ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাউফলে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ দুর্ঘটনার শিকার


বাউফলে ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ দুর্ঘটনার শিকার

পটুয়াখালীর দশমিনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ‘দশমিনা এক্সপ্রেস’-এর একটি বাস বাউফলের একটি স্থানে দুর্ঘটনার শিকার হয়েছে। আজ (১০ জুলাই) কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দশমিনা থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে বাউফলের একটি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী কম-বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেসকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, সুইজারল্যান্ড ম্যাচের আগে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ এম


আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেসকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, সুইজারল্যান্ড ম্যাচের আগে সতর্কবার্তা

চলমান বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার পূর্বে আলবিসেলেস্তে দলের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ ও সতর্কতার বার্তা নিয়ে হাজির হয়েছেন একজন ক্রীড়া জ্যোতিষী। যখন আর্জেন্টিনা সেমিফাইনালে যাওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত, ঠিক তখনই গোলরক্ষক এমিলিয়ানো ‘ডিবু’ মার্তিনেসকে নিয়ে করা একটি ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে মিসরের বিপক্ষে একসময় ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু নাটকীয়ভাবে, ম্যাচের শেষ ১৫ মিনিটে অপ্রতিরোধ্য ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেসের প্রচেষ্টায় তারা ৩-২ গোলের ঐতিহাসিক জয় অর্জন করে। এই জয়ের পরে মার্তিনেস নিজের পারফরম্যান্স নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন। তিনি গণমাধ্যমে বলেছিলেন যে, তিনি দলের জন্য যথেষ্ট সাহায্য করতে পারেননি, যা তার মনকে অত্যন্ত হতাশাগ্রস্ত করেছে। তবে সাহসী এই গোলরক্ষক জানান, সামনে তার জন্য আসল সুযোগ অপেক্ষা করছে।

মার্তিনেসের এই মন্তব্যের পর ‘ফুটবল কন অ্যাস্ট্রোস’ নামে এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে জ্যোতিষী গুইদো তেজাত আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি প্রাচীন দার্শনিক সেনেকার উক্তি উল্লেখ করে বলেন, "আগুন সোনাকে পরীক্ষা করে, সেইভাবেই প্রতিকূলতা শক্তিশালী মানুষকে পরীক্ষা করে।" আগামী শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য কেবল ফুটবলীয় দক্ষতার লড়াই হবে না, বরং এর চেয়ে অনেক বেশি কিছু প্রয়োজন হবে, কারণ গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে যে ম্যাচটি অত্যন্ত কঠিন হতে পারে।

যদিও আর্জেন্টাইন সমর্থকদের শ্বাস-প্রশ্বাসের মধ্যে আশ্বস্ত করতে, এই জ্যোতিষী দাবি করেছেন যে ২০২২ সালের কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টাইব্রেকার লড়াইয়ের পরিস্থিতির মতো কিছু আবারও তৈরি হতে পারে, যেখানে ডিবু মার্তিনেস ঈশ্বরদূতের মতো আবির্ভূত হতে পারেন। তিনি সমর্থকদের অনুরোধ করেছেন যে, তারা আগামী কয়েকদিন ধরে ডিবুকে একজন বিজয়ী ও হাসিখুশি নায়ক হিসেবে কল্পনা করুন, যিনি পুরো দেশের স্বপ্নকে নিজের কাঁধে বহন করছেন।

আগামী শনিবার কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার মহাসমর শুরু হবে, যেখানে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ডিবুর আরেকটি অতিমানবীয় পারফরম্যান্স দেখার জন্য।

সূত্র: মার্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় নৌকায় ডাকাতির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৪১ এম


গাইবান্ধায় নৌকায় ডাকাতির ঘটনা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর থেকে খেয়ার নৌকা নিয়ে উপজেলা সদরে আসার পথে মাঝ নদীতে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনার সময়, ১০ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে ডাকাতদের দ্বারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর থেকে খেয়ার নৌকা কাটাতারা এলাকায় আসছিলো উপজেলা সদরের উদ্দেশ্যে। নৌকাটি যখন মাঝ নদীতে পৌঁছায়, তখন একটি ছোট নৌকায় মুখে কালোকাপড় বাধা ৭ থেকে ৮ জনের একটি ডাকাতদল এসে খেয়ার নৌকাটিকে আটকে ধরে। তখন তারা ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এই সময় তারা ব্রাক এনজিওর দুই কর্মীর কাছ থেকে চরের ৪টি কেন্দ্রের টাকা ছিনিয়ে নেয়। এছাড়া নৌকায় উপস্থিত অন্যান্য যাত্রীদের কাছ থেকেও নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় ডাকাতদল।

ব্রাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন জানান, চরের ৪টি কেন্দ্রের সাপ্তাহিক কিস্তি উত্তোলন করে ব্রাকের সহকারী ম্যানেজার নিরঞ্জন কুমারসহ দুই কর্মী উপজেলা সদরে আসার পথে ডাকাতদের আক্রমণের শিকার হন। তাদের কাছ থেকে ডাকাতরা প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

গাইবান্ধার বালাসীঘাট নৌ পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ এম


বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন এমবাপ্পে

পেনাল্টি থেকে গোল করতে না পারলেও বিরতির পর দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে এলেন ফরাসি অধিনায়ক।

বৃহস্পতিবার (৯ জুলাই) বস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে আসে সেই মুহূর্ত। ডি-বক্সের সামনে বল পেয়ে প্রথমে এক মুহূর্ত থেমে যান এমবাপ্পে।

সামনে থাকা মরক্কোর ডিফেন্ডার ইসা জিওপকে কাটিয়ে চোখের পলকে নেন নিখুঁত একটি শট। সামান্য বাঁক নেয়া বল পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় জালে, আর উল্লাসে ফেটে পড়ে ফরাসি শিবির।

এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে এমবাপ্পের অষ্টম গোল। এর আগে তিনি দুটি অ্যাসিস্টও করেছেন। ফলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এবারের আসরে তার গোল-সম্পৃক্ততা দাঁড়াল ১০টিতে।

এর মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে তিনি টানা দুইটি ভিন্ন বিশ্বকাপে অন্তত ১০টি করে গোলে সরাসরি অবদান রাখলেন। ২০২২ কাতার বিশ্বকাপেও এমবাপ্পে করেছিলেন আট গোল এবং দিয়েছিলেন দুটি অ্যাসিস্ট।

ব্যক্তিগত পরিসংখ্যানেও আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি অধিনায়ক। বিশ্বকাপে মাত্র ২০ ম্যাচ খেলেই তার গোলসংখ্যা পৌঁছে গেছে ২০-এ। যেখানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ২১ গোল করতে লেগেছে ৩১টি ম্যাচ।

এদিকে, এই গোলের সুবাদে চলতি বিশ্বকাপের গোলদাতার তালিকার শীর্ষেও উঠে এসেছেন এমবাপ্পে। তার গোল এখন আটটি। একই সংখ্যক গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে তাই শেষ পর্যন্ত জমে উঠেছে দুই মহাতারকার দ্বৈরথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ এম


কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা

ইতালির কট্টর ডানপন্থী নেতা ও রোমের সাবেক মেয়র জিয়ান্নি আলেমান্নো কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এবার বন্দিদের অধিকার এবং কারাগারের মানবিক পরিবেশ নিয়ে প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে কঠোর আইন-শৃঙ্খলার পক্ষে অবস্থান নেওয়া এই রাজনীতিকের এমন পরিবর্তিত অবস্থান ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৬৮ বছর বয়সী আলেমান্নো গত ২৪ জুন রোমের রেবিব্বিয়া কারাগার থেকে মুক্তি পান। এটি ইতালির সবচেয়ে বড় কারাগারগুলোর একটি। অতিরিক্ত বন্দী ও জরাজীর্ণ পরিবেশের কারণে কারাগারটি দীর্ঘদিন ধরেই সমালোচিত। প্রভাব খাটানো এবং দায়িত্বের অপব্যবহারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি ১৮ মাস কারাভোগ করেন।

যদিও শুরু থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। কারাগারে থাকার অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তার লেখাগুলো ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা নিয়ে নতুন করে জনমত তৈরি করেছে। আলেমান্নো রয়টার্সকে বলেন, 'যারা কারাগারে থেকেছেন বা যাদের পরিবারের কেউ কারাগারে আছেন, শুধু তারাই এই সমস্যাগুলো বুঝতে পারেন। অন্যরা বিষয়টি বুঝতেই পারেন না।' তিনি জানান, রেবিব্বিয়া কারাগারে এটিই তার প্রথমবার নয়। ১৯৮২ সালে কট্টর ডানপন্থীদের এক বিক্ষোভে সোভিয়েত দূতাবাসে মলোটভ ককটেল ছোড়ার ঘটনায় তিনি ১০ মাস কারাভোগ করেছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর আবার একই কারাগারে গিয়ে কাকতালীয়ভাবে সেই একই সেলে থাকার সুযোগ পান। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'এই সেল থেকেই আমি ১৯৮২ সালে ইতালির ফুটবল বিশ্বকাপ জয় দেখেছিলাম।'

