ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার


নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ভাগের নগদ ৩৯ হাজার টাকা, একটি লোহার স্টিক এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত ও ঘটনাস্থলে ফেলে যাওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।  

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর ধনু মেস্ত্রী বাড়ির মো. ইব্রাহিমের ছেলে বাকের হোসেন ওরফে অনু (৩২), একই ইউনিয়নের দরবেশপুর গ্রামের আব্দুল মালেক মোস্তফার ছেলে কোরবান আলী ওরফে দুলাল (৪৮), অশ্বদিয়া ইউনিয়নের পশ্চিম নিরঞ্জনপুর সামছুল হকের বাড়ির মজিবুল হকের দুই ছেলে সাইদুল হক ওরফে আরিফ (২১) এবং মহিবুল ইসলাম আসিফ (২৫)।
 
পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুর এলাকার মোশারফ হোসেন ফরহাদের বাড়ির কলাপসিবল গেটের তালা ও কাঠের দরজা ভেঙে ৮ সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে চার জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের চেইন, লকেট ও আংটি, একটি রুপার ব্রেসলেট, ছয়টি মোবাইল ফোন এবং নগদ সাড়ে ৭ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন ফরহাদ বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।  পরে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার তত্ত্বাবধানে গঠিত বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করে।

গত ২ আগস্ট চট্টগ্রাম মহানগরের খুলশী থানার লালখান বাজার এলাকার মতিঝর্ণা থেকে বাকের হোসেন ওরফে অনু (৩২) কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

একই দিন বিকেলে নোয়াখালীর দরবেশপুর এলাকা থেকে কোরবান আলী ওরফে দুলাল (৪৮) এবং পশ্চিম নিরঞ্জনপুর এলাকা থেকে সাইদুল হক ওরফে আরিফ (২১) ও মহিবুল ইসলাম আসিফ (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় সাইদুল হকের কাছ থেকে এক হাজার টাকার দুটি নোট ও ৫০০ টাকার ৭৪টি নোটসহ মোট ৩৯ হাজার টাকা এবং একটি লোহার স্টিক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকা ডাকাতির ঘটনায় তার ভাগে পাওয়া অর্থ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ডাকাত দলে মোট আটজন সদস্য ছিল। ডাকাতির আগে তারা সাইদুল হকের একটি প্রকল্পে জড়ো হয়ে পরিকল্পনা করে সিএনজিচালিত অটোরিকশায় ঘটনাস্থলে গিয়ে ডাকাতি সংঘটিত করে।

পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন আরও জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধেই ডাকাতি, অস্ত্র, চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে বাকের হোসেনের বিরুদ্ধে ৩টি, কোরবান আলীর বিরুদ্ধে ১২টি, সাইদুল হকের বিরুদ্ধে ১১টি এবং মহিবুল ইসলাম আসিফের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি কোরাবারি ও একটি ভাঙা তালাও উদ্ধার করেছে। গ্রেপ্তার আসামিদের ডাকাতির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


প্রথমবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং

ব্যাংকক, ৪ আগস্ট, ২০২৬ : মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং বৃহস্পতিবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন। এটি তার প্রথম থাইল্যান্ড সফর এবং এটি বেসামরিক নেতা হওয়ার পর। বিশেষ করে তিনি আন্তর্জাতিক কূটনীতির দিক থেকে বিচ্ছিন্ন রাষ্ট্রটিকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সাবেক জেনারেল ২০২১ সালে সামরিক অভ্যুত্থান পরিচালনা করে গণতান্ত্রিক নেতা অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করেছিলেন। এই ঘটনার ফলে গৃহযুদ্ধ শুরু হয়, যেখানে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়।

২০২২ সালের এপ্রিল মাসে ‘বিতর্কিত’ নির্বাচনের মাধ্যমে তাকে মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসানো হয়। এটি মূলত সেনাশাসনের ভাবমূর্তি বদলে দেয়ার একটি প্রচেষ্টা হিসেবে ছিল। তবে গণতান্ত্রিক পর্যবেক্ষক এবং পশ্চিমা দেশগুলো ওই নির্বাচনের দিকে ‘প্রহসন’ বলেই ইঙ্গিত করেছেন।

পরে প্রতিবেশী থাইল্যান্ডও দ্বিপক্ষীয়ভাবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ জাতির জোট আসিয়ান (এএসইএএন)-এর মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে চলেছে। আসিয়ান উচ্চপর্যায়ের সম্মেলনগুলোতে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের নেতৃত্বকে বাদ দেওয়া হয়। তবে গত মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সেখানে অংশ নেন।

মিন অং হ্লাইং সামরিক পোশাক ছেড়ে বেসামরিক পোশাক গ্রহণের পর থেকে কূটনৈতিক সফরে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি ইতিমধ্যে ভারত, প্রধান মিত্র চীন এবং আসিয়ান সদস্য লাওস সফর করেছেন।

ব্যাংকক সফরের আগে, গৃহবন্দি অং সান সু চিকে সোমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এটি অভ্যুত্থানের পর তার প্রথম বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ।

স্বাধীন মিয়ানমার বিশ্লেষক ডেভিড ম্যাথিসন এএফপিকে জানিয়েছেন, আসিয়ানে পুনঃঅংশগ্রহণের প্রচেষ্টা মিন অং হ্লাইং-এর কাছে ‘শুধু মর্যাদার বিষয়’ হয়ে দাঁড়িয়েছে। তবে মিয়ানমারের নেতারা আসিয়ানের প্রস্তাবিত ‘পাঁচ দফা ঐকমত্য’ মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছেন, যেখানে সবার সঙ্গে আলোচনা করে সংঘাত নিরসনের আহ্বান জানানো হয়।

ম্যাথিসন মন্তব্য করেছেন, তিনি এর মাধ্যমে একদিকে আসিয়ানের দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে তুলে ধরতে চান, অন্যদিকে পাঁচ দফা ঐকমত্যকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছেন। এটি এক তরফা জয়ের মানসিকতার একটি উদাহরণ হিসেবেও চিহ্নিত করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংককেরও সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কিছু কারণ রয়েছে। কারণ মিয়ানমারের সেনা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ থাইল্যান্ড সীমান্তে ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশটিতে লাখো শরণার্থী অবস্থান করছে। এছাড়াও সীমান্ত এলাকায় সাইবার প্রতারণা চক্র এবং মাদক পাচারকারীদের উপস্থিতির মোকাবিলা করতে হচ্ছে থাইল্যান্ডকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে কড্ডায় সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে।

বুধবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ঢাকাগামী ট্রেনের ওই বগিটি লাইচ্যুত হয়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মোদি তার ডিগ্রি দেখালে আমিও আমার স্কলারশিপের কাগজ দেখাব’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


‘মোদি তার ডিগ্রি দেখালে আমিও আমার স্কলারশিপের কাগজ দেখাব’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শিক্ষাগত সনদ প্রকাশ করলে, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাওয়া নিজের স্কলারশিপ ও শিক্ষা ঋণের কাগজপত্রও তিনি প্রকাশ করবেন।

এই তথ্যটি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি জানিয়েছেন। সোমবারে (৩ আগস্ট) রাতে অভিজিৎ দীপকে ভিডিও বার্তায় তার অফিশিয়াল এক্স (টুইটার) একাউন্টে এ কথা বলেন।

অভিজিৎ দীপকে বলেন, "আমি আমার স্কলারশিপের কাগজ ও শিক্ষা ঋণের অনুমোদনের কাগজ প্রকাশ করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি তার ডিগ্রি দেখাবেন?" সম্প্রতি সুরাটের এক তথ্য অধিকারকর্মী দীপকের বাবার আর্থিক বিষয় তদন্তের দাবি জানান।

