০৫:০৩ পি.এম
অনলাইন জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং লেস্টার সিটির প্রধান জার্সির স্পন্সর ‘বিসি ডট গেম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফি। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকেই লেস্টার সিটির সমর্থক গোষ্ঠী ‘ফক্সেস ট্রাস্ট’ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে।
সমর্থকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পন্সর প্রতিষ্ঠানটির একটি প্রচারণামূলক ভিডিওতে ইভা এলফিকে এক ডেলিভারিম্যানের সামনে আবেদনময় ভঙ্গিতে দেখা যায়। তারা বলছেন, এই ধরনের বিতর্কিত প্রচারণার সঙ্গে নিজেদের ব্র্যান্ডকে যুক্ত করে লেস্টার সিটি তাদের ঐতিহ্যবাহী ‘পারিবারিক ও সুশৃঙ্খল ক্লাব’-এর ভাবমূর্তি থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে।
কারাসাও ভিত্তিক এই অনলাইন ক্যাসিনো প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই লেস্টার সিটির প্রধান জার্সি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। তবে, এই প্রতিষ্ঠানের যুক্তরাজ্যে কোনো বৈধ অপারেটিং লাইসেন্স নেই। সমর্থক গোষ্ঠী এই চুক্তির বিরোধিতা করে আসছে।
আরও পড়ুন: ইংল্যান্ড দলে যোগ দিলেন বেলিংহাম ভ্রাতৃদ্বয়, বাদ পড়লেন পালমার
ফক্সেস ট্রাস্ট এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষ কেবল একটি জুয়া কোম্পানির সঙ্গে হাত মেলায়নি, বরং এমন একটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে যার যুক্তরাজ্যে কোনো লাইসেন্স নেই। তাদের অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়। এখন তাদের সঙ্গে যুক্ত করা হয়েছে এমন একজনকে যিনি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে পরিচিতি পেয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জুয়া এবং পর্নোগ্রাফি—দুটি বিষয়ই মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের জীবনে মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। এই ধরনের অংশীদারি সেই দুই জগতকে আরো বড় দর্শকদের সামনে নিয়ে আসছে এবং ক্লাবের নামের সঙ্গে তাদের যুক্ত করছে। তারা প্রশ্ন তুলেছে, "আমরা কি সত্যিই এখন এমন ক্লাব হতে যাচ্ছি?"
‘আমাদের মৌসুম শেষের সমীক্ষায় দেখা গেছে ৭৩ শতাংশ সমর্থক এই স্পন্সরশিপ নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন, যেখানে মাত্র ৫ শতাংশ সমর্থক সন্তুষ্ট ছিলেন। ভক্তদের প্রতি আমাদের আহ্বান থাকবে, জার্সিতে ওই প্রতিষ্ঠানের লোগো ছাড়া সংস্করণটিই যেন তারা ক্রয় করেন।’
এছাড়া, ২০২৫ সালের মে মাসে ‘কোলিশন টু এন্ড গ্যাম্বলিং অ্যাডস’ লেস্টার সিটিকে একটি চিঠি দিয়েছিল এবং যুক্তরাজ্যের জুয়া নিয়ন্ত্রণকারী সংস্থা ‘গ্যাম্বলিং কমিশন’-কে জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানটির প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
আরও পড়ুন: শুরু হলো আন্তর্জাতিক রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্স-২০২৬
তাদের দাবি ছিল, ‘বিসি ডট গেম’ যুক্তরাজ্যে লাইসেন্সপ্রাপ্ত না হলেও খুব সহজেই তাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করা সম্ভব হচ্ছে।
বিতর্ক বৃদ্ধি পাওয়ার পর বৃহস্পতিবার লেস্টার সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমাদের প্রধান পার্টনারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা ক্লাব অনুধাবন করছে। আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছি এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন