ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্য গ্রেফতার


পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্য গ্রেফতার

পাবনা, ১৫ নভেম্বর ২০২৬ (বাসস) : পাবনা মানসিক হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান পরিচালনা করেছে। আজ সকালে পাবনা মানসিক হাসপাতালের চত্বরে এই মোবাইল কোর্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযানের ফলে দালাল চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসন ও এনএসআই সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে এনএসআইয়ের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আরও পড়ুন: ভয়াল সিডরের ১৯ বছর আজ: স্বজন হারানোর বেদনা ও আতঙ্ক নিয়ে এখনো বেঁচে আছেন উপকূলবাসী

অভিযানে ৫ জন দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) এবং ওয়ারেস (৪০)। তাদের সকলের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়।

অন্যদিকে, চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজ (৪০) আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাবনা সদর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য আসা অসহায় ও সাধারণ রোগীদের বিভিন্নভাবে জিম্মি করে অর্থ আদায় করছিল একটি দালাল চক্র।

এনএসআই, পাবনার একটি টিম বেশ কিছুদিন ধরে গোপন অনুসন্ধান চালিয়ে দালালদের অপতৎপরতা সম্পর্কে নিশ্চিত হয়।

আরও পড়ুন: পাইকগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা আটক

পরে কর্তৃপক্ষের অনুমতিক্রমে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত অভিযানে এনএসআই, পাবনা কার্যালয়ের ১ জন উপপরিচালক, ২ জন ফিল্ড অফিসারসহ মোট ১২ জন সদস্য এবং থানা পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজগোজ-এর পথচলা: ২০১৩ থেকে ২০ হাজার প্রোডাক্টের সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


সাজগোজ-এর পথচলা: ২০১৩ থেকে ২০ হাজার প্রোডাক্টের সংগ্রহ

বাংলাদেশে বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে নারীদের জন্য একসময় ছিল অনেক অনিশ্চয়তা। ফাউন্ডেশনের শেড নিজের ত্বকের সাথে মানানসই খুঁজে বের করা কিংবা প্রোডাক্টের আসলত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া, এসব বিষয়ে অনেকেই নির্ভর করতেন বন্ধু, পরিবারের সদস্য বা দোকানদারের পরামর্শের ওপর। আবার অনেক সময় নিজেদের ধারণার ভিত্তিতে প্রোডাক্ট কিনতে বাধ্য হতেন। বাজারে বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও সেগুলোর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ ছিল না। কাস্টমারদের জন্য প্রয়োজন ছিল এমন একটি জায়গা, যেখানে শুধু প্রোডাক্ট কেনা নয়, বরং প্রোডাক্ট সম্পর্কে জানার, প্রশ্ন করার এবং নিশ্চিন্তে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকবে।

এমন একটি সময়েই ২০১৩ সালে যাত্রা শুরু করে ‘সাজগোজ’। শুরুতে এটি ছিল একটি অনলাইন বিউটি শপ নয়। এর প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদ একটি সহজ ভাবনা নিয়ে কাজ শুরু করেন। তারা একটি বিউটি ব্লগ তৈরি করেন, যেখানে ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন প্রোডাক্টের রিভিউসহ স্কিন কেয়ারের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হতো। সাজগোজের লক্ষ্য ছিল কেবল প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ তৈরি করা নয়, বরং মানুষকে নিজেদের প্রয়োজন সম্পর্কে বুঝতে সাহায্য করা। ত্বকের ধরন অনুযায়ী যত্ন নেওয়া থেকে শুরু করে কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে, এসব বিষয়ে তথ্য দিয়ে ধীরে ধীরে স্কিন কেয়ারে আগ্রহীদের কাছে পরিচিত হয়ে ওঠে সাজগোজ। একপর্যায়ে প্রতিষ্ঠাতারা উপলব্ধি করেন, কেবল তথ্য দেওয়াই যথেষ্ট নয়, কাস্টমারদের কাছে আসল প্রোডাক্ট সহজে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

এই চিন্তা থেকেই ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে সাজগোজের প্রথম অফলাইন শপ চালু করা হয়। এর মাধ্যমে কাস্টমাররা অনলাইনে প্রোডাক্ট সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি সেগুলো দেখার, বিউটি কনসালট্যান্টদের সঙ্গে আলোচনা করার এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পছন্দের প্রোডাক্ট বেছে নেওয়ার সুযোগ পান। তবে অফলাইন শপ চালুর পরও দেশের সব মানুষের কাছে পৌঁছানো তখনো একটি বড় চ্যালেঞ্জ ছিল; কারণ সে সময় বাংলাদেশে অনলাইন কেনাকাটার ইকোসিস্টেম ও লজিস্টিকস সাপোর্ট পুরোপুরি গড়ে ওঠেনি। বিশেষ করে ঢাকার বাইরের মানুষের জন্য অনেক বিউটি প্রোডাক্ট সহজে পাওয়ার সুযোগ ছিল সীমিত।

এই সীমাবদ্ধতা কাটিয়ে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ২০১৮ সালের অক্টোবরে সাজগোজ তাদের প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com চালু করে। যার শুরু হয়েছিল শুধুমাত্র স্কিন কেয়ারের বিভিন্ন তথ্য জানানো দিয়ে, সেটিই ধীরে ধীরে হয়ে ওঠে প্রোডাক্ট কেনাকাটার একটি মাধ্যম। এর ফলে কাস্টমাররা ঘরে বসেই বিভিন্ন প্রোডাক্ট দেখতে, সেগুলোর উপকারিতা সম্পর্কে জানতে এবং একই সঙ্গে অর্ডারও করতে পারেন। এভাবে বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা এক জায়গায় পূরণের সুযোগ তৈরি হয়—একটি হলো প্রোডাক্ট সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া এবং অন্যটি আসল প্রোডাক্ট কেনার সুযোগ।

বর্তমানে সাজগোজে ১ হাজার ২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি প্রোডাক্ট রয়েছে। ফলে কাস্টমাররা এখন নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেছে নিতে পারছেন। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে সাজগোজের আটটি অফলাইন শপও রয়েছে।

এ বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। তবে এই পথচলার গল্প কেবল একটি অনলাইন প্ল্যাটফর্মের বেড়ে ওঠার নয়, বরং সেসব মানুষেরও, যারা সময়ের সাথে নিজেদের স্কিন কেয়ারের অভ্যাস ও পছন্দকে নতুনভাবে গড়ে তুলেছেন।

সাজগোজের বিশ্বাস, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হতে পারেন। তাই এই আট বছরের পথচলার প্রকৃত হিরো হলেন সাজগোজের কাস্টমাররাই, যাদের প্রত্যেকেই এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

ইরানের প্রধান চ্যালেঞ্জ বর্তমানে ‘উৎপাদন খাত ও জনগণের জীবন-জীবিকা’ রক্ষা করা, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি রয়েছে। এই মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে গালিবাফ উল্লেখ করেছেন, ‘মূল্যস্ফীতি, বেকারত্ব ও পণ্যমূল্যের ওঠানামার মতো সমস্যার সমাধান কেবল বক্তৃতা কিংবা কোনো প্রজ্ঞাপন জারির মাধ্যমে সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসের অন্যতম বড় যুদ্ধের বিরুদ্ধে আট মাসেরও বেশি সময় ধরে যারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন, সেই জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

বছরের পর বছর ধরে ইরান উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগে লোকসানের চাপের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির তেল ও গ্যাস খাত ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পারস্য বর্ষপঞ্জির প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) ইরানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল আমিন মন্তব্য করেছেন যে, রাজনীতি কখনো খারাপ নয়। তিনি বলেন, ভালো মানুষেরা রাজনীতিতে না আসার সুযোগে খারাপ মানুষেরা রাজনীতিতে স্থান করে নেয়। এর ফলে রাজনীতি কলুষিত হয়ে যায়। দুঃখজনকভাবে, মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না। শিক্ষার্থীদের জন্য প্রথমে রাজনীতি হতে হবে পড়ালেখা। কিশোর গ্যাং এবং মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া উচিত নয়। এসব অপকর্ম থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে।

রোববার সকালে চট্টগ্রামের মিরসরাই কলেজের নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো উল্লেখ করেন যে, আমাদের শিক্ষার্থীরা যেন বিপথে চলে না যায়, সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজর রাখতে হবে। মাসে অন্তত একদিন শিক্ষার্থীদের নিয়ে কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা উচিত। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতীকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আতীকুল ইসলাম লতিফী বলেন, মিরসরাই কলেজ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে মূল ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি কলেজের উন্নয়নে সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক উত্তম কুমার চৌধুরী এবং বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিনন্দনপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রোভার মেট রবিউল হোসেন। গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জয়ত্রী সিনহা এবং ত্রিপিটক পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বাবলু বড়ুয়া। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নূর নবী।

প্রধান অতিথি কলেজে পৌঁছালে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। মোনাজাতের মাধ্যমে মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিরসরাই কলেজ মসজিদের খতিব ও মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মিরসরাই কলেজকে জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়নে নতুন ভবন নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এ বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাজনীন খানম অহনা। দ্বিতীয় হন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন এবং তৃতীয় হন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সুলতানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে যে, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%