১২:২৬ পি.এম
প্রায় ১৫ বছর ধরে ‘দাদাগিরি’ উপস্থাপনা করার পর, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এখন নতুন রিয়েলিটি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। তিনি জি বাংলা ছেড়ে স্টার জলসার ‘বিগ বস বাংলা’র উপস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছেন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ‘বিগ বস বাংলা’র জমকালো উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। এরপর সোমবার (৩১ আগস্ট) থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ১০টায় স্টার জলসায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
নতুন এই রিয়েলিটি শোটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ‘বিগ বস বাংলা’র ঘরে কারা থাকবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অভিনয়শিল্পী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল এবং সংগীতশিল্পী দুর্নিবার সাহার নাম নিয়ে গুঞ্জন চলছে।
এছাড়া সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিংকেও অনুষ্ঠানে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা অংশ নেবেন, সেই তালিকা আজকের উদ্বোধনী পর্বেই সৌরভ গাঙ্গুলী ঘোষণা করবেন বলে জানা গেছে।
এক দশক পর ফিরছে ‘বিগ বস বাংলা’
সর্বভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আদলে ২০১৩ সালে ইটিভি বাংলায় ‘বাংলা বিগ বস’ শুরু হয়েছিল। প্রথম আসরের উপস্থাপক ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন চলা সেই আসরে বিজয়ী হন অনীক ধর।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
এরপর দুই বছর অনুষ্ঠানটি বন্ধ ছিল। ২০১৬ সালে আবার শুরু হয় ‘বাংলা বিগ বস’। তখন উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা জিৎ। চ্যানেলও বদলে যায়; কালারস বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হয়। দ্বিতীয় আসরে বিজয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
এবার নতুন উপস্থাপক, নতুন চ্যানেল এবং নতুন বিন্যাস নিয়ে প্রায় এক দশক পর আবারও ফিরছে ‘বিগ বস বাংলা’। সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় দর্শকদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন