০৩:১০ পি.এম
বরিশাল নগরের গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় এবং সরকারি বিএম কলেজের সামনে পৃথকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটায়। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে একটি দল নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভবনের নৈশপ্রহরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গ্রামীণ ব্যাংকের ওই ভবনের নিচতলায় এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
একই সময়ে, নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে ৭ থেকে ৮ জনের একটি দল পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, "আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"
ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, "দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন