০৭:৪৬ পি.এম
বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যাদের মধ্যে ছয়জন বাংলাদেশী নাগরিক। আটককৃত অপর দুইজন স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্য, যারা ছয় বাংলাদেশীর গাইড হিসেবে কাজ করছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।
আটক ছয় বাংলাদেশির মধ্যে রয়েছেন ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিম পাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)।
আরও পড়ুন: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ,১২০দিনের মধ্যে নির্বাচন
অপর দুইজন আটককৃত হলেন স্থানীয় লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)। বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় গাইডকে নিয়ে থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালান। ১৫ নভেম্বর রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় অবস্থান ও রাতযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবুসহ ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, তারা কেন সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন এবং কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা সহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন