ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল


প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী জাতীয় সংসদে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও কারিগরি শিক্ষার বর্তমান সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, যেদিন থেকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান বেড়েছে, সেদিন থেকেই দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

সংসদে দেওয়া বক্তব্যে মো. মনিরুল হক চৌধুরী আরও বলেন, যদিও কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে বিভিন্ন আমলাতান্ত্রিক ও আন্তঃমন্ত্রণালয় জটিলতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মেডিকেল টেকনোলজি বা কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অচলাবস্থা নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি চিকিৎসা ও কারিগরি খাতের গুরুত্ব তুলে ধরে প্রশ্ন করেন, "ডাক্তার যত বড়ই হোক, ইনজেকশন দেওয়ার লোক না থাকলে কী হবে?" এই প্রশ্নের জবাব দেবেন কি না, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: দলিলে জমির পরিমাণ ও সীমানা যাচাইয়ের কার্যকর পদ্ধতি

দুই মন্ত্রণালয়ের রশি টানাটানি ও দ্বন্দ্বের কারণে কারিগরি শিক্ষার প্রসার ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুই মন্ত্রণালয়ের ঝগড়ায় এগুলো বন্ধ কেন? এই প্রতিষ্ঠানগুলো চালু করা হোক এবং কারিগরি শিক্ষা বোর্ডকে তার দায়িত্ব পালন করার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। কোনো মন্ত্রণালয়ের রক্তচক্ষু চলবে না।’

মন্ত্রণালয়ের কাজ শিক্ষাকে সহায়তা করা, বন্ধ করা নয়—এমন মন্তব্য করে বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকারের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে তিনি জানতে চান, কারিগরি শিক্ষার সব বাধা কবে দূর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে গুজব-উস্কানির অভিযোগে সেলিম খান নামে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ফেসবুকে গুজব-উস্কানির অভিযোগে সেলিম খান নামে যুবক আটক

ফেসবুকে বিশিষ্ট ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে অপপ্রচার, উস্কানি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৭ বছর বয়সী সেলিম খান নামে এক যুবককে আটক করা হয়েছে এসআরবি কর্তৃক।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, সেলিম খান দীর্ঘ সময় ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে গত শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এসআরবির ইন্তেখাব চৌধুরী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা আলামত পর্যালোচনায় দেখা যায়, সেলিম খান উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সম্মানিত ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। এসব পেজের মাধ্যমে তিনি নিয়মিতভাবে বিভ্রান্তিকর, মানহানিকর এবং সমাজে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দেওয়ার মতো পোস্ট প্রচার করতেন।

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এসআরবির গোয়েন্দা নজরদারি ও ফলো-আপ অপারেশন অব্যাহত রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের নিয়ন্ত্রণ বেড়েছে, বাব এল-মান্দেব প্রণালী থেকে পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


হুতিদের নিয়ন্ত্রণ বেড়েছে, বাব এল-মান্দেব প্রণালী থেকে পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী

সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী জানিয়েছে যে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকা থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে। এর ফলে, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হাতে চলে গেছে।

সরকারি বাহিনীর এই পিছু হটার ফলে, বৈশ্বিক নৌপরিবহনের অন্যতম প্রধান সংযোগস্থল বাব এল-মান্দেব প্রণালীতে হুতিদের প্রভাব এবং দর-কষাকষির সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। যখন আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালীতে ইরান নিরবচ্ছিন্নভাবে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, তখন এই ঘটনা বিশ্ববাণিজ্যের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।

দ্বিমুখী এই অবরোধ বা চাপের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো তাদের প্রধান আন্তর্জাতিক শিপিং রুটগুলো থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

বাব এল-মান্দেব প্রণালী সমুদ্রপথে বৈশ্বিক পণ্য ও কাঁচামাল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রুট। বিশেষ করে, মিশরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হলো এই জলপথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কারবারিদের বুকে কাঁপন ধরানো চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


মাদক কারবারিদের বুকে কাঁপন ধরানো চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে বদলি

চট্টগ্রাম রেঞ্জে অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ইয়াবার প্রবেশপথে এসে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। তিনি মাদক কারবারিদের মধ্যে ভয় ধরিয়ে দেন। তার নেতৃত্বে রেঞ্জের এগারো জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়। প্রতিদিনই বিপুল সংখ্যক মাদক কারবারিকে গ্রেফতার করা হচ্ছিল এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছিল। কিশোর গ্যাঙের বিরুদ্ধে চলছিল সাঁড়াশি অভিযান।

পুলিশি অভিযানের কারণে চট্টগ্রাম জেলাসহ রেঞ্জের প্রতিটি জেলায় অপরাধীরা দৌড়ের উপর ছিল। এ অবস্থায় আকস্মিকভাবে বদলি করা হয় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীকে। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় তাকে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়। অন্যদিকে ঢাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত জুলাই মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদ থেকে বদলি করে আবদুল কুদ্দুছ চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি অপরাধ দমনে তৎপর হয়ে ওঠেন। তার নির্দেশনায় চট্টগ্রামসহ রেঞ্জের অপরাধপ্রবণ এলাকায় পুলিশি অভিযান শুরু হয়। প্রায় প্রতিদিনই তিনি রেঞ্জের বিভিন্ন এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দিকনির্দেশনা দিতেন। রেঞ্জের কক্সবাজার জেলা দীর্ঘদিন ধরে ইয়াবার ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মিয়ানমার থেকে ইয়াবা পাচার রোধে কক্সবাজার পুলিশ কঠোর অবস্থান নেয়। ডিআইজির নির্দেশনায় কক্সবাজারের সীমান্ত থেকে শুরু করে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় ইয়াবাবিরোধী অভিযান জোরদার করা হয়। এতে সুফলও আসে। প্রতিদিনই পুলিশি অভিযানে ইয়াবার চালান আটক হচ্ছে এবং মাদক কারবারি গ্রেফতার হচ্ছে। এর ফলে ওই এলাকায় মাদক পাচার কমে আসছিল। ফেনী, কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে আসে ভারতীয় ফেনসিডিল। ওই দুই জেলার সীমান্তেও অভিযান জোরদার করা হয়।

তিন পার্বত্য জেলা থেকে চট্টগ্রাম হয়ে দেশি মদ পাচার হয়। এই মাদক ঠেকাতেও পুলিশের অভিযান চলছিল। পাহাড়ে অসন্তোষ দমনেও ডিআইজির নির্দেশনায় পুলিশ সক্রিয় ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে ডিআইজি আবদুল কুদ্দুছ পুলিশকে মাঠে নামান। এতে সড়ক ডাকাতি ও দস্যুতাও কমে আসে। একসময় কিশোর গ্যাঙ কালচার নগরীতে সীমাবদ্ধ থাকলেও এখন তা গ্রামীণ জনপদেও ছড়িয়ে পড়েছে।

কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাঙের বিরুদ্ধে অভিযানে জোর দেন ডিআইজি আবদুল কুদ্দুছ। তিনি কিশোর গ্যাঙের বিরুদ্ধে বিভিন্ন জেলায় সচেতনতামূলক সভা করেন। সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় দেখা গেলে আটক করারও হুঁশিয়ারি দেন। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। ডিআইজির নির্দেশনায় থানা-পুলিশও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক সভা করে।

রেঞ্জ পুলিশের কর্মকর্তারা জানান, বিগত চার মাসে অপরাধ দমনে ডিআইজির নেতৃত্বে পুলিশ বাহিনী অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো ভূমিকা রেখেছে। পুলিশের এই অ্যাকশনের ফলে অপরাধীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এর কৃতিত্ব অবশ্যই ডিআইজি আবদুল কুদ্দুছের। মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রত্যাশা, এ ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

মাত্র চার মাসের মাথায় বদলির বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুছ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, "এটা সরকারের সিদ্ধান্ত। এ ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ নেই। একজন পুলিশ কর্মকর্তা হিসাবে যেখানেই দায়িত্ব পাব সেখানেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌনতার বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাবের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


যৌনতার বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাবের অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই-এর একজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাবের অভিযোগ করেছেন ২১ বছর বয়সী এক লেবানিজ নারী। টেক্সাসের একটি আটক কেন্দ্রের নির্জন কক্ষে মার্কেল ওয়ালেস নামের আইসিই কর্মকর্তা তার ইচ্ছার বিরুদ্ধে যৌন উদ্দেশ্যে তাকে স্পর্শ করেছেন বলে অভিযোগ করেন এই নারী।

শনিবার মার্কিন গণমাধ্যম নিউজউইকে প্রকাশিত প্রতিবেদনে এ অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

রাহাফ আলি আলমেরহিজ নামের ওই নারী, যিনি লুসি ওয়াইজ নামে পরিচিত এবং নিজের পরিচয় প্রকাশে সম্মতি দিয়েছেন, দাবি করেছেন যে আইসিই-র ডিপোর্টেশন কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাকে রেমন্ডভিলের এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটির একটি নির্জন, স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ কক্ষে নিয়ে গিয়ে তার সম্মতি ছাড়াই যৌন উদ্দেশ্যে স্পর্শ করেন।

নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে আলমেরহিজ আরো অভিযোগ করেন যে, তিনি ওই কর্মকর্তার প্রস্তাবে রাজি না হলে তার স্বামীকে কারাদণ্ড দেওয়ার এবং দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হয়েছিল। তিনি বলেন, “সে আমাকে বলেছিল-আমি তোমাকে গ্রিন কার্ড দেব।” তিনি জানান, ওই কর্মকর্তা তাকে আরও বলেছিলেন যে তার স্বামী একজন বৃদ্ধ মানুষ এবং তার জন্য কিছুই করতে পারবে না। আলমেরহিজ জানান, ওয়ালেস তাকে বলেছিলেন, “আমিই একমাত্র ব্যক্তি যে তোমাকে সাহায্য করতে পারি।”

