ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

‘চুপ থাকুন, নইলে এক ঘণ্টা ভাষণ দেব’: মল্লিকার্জুন খড়গে


‘চুপ থাকুন, নইলে এক ঘণ্টা ভাষণ দেব’: মল্লিকার্জুন খড়গে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে উপস্থিত জনতাকে চুপ থাকার নির্দেশনা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। তিনি হুঁশিয়ারি দেন যে, অন্যথায় এক ঘণ্টা ধরে বক্তব্য দিতে হবে। পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত ৮৪ বছর বয়সী এই রাজনীতিক প্রায় নয় মিনিট কথা বলেন।

রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পর খড়গে প্রায় ৩০ সেকেন্ড নীরব থাকেন। এ সময় সমাবেশস্থলে স্লোগান ও চিৎকারের পাশাপাশি বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ শোনা যাচ্ছিল। এতে বিরক্তি প্রকাশ করে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যদি চুপচাপ বসেন, তাহলে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আর চুপ না থাকলে এক ঘণ্টা ধরে বক্তব্য দেব।’

সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে সবচেয়ে বেশি স্লোগান দেওয়া হয়। তবে খড়গের বক্তব্য ঘিরেও আলাদা আলোচনা সৃষ্টি হয়। কারণ, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তাঁর একটি মন্তব্য রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল।

আরও পড়ুন: আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতবিনিময়

রোববারের সমাবেশেও উপস্থিত কয়েকজনকে ‘মোদির বাবাও চলে যাবে’ স্লোগান দিতে শোনা যায়। এর আগে বিহারের পাটনায় দেওয়া বক্তব্যে একই ধরনের মন্তব্য করেছিলেন খড়গে। ওই মন্তব্যের জেরে বিজেপি তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায় এবং পাল্টা কর্মসূচিও ঘোষণা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা, শনিবারের কারণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা, শনিবারের কারণে

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে থাকে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে চলতি বছরে ৭ নভেম্বর শনিবার পড়ায় সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটি ভোগের সুযোগ নেই।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে চলতি বছরে দিনটি শনিবার হওয়ায় এটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত ছুটির সুযোগ থাকবে না।

এর আগে ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং এই দিনটিতে সরকারি সাধারণ ছুটি থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর ভোট চুরির অভিযোগ, ফলাফল বহাল রাখার ঘোষণা ইসরাইলের নির্বাচন কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


নেতানিয়াহুর ভোট চুরির অভিযোগ, ফলাফল বহাল রাখার ঘোষণা ইসরাইলের নির্বাচন কমিশনের

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন। তবে, নির্বাচন কমিশন জানিয়েছে যে, তার অভিযোগের পরও নির্বাচনের ফলাফল বহাল থাকবে।

কমিশনের প্রধান নোয়াম সোলবার্গ বলেছেন, "বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলেও তা নির্বাচনি প্রক্রিয়া বা সামগ্রিক ফলকে প্রভাবিত করবে না।" এই সময় তিনি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন।

মঙ্গলবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলোর আসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর পর নেতানিয়াহুর দল লিকুদ পার্টি নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তোলে। দলটি অভিযোগ করে যে, আরব নেতৃত্বাধীন দলগুলো ভোট চুরি করেছে এবং কাতারের কাছ থেকে অর্থ গ্রহণ করেছে, যদিও কাতার এই অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে।

নির্বাচনের দিন ভোটগ্রহণ শুরু হওয়ার আগে আটক তিন রাজনৈতিক কর্মীর মধ্যে দুজনকে পুলিশ মুক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ভোটারদের ঘুস দেওয়ার জন্য নগদ অর্থভর্তি খাম নিয়ে ছিলেন। একজনকে নির্দিষ্ট কিছু শর্তে এবং অন্যজনকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক কর্মীদের সঙ্গে আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সম্পর্ক রয়েছে। এবারের নির্বাচনে দলটি আটটি আসন পেয়েছে। দলটির নেতা মানসুর আব্বাস এই গ্রেপ্তারকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, নির্বাচনের ফল প্রভাবিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিরোধী নেতা গাদি আইজেনকট নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তিনি নির্বাচনের ফলকে অবৈধ প্রমাণের জন্য পরিকল্পিত ও সংগঠিত প্রচার চালাচ্ছেন। এর আগে তিনি আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন। তবে, নির্বাচনের পর সরকার গঠনে অচলাবস্থা তৈরি হওয়ায় আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন লাভ করেছে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০। ফলে, কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এবারের নির্বাচনে তিনটি আরব নেতৃত্বাধীন দল মোট ১৯টি আসন পেয়েছে, যা দেশটির নির্বাচনে আরব দলগুলোর সর্বোচ্চ আসনসংখ্যা। আইজেনকটের সঙ্গে আরব দলগুলো জোট গঠন করলে ৬৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হতে পারে। তবে, ইসরাইলের অনেকের কাছে এমন জোট রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