অভিযোগে বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়েও তিনি কীভাবে ছেলেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য পাঠিয়েছেন, তা খতিয়ে দেখা উচিত। এ বিষয়ে অভিজিৎ দীপকে বলতে গিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ তিনি বহন করেছেন একটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ এবং শিক্ষা ঋণের মাধ্যমে।

এ বিষয়ে উল্লেখ্য যে, নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল এবং কর্মী-সমর্থকদের মধ্যে বিতর্ক বিদ্যমান। বিরোধীরা মোদির ডিগ্রির সত্যতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ের নথি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে আসছেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে জাপান প্রায় ৩০০ কোটিরও বেশি ভোক্তার একটি বৃহৎ আঞ্চলিক বাজারে প্রবেশাধিকার অর্জন করতে পারে। তিনি বলেছেন, বাংলাদেশ কেবল একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য নয়, বরং এটি দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন।

জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO), জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত 'Bangladesh Investment Promotion Seminar' (বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রোমোশন সেমিনার)-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এর অগ্রগতির ফলে এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এ ধরনের উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

ববি হাজ্জাজ উল্লেখ করেছেন, জাপানের মেইজি পুনর্গঠন (Meiji Restoration) শিক্ষা, প্রযুক্তি, শিল্পায়ন ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে একটি জাতির রূপান্তরের উদাহরণ। বাংলাদেশও জাপানের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, উৎপাদনশীলতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতি গড়ে তুলতে চায়।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। দীর্ঘ সময় ধরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি ছিল এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশের ওপরে রয়েছে। সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য স্থির করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ৭ কোটিরও বেশি তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক শক্তি। মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলার অতিক্রম করায় দেশের অভ্যন্তরীণ বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের যৌথ লক্ষ্য হলো আগামী কয়েক বছরে এই বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

জাপানি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে তিনি উল্লেখ করেছেন যন্ত্রপাতি ও লাইট ইঞ্জিনিয়ারিং, শিল্প উপাদান, অটোমোবাইল ও বৈদ্যুতিক যানবাহনের (EV) যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, এপিআই এবং চিকিৎসা সরঞ্জাম, বহুমুখী পাটজাত পণ্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য নিরাপত্তা, কোল্ড-চেইন লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর ও লজিস্টিকস অবকাঠামো, শিল্পাঞ্চল উন্নয়ন, রোবটিক্স, শিক্ষা প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন। তিনি Artec (আর্কটেক) এর মতো প্রতিষ্ঠানের সাথে শিক্ষা প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে অংশীদারিত্বের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ ও জাপানের সহযোগিতার অপার সম্ভাবনা বিদ্যমান। বাংলাদেশের তরুণ, শিক্ষিত ও দক্ষ জনশক্তি জাপানের ক্রমবর্ধমান শ্রমঘাটতি এবং বয়স্ক জনগণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বক্তব্যের শুরুতে জাপান সরকারের প্রতি, জাপানে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জেট্রো এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সেমিনার আয়োজন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাদের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, জাইকাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক উদ্যোগের মাধ্যমে জাপান কয়েক দশক ধরে বাংলাদেশের অবকাঠামো, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে চলেছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উল্লেখ করেছেন, বাংলাদেশ ও জাপান এখন বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি, উদ্ভাবন এবং অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে এক নতুন যুগে প্রবেশ করছে। তিনি জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ মানে শুধুমাত্র একটি দেশের বাজারে প্রবেশ নয়, বরং ৩০০ কোটিরও বেশি ভোক্তার বিশাল আঞ্চলিক বাজারে প্রবেশের কৌশলগত সুযোগ।

সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জেট্রো ও ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাপানের হাউস অব কাউন্সিলরসের সদস্য ফুতোশি ওকাজাকি, সাইফার-কোর কোম্পানি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোটোইউকি ওদাচি এবং জাপানের শতাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%