০৭:৫২ পি.এম
বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন, যিনি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ফ্রন্টলাইনে যাওয়ার পর নিখোঁজ ছিলেন, প্রায় ২১ দিন পর ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বেঁচে থাকার খবর জানিয়েছেন। তিনি ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত।
বুধবার (১১ নভেম্বর) রাজন তার ফেসবুকে একটি ছবি যুক্ত করে লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’
তিনি তার বার্তায় উল্লেখ করেন, যুদ্ধ কখনোই সহজ বিষয় নয়। প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তা ও কঠিন বাস্তবতার মধ্যে কাটছে। তিনি সকলের দোয়া ও আল্লাহর অশেষ রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, তিনি এখনও বেঁচে আছেন।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি এবং যুদ্ধের ভয়াবহতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করেন তিনি।
এছাড়া, অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন এই যুদ্ধে যোগ না দেন, সে বিষয়ে তিনি সতর্কবার্তা প্রদান করতেন।
জানা যায়, রাজন রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে তিনি দেশবাসীর কাছে দোয়া চান। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফিরবেন বলেও জানান। একই দিন তিনি যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা দেন।
তবে ওই দিন বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও বা সুস্থ থাকার খবর না আসায় উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার ফিরে আসার জন্য দোয়া করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
অবশেষে ১১ নভেম্বরের ফেসবুক পোস্টে রাজনের বেঁচে থাকার খবর পাওয়ার পর তার অনুসারীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিকভাবে কেমন আছেন কিংবা কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন