১১:০২ পি.এম
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী চেন্নাইতে গিয়েছিলেন দিল্লি থেকে। সেখানে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন আলওয়ারপেটে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রতিনিধিদলে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং মমতা বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় ৮০ মিনিট স্থায়ী হয়েছিল। তবে তারা কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলের প্রতি ডিএমকের সমর্থন পরিবর্তন করতে সক্ষম হননি।
সূত্রের তথ্য অনুযায়ী, ডিএমকে বারবার ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের কাছে জানতে চেয়েছে বিকল্প কী এবং সামনে কী করা উচিত। তবে সূত্রগুলো জানাচ্ছে, তাদের জবাব ছিল কেবল বিলটিকে পরাজিত করার প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ। পরবর্তী পদক্ষেপের জন্য কোনো স্পষ্ট কৌশল ছিল না। ‘ইন্ডিয়া’ জোটের সিনিয়র নেতারাও স্বীকার করেছেন যে বিলটি হারানোর পর তাদের কাছে কোনো সুস্পষ্ট কৌশল নেই। জানা গেছে, একজন জ্যেষ্ঠ এমপি সম্পর্ক ছিন্ন হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তোলেন এবং কিভাবে এই বিভাজন তৈরি হলো সে বিষয়ে সরাসরি নেতাদের মুখোমুখি হন। তবে সূত্রগুলো বলছে, এর কোনো জবাব দেওয়া হয়নি।
বৈঠকের পর এমকে স্ট্যালিন মন্তব্য করেন, ‘আমি আমাদের অবস্থান ও দাবিগুলো ব্যাখ্যা করেছি। তারা শুনেছেন এবং আমরা আমাদের চিন্তাভাবনা বিনিময় করেছি। আমাদের উদ্বেগ হলো, আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি, তবে স্বয়ংক্রিয়ভাবে সীমানা পুনর্বিন্যাস কার্যকর হয়ে গেলে তামিলনাড়ুর স্বার্থ রক্ষার ন্যূনতম নিশ্চয়তাও থাকবে না।’
আরও পড়ুন: বন্যার ধাক্কা সত্ত্বেও চার মাসে বাংলাদেশ-ভারতে ২০ বিলিয়ন রুপির বিদ্যুৎ রপ্তানি নেপালের
ইন্ডিয়া প্রতিনিধিরা স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই আইন সংসদীয় প্রতিনিধিত্ব এবং উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
বৈঠক শেষে রাহুল গান্ধী বলেন, ‘থিরু স্ট্যালিন জির সাথে আমাদের খুব ভালো ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আমরা তাকে আমাদের দৃষ্টিভঙ্গি বুঝিয়ে বলেছি যে সীমানা পুনর্বিন্যাসসহ ৮৫০ আসনের একটি সংসদ এবং ওই ৮৫০টি আসন পুরোপুরি নিজেদের মতো করে সাজানোর ও ভারতের নির্বাচনী এলাকাগুলোর চরিত্র বদলে দেওয়ার সুযোগ বিজেপিকে দেওয়া কেবল ভারতের জন্যই ক্ষতিকর নয়, এটি দক্ষিণ ভারত এবং বিশেষ করে তামিলনাড়ুর জন্যও ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘আমরা তাকে উল্লেখ করেছি যে এখানকার মূল বিষয় হলো লোকসভার আসন ৮৫০-এ সম্প্রসারণ এবং সেই সম্প্রসারণের সুযোগকে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনী এলাকার চরিত্র পুরোপুরি বদলে দেওয়ার বিজেপির আকাঙ্ক্ষা। তারা আসাম ও জম্মু-কাশ্মীরে এই ধারণা ইতিমধ্যেই পরীক্ষা করেছে এবং পুরো ভারতে এটি বাস্তবায়ন করতে চায়। সে কারণেই আমরা ভাই স্ট্যালিনকে অনুরোধ করেছি তামিলনাড়ুকে রক্ষা করতে এবং বিজেপির এই নকশা যেন বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিত করতে। আমি যা বলছি তা মনে রাখুন, বিজেপি একবার ৮৫০ আসন দিয়ে ভারতের নির্বাচনী এলাকাগুলো নতুন করে সাজালে ভারতে গণতন্ত্র শেষ হয়ে যাবে, এবং তামিল সংস্কৃতি ও তামিল ভাষার ওপর সর্বাত্মক আক্রমণ শুরু হবে।’
বৈঠকের পর ডিএমকে-র আইটি শাখা এক্স-এ পোস্ট করে, ‘ন্যায্য সীমানা পুনর্বিন্যাসের অবস্থানে ডিএমকে ঠিক ততটাই অটল রয়েছে।’
বৈঠকে ডিএমকে-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুব শাখার সম্পাদক উদয়নিধি স্ট্যালিন, জ্যেষ্ঠ নেতা কানিমোঝি, দয়ানিধি মারান এবং বেশ কয়েকজন সংসদ সদস্য।
আরও পড়ুন: সাইবার হামলায় যুক্তরাজ্যের পেনশন ও ভাতা সেবা বন্ধ
গত এপ্রিলেও স্ট্যালিন এই বিলের বিপক্ষে ছিলেন। তবে তামিলনাড়ুর বিধানসভার গত নির্বাচনের পর হিসাব-নিকাশ পাল্টে যায়। বিধানসভায় ডিএমকে নতুন দল টিভিকের কাছে হেরে যায়। কংগ্রেস তখন ডিএমকেকে ছেড়ে টিভিকের সঙ্গে সরকারে যোগ দেয়। কংগ্রেসের সঙ্গে ডিএমকের এই দূরত্বের সুযোগে কাছে চলে আসে বিজেপি। আদায় করে নেয় ডিলিমিটেশন বিলের সমর্থন।
আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সরকার ডিলিমিটেশন বিলটি উত্থাপন করবে। প্রস্তাবিত বিলে লোকসভার আসন ৫৪৩ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব করা হয়েছে। সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন