ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বদলির তিন মাস পরও নড়িয়া থানায় বহাল ওসি বাহার মিয়া, জনমনে প্রশ্ন


বদলির তিন মাস পরও নড়িয়া থানায় বহাল ওসি বাহার মিয়া, জনমনে প্রশ্ন

বদলির আদেশ জারির তিন মাস পেরিয়ে যাওয়ার পরও শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের ডিআইজি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগও জমা পড়েছে।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ এপ্রিল বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে একটি প্রশাসনিক কারণে ওসি মো. বাহার মিয়াকে শরীয়তপুর থেকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। তবে আদেশে উল্লেখ থাকলেও তিন মাস পরও তিনি নড়িয়া থানায় বহাল রয়েছেন।

এ ঘটনায় বিএনপির নড়িয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মতিউর রহমান সাগর আইজিপি, সংশ্লিষ্ট ডিআইজি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি পুলিশ পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বদলির আদেশ বাস্তবায়ন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওসি বাহার মিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরে হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও আটক বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ওসি মো. বাহার মিয়া জানান, তার বদলির আদেশ স্থগিত হয়েছে এবং সে কারণে তিনি এখনো নড়িয়া থানায় দায়িত্ব পালন করছেন। তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, ওসি বদলি কিংবা কর্মস্থলে বহাল থাকার বিষয়টি পুলিশ সদর দফতরের সিদ্ধান্ত এবং জেলা পুলিশের এ বিষয়ে কোনো এখতিয়ার নেই। মো. বাহার মিয়া ২০০৯ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। ২০১৭ সালে পদোন্নতি পেয়ে তিনি ইন্সপেক্টর হন এবং চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ডিসেম্বরে নড়িয়া থানার ওসি হিসেবে যোগ দেন।

আরও পড়ুন: লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে চরফ্যাশনে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে: বিএসইসি চেয়ারম্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে: বিএসইসি চেয়ারম্যা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, "ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পুঁজিবাজারে নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করা হবে।"

তিনি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের আলরাজি টাওয়ারে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’-এ অংশগ্রহণ করে এই কথাগুলি বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি মনির হোসেন। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, "বাজার ঘুরে দাঁড়াতে তিনটি রুলের পরিবর্তন করতে হবে।" এসব রুল হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড, আইপিও রুলস এবং মার্জিন রুলস।

তিনি উল্লেখ করেন, "এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি।" আগামী সপ্তাহে আইপিও রুলস সংশ্লিষ্টদের সঙ্গে বসবেন বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাঁকা কক্সবাজার সৈকত, টানা বৃষ্টির ফলে চার দিনে শতকোটি টাকার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


ফাঁকা কক্সবাজার সৈকত, টানা বৃষ্টির ফলে চার দিনে শতকোটি টাকার ক্ষতি

টানা চার দিনের বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ এবং উত্তাল সাগরের কারণে কক্সবাজারের পর্যটন শিল্প কার্যত স্থবির হয়ে পড়েছে। পর্যটকশূন্য সৈকতের প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল-রিসোর্ট মালিকসহ সকলের ওপরে। এই অবস্থায় পর্যটকরা বাতিল করেছেন তাদের হাজার হাজার রুম বুকিং। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে শত শত দোকানপাট ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, যার ফলে কয়েক দিনের মধ্যে কক্সবাজারের পর্যটন খাতে প্রায় শতকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, বুধবার (৮ জুলাই) টানা ভারী বর্ষণ এবং বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্রসৈকতজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকের উপস্থিতি ছিল খুবই কম। যেসব পর্যটক এসেছেন, তারাও বৃষ্টির জন্য সৈকতে বেশি সময় অবস্থান না করে দ্রুত হোটেলে ফিরে যাচ্ছেন। সৈকতের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, আর খোলা দোকানগুলোও ক্রেতাশূন্য। ঝালমুড়ি, চটপটি, কিটকট, বিচ বাইক ও ঘোড়ার ব্যবসাসহ প্রায় সব ধরনের পর্যটননির্ভর কর্মকাণ্ডে দেখা যাচ্ছে স্থবিরতা।

লাবণী পয়েন্টের ঝালমুড়ি বিক্রেতা মো. আল আমিন জানান, 'টানা চার দিনের ভারী বর্ষণের কারণে সমুদ্রসৈকতে এসে ব্যবসা করতে পারিনি। জীবিকার তাগিদে বুধবার দোকান নিয়ে এলেও বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। দুপুর পর্যন্ত মাত্র ১০০ টাকার ঝালমুড়িও বিক্রি হয়নি। অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার বিক্রি হতো।'

বিচ বাইক চালক মহিউদ্দিন বলেন, 'সমুদ্রসৈকতে বিচ বাইক চালিয়ে আমার সংসার চলে। কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে পর্যটক না থাকায় ব্যবসা একেবারেই বন্ধ। তিন দিন পর সৈকতে এলেও কোনো আয় হয়নি।'

ঘোড়াওয়ালা মো. নিশান জানান, 'কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ৪৫ জন ঘোড়াওয়ালা রয়েছেন। কিন্তু টানা ভারী বর্ষণ ও পর্যটক সংকটের কারণে সবার আয়-রোজগার কার্যত বন্ধ হয়ে গেছে। জীবিকার একমাত্র অবলম্বন থমকে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি।'

কিটকট ব্যবসায়ী মফিজ বলেন, 'বৈরী আবহাওয়ার মধ্যেও কিছু পর্যটক সৈকতে এলেও টানা বৃষ্টির কারণে তারা বেশিক্ষণ অবস্থান না করে দ্রুত হোটেলে ফিরে যাচ্ছেন। ফলে সৈকতের কিটকটগুলো সারাদিনেই প্রায় ফাঁকা পড়ে থাকে, আর ব্যবসাও একেবারে স্থবির হয়ে গেছে।'

রাসেল চটপটির স্বত্বাধিকারী মো. আরিফ জানান, 'প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজারে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ব্যবসায় ভয়াবহ ধস নেমেছে। আগে যেখানে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার বিক্রি হতো, সেখানে এখন সারাদিনেও এক হাজার টাকার ব্যবসা হচ্ছে না।'

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টজুড়ে থাকা সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকানেও নেমে এসেছে চরম স্থবিরতা। টানা বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেগুলোও ক্রেতাশূন্য।

লাবণী ছাতা মার্কেটের ব্যবসায়ী মোরশেদ আলম জানান, 'এই মার্কেটে প্রায় ২০০টি বার্মিজ পণ্যের দোকান রয়েছে। কিন্তু গত চার দিন ধরে কার্যত কোনো বেচাকেনাই নেই। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিটি দোকানে দৈনিক ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতো, সেখানে এখন অনেক দোকানে সারাদিনে একটি পণ্যও বিক্রি হচ্ছে না।'

সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র কর্মী মো. ফারুক বলেছেন, 'স্বাভাবিক সময়ে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি পর্যটকের সমাগম ঘটে। তবে টানা বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে গত চার দিনে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১০ থেকে ১৫ হাজারে। আগত পর্যটকরাও কিছুক্ষণ সৈকতে অবস্থান করে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে হোটেলে ফিরে যাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে লাইফগার্ডরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং কাউকে সমুদ্রে নেমে গোসল করতে দেয়া হচ্ছে না।'

মেরিন ড্রাইভ-কলাতলী হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, 'টানা বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের কারণে কক্সবাজারে যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। গত চার দিনে কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে প্রায় ৬০ হাজার পর্যটকের রুম বুকিং বাতিল হয়েছে। বর্তমানে প্রায় ১০ হাজার পর্যটক অবস্থান করলেও বিরূপ আবহাওয়ার কারণে তারাও নির্ধারিত সময়ের আগেই কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছেন।'

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আবিদ আহসান সাগর বলেন, 'টানা চার দিনের বৈরী আবহাওয়ায় কক্সবাজারে পর্যটকের আগমন আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন, সৈকতকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসাসহ পুরো পর্যটন শিল্পে বড় ধরনের ধস নেমেছে। গত চার দিনেই কক্সবাজারের পর্যটন খাতে প্রায় ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে ‘হানিট্র্যাপ’-এর ফাঁদে ডেকে সর্বস্ব লুট, গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


অনলাইনে ‘হানিট্র্যাপ’-এর ফাঁদে ডেকে সর্বস্ব লুট, গ্রেপ্তার ৫

ভারতের দিল্লীতে ভুয়া ‘ফ্রেন্ডশিপ ক্লাব’ পরিচালনা করে অনলাইনে মানুষকে প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন, পরিচয়পত্র এমনকি গাড়ি পর্যন্ত ছিনিয়ে নেওয়া একটি হানিট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।

পুলিশ জানাচ্ছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে সম্ভাব্য শিকারদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। তারা নিজেদের একটি অনলাইন ‘ফ্রেন্ডশিপ ক্লাব’-এর সদস্য পরিচয় দিয়ে প্রথমে বিশ্বাস অর্জন করত এবং পরে শিকারদের মোবাইল নম্বর সংগ্রহ করত।

ভুক্তভোগীরা সাক্ষাতে রাজি হলে তাঁকে নয়ডা, দিল্লি ও এনসিআরের বিভিন্ন নির্জন এলাকায় ডেকে নেওয়া হতো। তারপর সেখানে চক্রটি দুটি গাড়ি ব্যবহার করে পরিকল্পিতভাবে ডাকাতি চালাত।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসিপি) মনীষা সিং জানিয়েছেন, প্রথম গাড়িতে এক নারীসহ তিনজন সদস্য ভুক্তভোগীর সঙ্গে দেখা করতেন। অপর গাড়িতে থাকা অন্য সদস্যরা কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন আনলক করাতে বাধ্য করত। এরপর মোবাইল ব্যাংকিং বা অনলাইন লেনদেনের মাধ্যমে ভুক্তভোগীর অর্থ চক্রের নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো।

এছাড়া, ভুক্তভোগীদের মোবাইল ফোন, পরিচয়পত্র ও ব্যবহৃত গাড়িও ছিনিয়ে নেওয়া হতো, যাতে তারা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সেক্টর-৫৪-এর খেলগাঁও পার্ক এলাকা থেকে চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ওমবীর যাদব, প্রিয়াঙ্কা যাদব, মঞ্জেশ যাদব, রিয়া যাদব ও নিধি যাদব। তাদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে।

জিজ্ঞাসাবাদে ওমবীর যাদব স্বীকার করেছেন, গত মঙ্গলবার রাতে সেক্টর-৫৪-এর একটি পেট্রোল পাম্পের কাছে এক ব্যক্তিকে লুট করা হয়েছিল। ওই ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার রুপি এবং তার চালানো টয়োটা ফর্চুনার গাড়ি ছিনিয়ে নেওয়া হয়।

অভিযান চালিয়ে পুলিশ ছিনতাই হওয়া টয়োটা ফর্চুনার উদ্ধার করেছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত একটি সুইফট ও একটি অরা গাড়িও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি ধারালো ছুরিও, যা ডাকাতির সময় ব্যবহার করা হতো।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত চক্রটি কতগুলো অপরাধে জড়িত ছিল, তাদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না এবং পুরো নেটওয়ার্কের বিস্তৃতি সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানাচ্ছে, গত দুই বছরে নয়ডায় ভুয়া অনলাইন বন্ধুত্ব ও ডেটিংয়ের প্রলোভন দেখিয়ে সংঘটিত একাধিক হানিট্র্যাপ ডাকাতির ঘটনা সামনে এসেছে। চলতি বছরের এপ্রিল মাসে ডেটিং অ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক ব্যক্তিকে লুটের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে মার্চ মাসেও একই ধরনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। তারা শনাক্ত এড়াতে নম্বরপ্লেটবিহীন গাড়ি ব্যবহার করত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-ভাঙ্গা রেলপথে বাড়ছে রেলওয়ের যন্ত্রাংশ চুরি, দুর্ঘটনার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ঢাকা-ভাঙ্গা রেলপথে বাড়ছে রেলওয়ের যন্ত্রাংশ চুরি, দুর্ঘটনার শঙ্কা

 

দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ঢাকা-ভাঙ্গা রেলপথে একটি আশঙ্কাজনক হারে রেলওয়ের সিগন্যাল যন্ত্রাংশ চুরির ঘটনা বাড়ছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ট্র্যাকপটসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এই কারণে যেমন ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

রেলওয়ে সূত্র জানাচ্ছে, পদ্মা সেতু হয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হওয়া ঢাকা–ভাঙ্গা রেলপথে প্রতিদিন অসংখ্য যাত্রী চলাচল করেন। তবে সম্প্রতি মাদারীপুরের শিবচর অঞ্চলে সিগন্যালের ট্র্যাকপট ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

গত ১৯ জুন রাতে শিবচরের পদ্মা রেলস্টেশনের সিগন্যাল পয়েন্ট থেকে কয়েকটি ট্র্যাকপট চুরি হয়ে যায়। এর পূর্বে ৯ জুন একই স্টেশনের শিবচর প্রান্তের সিগন্যাল পয়েন্টের সব ট্র্যাকপট খুলে নিয়ে যায় চোরচক্র। এছাড়া গত ১৮ মার্চে শিবচর রেলস্টেশনে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। সংশ্লিষ্টদের দাবি, গত ছয় মাসে ঢাকা–ভাঙ্গা রেলপথের বিভিন্ন স্টেশনে একাধিকবার এমন চুরি ঘটেছে।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্র্যাকপট চুরি হলে সিগন্যাল ব্যবস্থা অচল হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে রেখে লাইনের পাশে দাঁড়িয়ে ‘পেপার লাইন ক্লিয়ার’ পদ্ধতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে হয়। এর ফলে ট্রেন চলাচলে বিলম্বের পাশাপাশি কর্মীদের নিরাপত্তারও অবনতি ঘটে।

পদ্মা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. খাইরুল ইসলাম বলেন, “প্রতিনিয়ত সিগন্যালের ট্র্যাকপট চুরি হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পেপার লাইন ক্লিয়ার করতে হচ্ছে। চুরি বন্ধে পুলিশের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।”

শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ সেলিম হোসেন মন্তব্য করেছেন, “ট্র্যাকপট চুরির কারণে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারছে না। আগে পুলিশ নিয়মিত টহল করলেও বর্তমানে তা অনেক কমে গেছে। গুরুত্বপূর্ণ এই রেলপথ রক্ষায় নিরাপত্তা ও টহল বাড়ানো জরুরি।”

ভাঙ্গা রেলওয়ে পুলিশের পরিদর্শক মো. শাহজালাল জানান, “যন্ত্রাংশ চুরির ঘটনায় আগেও মামলা হয়েছে এবং চোরদের আটক করা হয়েছে। ভাঙ্গা জংশন থেকে শিবচর ও পদ্মা স্টেশনের দূরত্ব বেশি হওয়ার কারণে নিয়মিত টহলে কিছু সমস্যা হয়। তবে চুরি প্রতিরোধে টহল আরও জোরদার করা হবে।”

সংশ্লিষ্টদের মতে, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যন্ত্রাংশ চুরি রোধে নিয়মিত পুলিশি টহল ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%