২০২৪ সালের আগস্টে মন্ট্রিল থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রিও গ্র্যান্ডে ভ্যালির কাছ থেকে গ্রেপ্তার হওয়া আলমেরহিজ জানান, ২০২৬ সালের এপ্রিলে তার সাবেক আইনজীবী অভিবাসন মামলা থেকে সরে দাঁড়ানোর পর; যখন তার কোনো আইনি প্রতিনিধি ছিল না; তখনই এই নিপীড়নের ঘটনা ঘটে। তিনি জানান, অন্যান্য তদন্তকারীদের সঙ্গে একটি সাক্ষাৎকারের আগে তার মামলা নিয়ে আলোচনার কথা বলে ওয়ালেস তাকে ডেকে পাঠান এবং পরে এল ভ্যালের ভেতরে একটি ছোট, নির্জন কক্ষে নিয়ে যান।

নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) দেওয়া এক শপথনামায় আলমেরহিজ একটি ছোট টেবিলযুক্ত কক্ষের বর্ণনা দিয়েছেন, যেখানে তিনি এবং ওয়ালেস একা ছিলেন। তিনি বলেন, “ওয়ালেস আমার প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে দেন এবং আঙুল প্রবেশ করান, এরপর আমার প্যান্ট ও অন্তর্বাস টেনে নিচে নামিয়ে দেন যতক্ষণ না আমার শরীরের নিচের অংশ নগ্ন হয়ে যায়। এবং নিজের প্যান্টও নামাতে শুরু করেন।”

শপথনামায় তিনি বলেন, “এসবের কোনো কিছুতেই আমার সম্মতি ছিল না। আমি প্রত্যাখ্যান করেছিলাম এবং তাকে থামতে বলেছিলাম।” তিনি আরো যোগ করেন, “আমি ছিলাম একজন বন্দি, আর তিনি ছিলেন এমন একজন কর্মকর্তা যার আমার মামলা, আমার মুক্তি এবং আমার চিকিৎসার ওপর প্রভাব ছিল। তাই তার সাথে যেতে অস্বীকার করার বা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার মতো সাহস বা পরিস্থিতি আমার ছিল না।” তিনি জানান, ওয়ালেস তাকে চাপ দেওয়ার জন্য নিজের পদ এবং তার অভিবাসন পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন এবং তাকে মুক্তি পাইয়ে দেওয়া ও গ্রিন কার্ডের প্রস্তাব দিয়েছিলেন। আলমেরহিজ বলেন, ওই কর্মকর্তা তাকে নিজের ফোন নম্বরও দিয়েছিলেন। তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে।”

আলমেরহিজের স্বামী স্যাম ওয়াইজ জানান, আইসিই হেফাজত ছাড়ার কয়েক মাস পর আগস্টের শেষের দিকে তিনি প্রথম এই নিপীড়নের কথা জানতে পারেন। আলমেরহিজ যে বন্ধুর কাছে ঘটনাটি খুলে বলেছিলেন, তার মাধ্যমেই তিনি বিষয়টি জানতে পারেন। তিনি জানান, দোষারোপ বা লজ্জার ভয়ে, অথবা তিনি তাকে ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কায় আলমেরহিজ তার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন। স্যাম ওয়াইজ নিউজউইককে বলেন, “আমি মর্মাহত এবং ক্ষুব্ধ।”

তিনি আরো বলেন, “আমি তাকে রক্ষা করতে পারিনি—এই অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। আর সে মাসের পর মাস একা ও নীরবে যে যন্ত্রণা সহ্য করেছে তা আমাকে কষ্ট দিচ্ছে। তবে লজ্জাটা ওই কর্মকর্তার, তার নয়। আমি তার সাহসের জন্য গর্বিত এবং আমি তাকে কখনোই ছেড়ে যাব না।” ওয়াইজ জানান, তার স্ত্রী টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন এবং তার ডেন্টাল ক্লিনিকে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

গত ১ মে স্বেচ্ছায় দেশত্যাগের অনুমতি পাওয়া আলমেরহিজ বর্তমানে মেক্সিকোতে বসবাস করছেন, অন্যদিকে গ্রিন কার্ডধারী তার স্বামী টেক্সাসেই রয়েছেন। তবে আইসিই-র মূল সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ডিএইচএস-এর একজন মুখপাত্র নিউজউইককে বলেন, “এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটিতে অসদাচরণের অভিযোগগুলো মিথ্যা।”

মুখপাত্র আরো যোগ করেন, “অসদাচরণের ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।”

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%