মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
০৭:৪৫ পি.এম
নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গত ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজার নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মেহেদী সরকার, পিতা নুরুল ইসলাম সরকার, সাপাহার বাজার, নওগাঁ; মো. রবিউল ইসলাম (৩৪), পিতা লোকমান আলী, মিছীরা, গাংগুরিয়া, পোরশা, নওগাঁ এবং মিলন চৌধুরী, পিতা মৃত মাইনুর সুলতান চৌধুরী, টিএনটি পাড়া, সাপাহার, নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় পৃথক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার নম্বর ১৪, তারিখ ১৭ আগস্ট ২০২৬ এবং অপর মামলার নম্বর ২, তারিখ ৪ নভেম্বর ২০২৬।
গ্রেফতারের পর তাঁদের সাপাহার থানা-পুলিশের হেফাজতে রাখা হয়। পরে সোমবার (১৬ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যাদের মধ্যে ছয়জন বাংলাদেশী নাগরিক। আটককৃত অপর দুইজন স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্য, যারা ছয় বাংলাদেশীর গাইড হিসেবে কাজ করছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।
আটক ছয় বাংলাদেশির মধ্যে রয়েছেন ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিম পাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)।
অপর দুইজন আটককৃত হলেন স্থানীয় লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)। বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় গাইডকে নিয়ে থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালান। ১৫ নভেম্বর রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় অবস্থান ও রাতযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবুসহ ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, তারা কেন সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন এবং কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা সহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুর শহরের শকুনি লেকপাড় এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে সাতটি রেস্টুরেন্টকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাদ্য সংরক্ষণে অনিয়ম, অনুমোদনহীন রঙের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ব্রেকহলি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ক্রেভিং রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, সিক্রেট সল্টকে ১৫ হাজার টাকা, স্ন্যাকস ইন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, লবঙ্গ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ব্লু বাইট ও ফুড ল্যাব রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্টগুলোর রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং একই চপিং বোর্ডে মাছ-মাংস ও সালাদ কাটার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া আগের দিনের ভাজাপোড়া খাবার ফ্রিজে খোলা অবস্থায় সংরক্ষণ, কেক তৈরিতে অনুমোদনহীন রঙের ব্যবহার, প্রয়োজনীয় অনুমোদনপত্র ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টিও ধরা পড়ে।
অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবার রহমান রিপন এবং মো. আব্দুল আহাদ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রায় দুই দশক ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর হাজারবিঘী গ্রামের মো. আব্দুর রহীম, যিনি শাহজাহান আলী নামে পরিচিত, বিভিন্ন এলাকায় কলা, আম, বরই, স্ট্রবেরি সহ নানান ধরনের ফল ও ফসল চাষ করে আসছেন। তিনি প্রায় ৫০ বিঘা জমিতে কলাসহ মোট ৭০ বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার পরামর্শে উপজেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র কৃষকও চাষাবাদে যুক্ত হয়েছেন।
তবে বর্তমানে রাসায়নিক সারের অভাবে তিনি চরম বিপাকে পড়েছেন। পদ্মা নদীর চরাঞ্চলে ৫০ বিঘা জমিতে প্রায় ১৫ হাজার কলাগাছ চাষ করেছেন তিনি। কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়ার কারণে বড় ধরনের লোকসানের শঙ্কা করছেন।
শাহজাহান আলী জানান, সার প্রয়োগের জন্য তার ৬০ বস্তা সার প্রয়োজন। বিভিন্ন ডিলারের কাছে ঘুরে সার না পেয়ে শেষে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেও তিনি মাত্র এক বস্তা সার পেয়েছেন। এই পরিস্থিতিতে তিনি হতাশ।
তিনি বলেন, "সরকার বলছে, দেশে সারের সংকট নেই এবং কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। তাহলে আমার ৬০ বস্তা সার প্রয়োজন হলেও দিনের পর দিন ঘুরে মাত্র এক বস্তা পেলাম কেন?" কৃষকদের প্রকৃত চাহিদা সম্পর্কে কৃষি কর্মকর্তাদের অবগতির বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
শাহজাহান আলী আরও জানান, লক্ষাধিক টাকা বিনিয়োগ করে তিনি কলা চাষ করেছেন। বর্তমানে সার প্রয়োগের উপযুক্ত সময়। প্রয়োজনীয় পরিমাণ সার না পেলে কলার উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে, যা তার মূলধন হারানোর পাশাপাশি কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নও ভেঙে দিতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকদেরও চাষাবাদে উৎসাহ হারানোর আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, শাহজাহান আলী শিবগঞ্জ উপজেলার অন্যতম বড় কলাচাষি। দুর্গম চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে কলা চাষের পাশাপাশি তিনি অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করে আসছেন। এছাড়া খুলনা, ফেনী, সিলেট, কুমিল্লা এবং ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও মিরপুরে বিভিন্ন ফল ও ফসল সরবরাহ করেন।
স্থানীয়দের মতে, শাহজাহান আলীর মতো একজন আদর্শ কৃষক ও উদ্যোক্তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা উচিত সরকার ও কৃষি বিভাগের।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, একজন চাষি ৫০ বিঘা জমিতে কলা চাষ করেও সার পাচ্ছেন না, এমন তথ্য পাওয়ার পর তাকে ডেকে দুই দফায় কিছু সারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সাধ্যমতো ওই কৃষকের পাশে থাকবে শিবগঞ্জ কৃষি বিভাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএফডিসিতে গতকাল রোববার মানববন্ধনে অংশগ্রহণ না করার কারণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।
এক পর্যায়ে জয়কে উদ্দেশ্য করে ক্ষুব্ধ হয়ে হেলাল খান বলেছেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেছেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
ঘটনার বিষয়ে চিত্রনায়ক জয় চৌধুরী জানিয়েছেন, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কিছু ভক্ত বসেছিলেন। তারা সেখানে অপেক্ষা করছিলেন কারণ তায়েব ভাই আসতে দেরি করছিলেন এবং জন্মদিনের কেক কাটতেও এসেছিলেন।
জয় আরও জানিয়েছেন, হেলাল ভাই মূলত ডি এ তায়েব ভাইকে সমর্থন করে কথা বলায় এবং মানববন্ধনে দেরি হওয়ার কারণে তার ওপর রাগ করে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেছেন। যদিও ডি এ তায়েব নিজেও জানেন না ওই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছিলেন।
এদিকে এফডিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উত্তেজনার মধ্যেই স্বামী জয় চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।
গতকালের এই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে স্বামীর প্রতি নিজের সমর্থন ও গর্ব প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে রোমানা লিখেছেন, ‘তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