শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৩ এম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, তবে একদিন আগেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে দেওয়া আবেদনে জানায়, জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি কৌশলে গোপন করেছেন।
তদন্ত সংস্থাটি একই সঙ্গে মামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষ হওয়ার পর ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ডন। ১৯৯২ থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত তার সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। মামলার এজাহারে থাকা পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাদের চেনেন বলে স্বীকার করলেও ঘটনার বিষয়ে অনেক তথ্য গোপন করেছেন। সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কৌশলে কথা বলেন।
সিআইডি বলছে, ঘটনার আগে, সময় ও পরে ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে মামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান যুগান্তরকে বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদ করা একদিন আগেই শেষ তাই কারাগারে পাঠানোর আবেদন করেছি। পরে প্রয়োজন পড়লে আবার রিমান্ডের আবেদন করা হবে।’
প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানান, আসামির পক্ষে কোনো আবেদন ছিল না। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ২০ আগস্ট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ২৭ আগস্ট শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সিআইডি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহ মারা যান। তার মৃত্যু নিয়ে প্রথমে অপমৃত্যুর মামলা হয়। পরে হত্যা অভিযোগে মামলা রূপান্তরের আবেদন করা হয়।
সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত ও পিবিআইয়ের তদন্তে একাধিকবার আত্মহত্যার কথা বলা হলেও পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা করেন। এজাহারে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য কার্ড ইস্যু প্রক্রিয়াকে আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্দেশ্যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস প্রণয়নের জন্য একটি ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার, গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার বিষয়টি জানান।
কমিটির আদেশে, যা ইসি সচিব আখতার আহমেদ কর্তৃক গঠিত, বলা হয়েছে যে, অনলাইন নিবন্ধন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়ার বিষয়ে সুপারিশ তৈরি করবে এই কমিটি। সাংবাদিকদের নির্বাচনি দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যুর উদ্দেশ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ হিসেবে এসআরএস প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সামসুল আলমকে নিযুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার।
এছাড়াও, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং ইসি কর্মকর্তারাও এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
হাদিস অনুযায়ী, নামাজই মুমিন ও অমুসলিমের মধ্যে প্রধান পার্থক্য নির্দেশ করে। এটি মানুষকে সর্বপ্রকার পাপ ও অন্যায় থেকে বিরত রাখে এবং আত্মিকভাবে পরিশুদ্ধ করে। তাই দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও যথাসময়ে নামাজ আদায় করা প্রতিটি মুসলিমের ওপর অপরিহার্য দায়িত্ব।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ সাল, ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
আজকের নামাজের সময়সূচি
ফজর - ০৪:২৬ মিনিট।
জুমা - ১১:৫৯ মিনিট।
আসর - ০৪:২৩ মিনিট।
মাগরিব - ০৬:১৪ মিনিট।
এশা - ০৭:২৬ মিনিট।
ফজর (আগামীকাল) - ০৪:২৮ মিনিট।
সূর্যোদয়- ৫:৪১ মিনিট
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সঙ্গে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিতে পারেন।
যোগ করতে হবে
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের আত্মিক ও নৈতিক জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আরও দৃঢ় হয় এবং মানুষের মধ্যে শৃঙ্খলা ও আত্মসংযম গড়ে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আপাতত নতুন কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মূল কমান্ড কাঠামো সম্পূর্ণরূপে শক্তিশালী না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান তিনি। খবর আরব নিউজের। এদিকে মক্কা চুক্তির শর্তাবলী বাস্তবায়নে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করেন ওই মুখপাত্র। তবে সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার জবাবে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে আপাতত আলোচনা হচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলায় সৌদি আরবের খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং নিকটবর্তী শহরগুলোর জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হন। গত আগস্টে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যে কোনো একটির ওপর হামলার ঘটনা বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, সৌদি আরবের ওপর যে কোনো আগ্রাসনের মুখে এই চুক্তি কার্যকর হতে পারে। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান ইয়েমেনি হুথিদের বিরুদ্ধে পাকিস্তানের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়টিকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এটি সম্পূর্ণ একটি কাল্পনিক বিষয়। পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। প্রয়োজনীয়তা অনুযায়ী পাকিস্তান চুক্তি কার্যকর করবে। তবে এই মুহূর্তে এ ধরনের কোনো আলোচনা হচ্ছে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গরমের তীব্রতার বৃদ্ধি ঘটার সাথে সাথে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। একই সময়ে বন্ধ রয়েছে আরএনপিএলের বিদ্যুৎকেন্দ্রও। এর ফলে নতুন করে ১২০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সব মিলিয়ে, ঘাটতির পরিমাণ সাড়ে ৩ হাজার মেগাওয়াটেরও বেশি হয়ে গেছে।
একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গরম বাড়ছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারণে একের পর এক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিস্থিতি ক্রমশ নাজুক হয়ে উঠেছে।
বৃহস্পতিবার বিকালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ওই সময় দেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার ৫৫৭ মেগাওয়াটে পৌঁছেছে। এর মানে হলো, চলতি মৌসুমে সর্বোচ্চ লোডশেডিংয়ের দিকে যাচ্ছে পরিস্থিতি। এই সময় বিদ্যুতের চাহিদা ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট, যা সর্বোচ্চ চাহিদার তুলনায় অন্তত এক হাজার মেগাওয়াট কম। উৎপাদন হচ্ছিল ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট, যা সাধারণ উৎপাদন পরিস্থিতির তুলনায় অন্তত এক থেকে দেড় হাজার মেগাওয়াট কম।
দেশে বিদ্যুতের চাহিদা যখন বাড়ে, তখন সব ধরনের সংকটের মধ্যেও ১৪ হাজার থেকে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে দেখা যায়। বিদ্যুতে হঠাৎ এই ঘাটতির কারণ সম্পর্কে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম জানান, আদানির একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং তারা দ্রুত মেরামতের চেষ্টা করছেন। একই সঙ্গে আরএনপিএলের একটি ইউনিটও বন্ধ রয়েছে। এর ফলে একযোগে ১২০০ মেগাওয়াট বিদ্যুতের নতুন ঘাটতি সৃষ্টি হয়েছে। এছাড়া পুরোনো সমস্যাগুলোও আগের মতোই রয়েছে।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বুধবার রাত ১১টায় আদানির বিদ্যুৎ উৎপাদন হঠাৎ ১ হাজার ৪৩০ মেগাওয়াট থেকে ৭৫৮ মেগাওয়াটে নেমে আসে। কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন কমে গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৭ মেগাওয়াট, যা একদিন আগে ছিল ৫ হাজার ২০০ মেগাওয়াট।
কয়লাভিত্তিক বিদ্যুকেন্দ্র ছাড়াও কয়েকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটির কারণে একই সময়ে বন্ধ হয়ে গেছে। আশুগঞ্জে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র একদিন আগে ৩১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি বন্ধ হয়ে পড়েছে।
এছাড়া গ্যাস সংকটের কারণে কেবল ঢাকা অঞ্চলে অন্তত সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ অথবা স্বল্প সক্ষমতায় চলছে। চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে একটি করে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে।
এদিকে বিদ্যুতের এই ঘাটতির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। কয়েক সপ্তাহের জন্য কমে আসা লোডশেডিং আবারও তীব্র আকার ধারণ করেছে। শহরাঞ্চলে দিনে চারবার বিদ্যুৎ চলে গেলেও গ্রামে ৭ থেকে ১০ ঘণ্টার লোডশেডিং ফিরে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