এ সপ্তাহেই নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে। এরপর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করবেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমআর ট্রেডার্সের গুদাম সিলগালা, ৮১ টন কেমিক্যাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


এমআর ট্রেডার্সের গুদাম সিলগালা, ৮১ টন কেমিক্যাল জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এমআর ট্রেডার্সের গুদাম সিলগালা করেছে, কারণ প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।

রবিবার (১ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে টানবাজারে এমআর ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করে গোয়েন্দারা। এই অভিযানের সময় সোডিয়াম হাইড্রোসালফাইটসহ প্রায় ৮১ দশমিক ৬ টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ অবস্থায় পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটি এসব পণ্যের ক্রয়, আমদানি বা বৈধভাবে মজুদের কোন কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি। এর ফলস্বরূপ গুদামটি সিলগালা করা হয়।

একই দিনে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান চালানো হয় কাস্টমস গোয়েন্দাদের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি ১৭ অক্টোবর বিল অব এন্ট্রি নম্বর সি-১২৯৩৪৮২-এর মাধ্যমে ভারত থেকে বন্ড সুবিধায় ৪৫ টন সোডিয়াম হাইড্রোসালফাইট আমদানি করে। কিন্তু অভিযানের সময় তারা আমদানি করা কেমিক্যালের মজুদ বা অবস্থান প্রদর্শন করতে পারেনি।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা কাঁচামাল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন কাজে ব্যবহৃত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সিম ফেব্রিক্সের আমদানি করা কেমিক্যালের হদিস না পাওয়া এবং এমআর ট্রেডার্সের গুদামে বিপুল পরিমাণ কেমিক্যালের বৈধ কাগজপত্র অনুপস্থিত হওয়ায় বিষয়টি সন্দেহজনক হয়ে উঠেছে।

তদন্তকারীরা ধারণা করছেন, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। সিম ফেব্রিক্সের আমদানি করা কেমিক্যালের সঙ্গে এমআর ট্রেডার্সের গুদামে পাওয়া পণ্যের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এছাড়া, গুদামে পাওয়া কেমিক্যালের উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য এবং বন্ড সুবিধার অপব্যবহারের বিষয়টি যাচাই করছেন গোয়েন্দারা। এতে সরকারের কতটুকু রাজস্ব ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজও চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, শুল্কমুক্ত কাঁচামালের অবৈধ বাজারজাতকরণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সরকারি ভর্তুকিমূল্যে চাল ও আটা বিক্রির ওএমএস (ওপেন মার্কেট সেল) ট্রাকসেল কার্যক্রম চালু করেছেন এবং ৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেছেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এই প্রকল্পের আওতায় সড়কগুলো অন্তর্ভুক্ত রয়েছে- ৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বেতিলা-মিতরা ধলেশ্বরী ব্রিজ ভায়া মকিমপুর জিপিএস অ্যান্ড জে কে হাইস্কুল সড়কের ৩.৪ কিলোমিটার অংশ; ২ কোটি টাকা ব্যয়ে পুবাইল ইউনিয়ন পরিষদ থেকে সৈয়দপুর ফেরিঘাট পর্যন্ত ১.৪ কিলোমিটার সড়ক; এবং ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বেংরই ইসমাইলের বাড়ি থেকে মাকাই ঘোষবাড়ি পর্যন্ত ১.৪৫ কিলোমিটার সড়ক। তিনটি সড়কের উন্নয়নকাজে মোট ৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এসব সড়কের উন্নয়নের ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সড়কের উন্নয়নকাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে খাদ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "সরকারি অর্থ জনগণের অর্থ। তাই প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখতে হবে।" কাজগুলো যথাযথভাবে হচ্ছে কি না, তা এলাকার সর্বস্তরের জনগণকে সচেতনভাবে বুঝে নিতে হবে। কোথাও কাজের মান নিয়ে অসংগতি বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। উন্নয়নকাজ শুধু সম্পন্ন করলেই হবে না, তা যেন টেকসই ও জনস্বার্থসংশ্লিষ্ট হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভর্তুকিমূল্যে চাল ও আটা বিক্রির ওএমএস কার্যক্রম এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।" জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ এসব কার্যক্রমের সুফল ভোগ করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%