আলেমান্নো দীর্ঘদিন ধরেই ইতালির ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ। তিনি রাজনৈতিক জীবন শুরু করেন ফ্যাসিবাদ-পরে এমএসআই দলের যুব শাখায়। পরে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সরকারে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি রোমের মেয়র ছিলেন। কারাগারে থাকার অভিজ্ঞতার পর আলেমান্নো এখন ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরছেন। তার মতে, অতিরিক্ত ভিড়, নোংরা পরিবেশ, বিচার বিভাগে জনবল সংকট, জটিল প্রশাসনিক ব্যবস্থা এবং বন্দিদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের অভাব পুরো ব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে। তিনি বলেন, বর্তমান ব্যবস্থা অপরাধীদের সংশোধনের সুযোগ না দিয়ে বরং তাদের আবার অপরাধের দিকেই ঠেলে দেয়। আলেমান্নোর ভাষায়, যারা খারাপ কাজ করতে চান, তাদের জন্য সব পথ খোলা। তারা যা ইচ্ছা করতে পারেন। কিন্তু যারা নতুনভাবে জীবন শুরু করতে চান, তাদের সামনে অসংখ্য বাধা তৈরি করা হয়। কারাগারে থাকার সময় তিনি হত্যাকাণ্ডে সহযোগিতার অপরাধে সাজাপ্রাপ্ত এক সহবন্দীর সঙ্গে যৌথভাবে ফেসবুকে একটি ডায়েরি লিখতেন। তিনি জানিয়েছেন, সেই লেখাগুলো শিগগিরই বই আকারে প্রকাশ করা হবে।

কারামুক্তির পর আলেমান্নো সাবেক সেনা জেনারেল রোবের্তো ভান্নাচ্চির সঙ্গে রাজনৈতিকভাবে একসঙ্গে কাজ শুরু করেছেন। ভান্নাচ্চি কট্টর ডানপন্থী অবস্থান এবং বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। তার নতুন রাজনৈতিক দল ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। তবে কারাগার নিয়ে ভান্নাচ্চির অবস্থান আলেমান্নোর চেয়ে অনেক কঠোর। আলেমান্নো মুক্তি পাওয়ার দিন তিনি সাংবাদিকদের বলেন, 'আবেল আর কাইনের মধ্যে আমি আবেলের পক্ষেই আছি। আর কাইনের কারাগারেই পচে থাকা উচিত।' তিনি আরো বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর, দীর্ঘমেয়াদি এবং কড়া শাস্তি নিশ্চিত করা উচিত।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার কারাগারের ধারণক্ষমতা ১৫ হাজার বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে মাদকাসক্ত বন্দিদের চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথাও জানানো হয়, যাতে কারাগারের অতিরিক্ত ভিড় কমানো যায়। তবে ঘোষণার পর এখন পর্যন্ত নতুন কোনো কারাগারের জায়গা তৈরি হয়নি। বন্দিদের স্থানান্তর নিয়ে প্রস্তাবিত আইনও এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ২০২৭ সালে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে আইনটি পাস না হলে সেটি বাতিল হয়ে যেতে পারে। বর্তমানে ইতালির কারাগারগুলো ইউরোপের সবচেয়ে বেশি ভিড় থাকা কারাগারগুলোর মধ্যে অন্যতম। ধারণক্ষমতার তুলনায় সেখানে প্রায় ১৪০ শতাংশ বন্দী রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনমত জরিপে ক্ষমতাসীন জোট ও মধ্য-বাম বিরোধী জোটের সমর্থন প্রায় সমান। এ অবস্থায় আইন-শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানের রাজনৈতিক চাপের কারণে সরকার কারাগার সংস্কারে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আলেমান্নো আশাবাদী। তার বিশ্বাস, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারাগার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সব দলের একসঙ্গে কাজ করা উচিত। তিনি বলেন, 'এটি এমন একটি লড়াই, যেখানে বাম ও ডান- উভয় পক্ষকেই একসঙ্গে আসতে হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%