১০:০৬ এম
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের কারণে গত তিন দিন ধরে চলা অস্থিরতা সোমবার (১৬ নভেম্বর) অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরতে শুরু করেছেন। তবে শ্রম আইনের ১৩(১) ধারার আওতায় ২০টি কারখানা এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অন্যদিকে, শ্রমিক সেজে নাশকতার অভিযোগে শনিবার গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। মুহূর্তের মধ্যে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, কিলোমিটারের পর কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ির দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অলিগলি থেকে বেরিয়ে ফের অবরোধের চেষ্টা চালানো হয়।
আরও পড়ুন: একাধিক কাজী নিয়োগের খসড়া বাতিলের দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি করেছে পুলিশ।
রোববার সকালে মৌচাক, সফিপুর, কোনাবাড়ি ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানায় গিয়ে দেখা যায়, কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে ফিরে যাচ্ছেন। সেদিন পল্লীবিদ্যুৎ এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স ফোল্ডিং, ইকোটেক্স, ডিভাইসসহ ২০টি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙানো হয়। মৌচাক-সফিপুর-কোনাবাড়ি এলাকার আরও অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশ সদস্যরা লাঠি হাতে অবস্থান নিয়েছেন। বিজিবি সদস্যরা ঢাল ও অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন।
শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাক এলাকায় শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী, যারা নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন অংশের নেতাকর্মী, তারা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের পর্যাপ্ত উপস্থিতির কারণে তারা তা করতে পারেনি, ছত্রভঙ্গ হয়ে গেছে।
আরও পড়ুন: সরকারি খরচে মালয়েশিয়ায় যাওয়া ১ হাজার ‘জুলাই যোদ্ধা’ কারা? অস্বচ্ছতা ও নাম প্রকাশের দাবিতে প্রশ্ন
সেদিন একজন স্থানীয় নেতা মন্তব্য করেন, এই আন্দোলনটা একটা শ্রেণি, যারা এই দেশকে বিগত ১৭ বৎসর লুটপাট করে ফেলেছে, তাদের যারা দোসর তাদের একটা নীলনকশা। তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।
২০ কারখানা বন্ধ, অনন্তের ৩ কারখানা খুলল
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানাসহ মৌচাক ও কোনাবাড়ি এলাকার ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদে বিএনপির রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান
পুলিশ সুপার আরও জানান, কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
এরই মধ্যে সুখবর এসেছে অনন্ত গ্রুপ থেকে। গত ১২ নভেম্বর শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা অনন্ত অ্যাপারেলস লিমিটেড, অনন্ত ফ্যাশন লিমিটেড ও অনন্ত ডিজাইন লিমিটেড-এই তিনটি কারখানা সোমবার ১৬ নভেম্বর থেকে পুনরায় চালু হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, বর্তমানে শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা কর্তৃপক্ষ এবং কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা, সামগ্রিক পরিস্থিতির উন্নতি এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে আগামী ১৬/১১/২০২৬ ইং তারিখ (সোমবার) থেকে সকল ইউনিটের উৎপাদন কার্যক্রম পুনরায় চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এনামুল হক গ্রেপ্তার
মোতায়েন করা বিজিবি ও আনসার সদস্যরা কালিয়াকৈরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।
সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, শ্রমিক অসন্তোষ নিরসন ও উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার শিল্পকারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এবং কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু শ্রমিক অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।
কালিয়াকৈরে খোলা কারখানাগুলোতে ফিরেছেন শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। যেসব কারখানা খোলা আছে, সেখানে সকাল থেকেই শ্রমিকরা আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন এবং পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ, স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট-মৌচাক, চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ ও সফিপুর বাজার-প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশের দাবি, গত শনিবার কালিয়াকৈরে শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবির আন্দোলনের আড়ালে শ্রমিক সেজে নাশকতা চালানোর চেষ্টা করছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন