৃজনশীলতা, বিজ্ঞান ও মহাকাশের সমন্বয়ে আরও সংযুক্ত ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ কেমন হতে পারে, সে বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের কাজের তিনটি প্রধান দিক তুলে ধরা হয়। এগুলো হলো তরুণদের ক্ষমতায়ন, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমে সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্র বিস্তৃত করা। অনুষ্ঠানে সংস্থাটির সবুজ উদ্যোক্তা কার্যক্রম, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) এবং আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত অংশগ্রহণকারী ও সাবেক শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসব কর্মসূচি তাঁদের কাজের ধরন বদলে দেওয়ার পাশাপাশি দেশের বাইরেও যোগাযোগ ও কাজের সুযোগ তৈরিতে কীভাবে ভূমিকা রেখেছে, তা জানান তারা।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, "শিক্ষা, ইংরেজি ভাষা ও শিল্পের মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে গত ৭৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল।" তিনি আরও বলেন, "সময় পরিবর্তনের সঙ্গে দেশের চাহিদা ও মানুষের প্রত্যাশা বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংস্থাটির কাজের ধরনও বদলাতে হবে।"
আরও পড়ুন: আমি ধার্মিক, নরকে যেতে চাই না: ট্রাম্প
তিনি উল্লেখ করেন, ব্রিটিশ কাউন্সিল চায়, তরুণেরা যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের সুযোগ পায়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে সংস্থাটি কাজ করে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দীর্ঘদিনের। প্রতিবেশী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সময়ের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, মতবিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগের নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছে দুই প্রতিষ্ঠান।
তিনি বলেন, "ভবিষ্যতে তরুণেরা এমন সব সুযোগ ও চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যা আগের প্রজন্মের কাছে ছিল কল্পনার বাইরে।" এসবের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের নতুন দক্ষতা, বিশ্ব সম্পর্কে বিস্তৃত ধারণা, ডিজিটাল জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় জ্ঞান, যোগাযোগ ও সুযোগ নিশ্চিত করতে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কয়েক দশক ধরে সংস্থাটির কার্যক্রম এগিয়ে নেওয়া ব্যক্তি ও অংশীদারদের অবদানও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মধ্যে পারস্পরিক শিক্ষা ও দীর্ঘস্থায়ী যোগাযোগ তৈরিতে ইংরেজি ভাষা শিক্ষা, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন