ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা


প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরে জাপান, দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারি জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারি : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, "জাপান সফরে আমাদের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারি সুদৃঢ় করা এবং বিনিয়োগ বৃদ্ধি করা।"

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন।

হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় জাপান সফরেও বাংলাদেশ বিভিন্ন খাতে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারিকে প্রাধান্য দেবে।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে মুনাফেকি করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী

তিনি আরও জানান, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগ অংশীদারি চায়।

জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, "কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে।"

তিনি স্মরণ করিয়ে দেন, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত এপ্রিলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানিসংকট ও স্থায়িত্ব মোকাবেলায় জাপানের উদ্যোগে অনুষ্ঠিত এক অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এ অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেই সম্পৃক্ততা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর জাপানি সরকারের আস্থা বৃদ্ধি করতে সাহায্য করে।

আরও পড়ুন: রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে মিনুর ৬ দফা দাবি

তিনি জানান, আসন্ন সফরে খাতভিত্তিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। খুব শিগগির তিনি সুবিধাজনক সময়ে এ সফরে যাবেন।

সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে হুমায়ুন কবির বলেন, "পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে।"

পবিত্র শহর মক্কা ও মদিনার সুরক্ষা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, "এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও আপসহীন। মুসলিম বিশ্বের পবিত্র স্থান ও মসজিদ রক্ষার যেকোনো উদ্যোগে সহযোগিতা বা সহায়তা চাওয়া হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।"

আরও পড়ুন: রাজনীতিবিদদের জনকল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ ছাড়া বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সেমিনারে বক্তব্য দেন।

আরও পড়ুন: স্পিকার সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১৯৭ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের ১২৬টির লাইসেন্স নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কুমিল্লায় ১৯৭ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের ১২৬টির লাইসেন্স নেই

কুমিল্লায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু প্রতিষ্ঠানে রক্ত সংগ্রহের সময় বারবার ভুলভাবে সুই প্রবেশ করানোর অভিযোগ রয়েছে, আবার কোথাও সার্বক্ষণিক দায়িত্বরত চিকিৎসকের অভাব দেখা গেছে। কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের নথি অনুযায়ী, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার ১৯৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১২৬টির লাইসেন্সের মেয়াদ নেই। এই পরিস্থিতিতে রোগী ও তাদের স্বজনরা এসব প্রতিষ্ঠানের তদারকি এবং জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলছেন।

রক্তদানে আসা ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন। রক্ত সংগ্রহের সময় বারবার ভুল জায়গায় সুই প্রবেশ করানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন রক্তদাতা। তাঁদের মতে, এই অভিজ্ঞতা শুধু অস্বস্তিকর নয়, চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তৈরি করে।

কুমিল্লার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগও শোনা যাচ্ছে। অভিযোগ রয়েছে, রোগী আসার পর অনকল চিকিৎসককে ডেকে আনা হয়, যা জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

রক্ত দিতে আসা যোবায়ের নামে এক যুবক সময় সংবাদকে বলেন, "অদক্ষ লোক দিয়ে রক্ত নেয়া হচ্ছে। আমার হাতে তিন জায়গায় সুই দিয়ে ঢুকিয়ে রক্ত নেয়ার চেষ্টা করা হয়েছে তারপর পারেনি। পরে আরেকজন মহিলা এসে রক্ত সংগ্রহ করেছে। অথচ আমি অসংখ্য বার বিভিন্ন রোগীকে হাসপাতালে রক্তদান করেছি। এমন পরিস্থিতি পড়তে হয়।"

মাহফুজ নান্টু নামে একজন বলেন, "কুমিল্লা বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ক্লিনিকের অবস্থা খুব খারাপ। এইসব হাসপাতাল ক্লিনিকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে এতে করে সেবা নিতে আসা রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। টাকা দিয়ে চিকিৎসা নিতে এসে বরং স্বজনদের মাঝে তৈরি হয় স্বাস্থ্য ঝুঁকির ভয়।"

জহিরুল ইসলাম আজিম নামে এক রোগীর স্বজন জানান, "কুমিল্লা আসছি ভালো সেবা পেতে। অথচ এসে চিকিৎসক পাওয়া যায় না। রোগীর হাসপাতালে আসার পর চিকিৎসককে কল করা হয়। চিকিৎসক আসতে আসতে সময় লাগে এক থেকে দুই ঘণ্টা। এতে করে ভোগান্তি পড়তে হয় রোগী ও স্বজনদের। অনেক সময় রোগীর অবস্থাও খারাপ হয়ে যায় অপেক্ষা করতে করতে।"

কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার ১৯৭ প্রতিষ্ঠানের ১২৬টির লাইসেন্সের মেয়াদ নেই।

সিভিল সার্জন কার্যালয়ের নথিতে কুমিল্লা জেলার তালিকাভুক্ত ১৯৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য রয়েছে। এর মধ্যে ১২৬টির লাইসেন্সের মেয়াদ নেই বলে নথিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বড় একটি অংশের লাইসেন্সের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, "কুমিল্লায় অনেক হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ নাই আবার কিছু কিছু হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সও নাই। আমরা তাদের চিঠি ইস্যু করেছি তাছাড়া হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়টাও অনেকের কাজ থেকে জেনেছি। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।"

রোগী ও স্বজনদের প্রত্যাশা, চিকিৎসাসেবার নামে অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি জোরদার করবে এবং যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যাবে, সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

রক্ত দিতে এসে ভোগান্তিতে রক্তদাতারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের বিরোধে সড়কে গাড়ি ব্যারিকেড, চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক ও বাস শ্রমিকদের বিরোধে সড়কে গাড়ি ব্যারিকেড, চলাচল বন্ধ

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালক এবং বাস শ্রমিকদের মধ্যে বিরোধের কারণে বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সকল প্রকার যানবাহনের চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যানবাহন না চলায় সড়কের দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

শনিবার বিকাল থেকে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার এলাকায় সড়কে গাড়ির ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় ইজি বাইক চালকদের এবং পরিবহন শ্রমিক-মালিকদের মধ্যে সড়কে চলাচল নিয়ে বিরোধ দেখা দেয়। শনিবার সকালে ইজিবাইক চালকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, শনিবার বিকেলে আলোকদিয়া বাজারে ইজিবাইক চালকরা বাস চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে।

এরপর বাস চালকরা বাস চলাচল বন্ধ করে দেন। সড়কে গাড়ি আড়াআড়ি রেখে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, মেহেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য আমরা কাজ করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা শাহজাহান মেম্বার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা শাহজাহান মেম্বার গ্রেপ্তার

লক্ষ্মীপুরের বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় যুবলীগ নেতা শাহজাহান মেম্বারকে গ্রেপ্তারের পর পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান।

এর আগে শুক্রবার রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার পুলিশ তাকে আটক করে এবং পরে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।

সূত্রে জানা গেছে, হাসিনার দেশত্যাগের পর থেকে শাহজাহান মেম্বার আত্মগোপনে ছিলেন। সোনাইমুড়ীতে তার এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে নোয়াখালী জেলা পুলিশ সুপার এই বিষয়টি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারকে অবহিত করলে, লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে নিয়ে আসে।

সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান এ বিষয়ে জানান, শাহজাহান মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অপরাধে আরও ৯টি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাকসুর আয়োজনে সাংবাদিকতায় নবীন শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


রাকসুর আয়োজনে সাংবাদিকতায় নবীন শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। কর্মশালার সমাপ্তির পর ২৮ জন শিক্ষার্থীকে সাংবাদিক ফেলোশিপ ও সনদ প্রদান করা হয়েছে।

শনিবার, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা সমাজে সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সম্পর্ক তুলে ধরেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। অনেক বড় সাংবাদিকের পাশাপাশি অসংখ্য লেখক ও সাহিত্যিকও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সাহিত্যকর্ম ও চিন্তাচর্চায় সাংবাদিকতার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সক্রেটিসের ‘Know Thyself’ বা ‘নিজেকে জানো’ উক্তির উদাহরণ টেনে তিনি বলেন, “আমাদের একজন লেখক ছিলেন, যিনি মাত্র দুটি শব্দ বলেছিলেন—‘Know Thyself’, অর্থাৎ ‘নিজেকে জানো’। জানেন, তিনি কে? তিনি সক্রেটিস। তাঁর চেহারা প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে আকর্ষণীয় ছিল না। কথিত আছে, তাঁর স্ত্রী প্রায়ই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতেন। কিন্তু সারা দেশের তরুণেরা তাঁর কথা শোনার জন্য অপেক্ষা করতেন। তিনি এত সুন্দর কথা বলতেন যে, ‘নিজেকে জানো’—এই দুটি শব্দই যথেষ্ট ছিল। সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই কথাটি মানুষের মনে গেঁথে আছে। আমরা বিভিন্ন বক্তৃতায়ও এর উদাহরণ দিই।”

বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত পঙ্‌ক্তি ‘পথিক, তুমি পথ হারাইয়াছ?’-এর প্রসঙ্গ তুলে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তাঁকে একজন সাহিত্যিক হিসেবে জানি। কিন্তু পাশাপাশি এটাও জানতে হবে, তিনি ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন। এমন একটি কালজয়ী পঙ্‌ক্তি রচনার পেছনে শুধু তাঁর সাহিত্যিক সত্তাই নয়, সাংবাদিকসত্তারও ভূমিকা ছিল।”

রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমরা তাঁকে একজন বড় কবি ও লেখক হিসেবে জানি। সাংবাদিকদের আমরা প্রায়ই বলি, ‘আপনারা সহজ করে লেখেন না কেন? এত ঘুরিয়ে বলেন কেন? সহজভাবে বলে দেন।’ অথচ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছিলেন, ‘সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’ তিনি শুধু কবি ছিলেন না, ‘সাধনা’ পত্রিকার সম্পাদকও ছিলেন। কিন্তু তাঁর এই পরিচয়টি আমরা অনেক সময় ভুলে যাই। তাঁর সাহিত্যিক সত্তার বিকাশে সাংবাদিকতার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।”

তিনি আরও বলেন, অনেক বড় কবি ও লেখক সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের হাত ধরেই বাংলা সাহিত্য ও ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান যুক্ত হয়েছে।

কাজী নজরুল ইসলামের সাংবাদিকতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাকসুর ভিপি বলেন, “তিনি ‘নবযুগ’, ‘লাঙল’ ও ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কীভাবে এমন অসাধারণ কবিতা লিখলেন, তা বুঝতে হলে তাঁর সাহিত্যিক সত্তার পাশাপাশি সাংবাদিকসত্তাকেও বিবেচনায় নিতে হবে। তাঁর লেখায় যে বিদ্রোহী চেতনা, সাহস ও শক্তিশালী ভাষার প্রকাশ ঘটেছে, তার পেছনে সাংবাদিকতার অভিজ্ঞতাও ভূমিকা রেখেছে। শুধু কবিসত্তা দিয়ে তাঁর সৃষ্টিকে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়।”

বাংলা ভাষার বিকাশে প্রমথ চৌধুরীর অবদান তুলে ধরে তিনি বলেন, “বাংলা সাহিত্যে যখন সাধুভাষার প্রচলন বেশি ছিল, তখন অনেকের কাছে সেই ভাষায় লেখা সাহিত্য পড়া কঠিন মনে হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। অন্যদিকে, রবীন্দ্রনাথের অনেক লেখার ভাষা সাধারণ পাঠকের কাছে কঠিন মনে হতো। সেই সময়ে প্রমথ চৌধুরী চলিত ভাষার প্রচলন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

তিনি আরও বলেন, “তিনি বলেছিলেন, ‘জীবনে লেখামি আর সাহিত্যে নেকামি আমি পছন্দ করি না।’ তাঁর ভাষাচর্চা শুধু সাহিত্যিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; তিনি ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদকও ছিলেন। বাংলা ভাষার বিকাশে তাঁর সাংবাদিকসত্তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

বিশ্বসাহিত্যে সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বাংলা সাহিত্য ও ভাষার ইতিহাসে সাংবাদিকেরা এভাবেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যে সাংবাদিকতার অবদান অনেক। আপনারা দেখবেন, অনেক নোবেলজয়ী সাহিত্যিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা তাঁদের লেখায় সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি তুলে ধরেছেন এবং ক্ষমতাসীনদের সমালোচনা করেছেন। আর্নেস্ট হেমিংওয়ের কথাই ধরুন। তাঁর ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচিত হয়। তাঁর সাহিত্যকর্মের পেছনে সাংবাদিকতার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।”

সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা যাঁদের ব্যঙ্গাত্মক লেখক বলি, যাঁরা সরকারের সমালোচনা করেন কিংবা সমাজের অসংগতি তুলে ধরেন, তাঁদের অনেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সাহিত্যকর্মে সাংবাদিকতার অভিজ্ঞতা ও সমাজ পর্যবেক্ষণের প্রভাব দেখা যায়। তাঁদের সাহিত্যিক ও সাংবাদিকসত্তা একসঙ্গে মিলে এমন সব রচনা সৃষ্টি করেছে, যা সারা বিশ্বের অসংখ্য পাঠককে প্রভাবিত করেছে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে রাকসুর ভিপি বলেন, “এ জন্যই আমি বলি, আপনারা সাংবাদিকতাকে প্যাশন হিসেবে নেবেন। আগামী দিনে সাংবাদিকতা পেশার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আপনাদের অবদান ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা।”

সাংবাদিকতায় ছাত্রীদের অংশগ্রহণে উৎসাহিত সাবেক জনসংযোগ প্রশাসক

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার নবীন শিক্ষার্থীদের সাংবাদিকতায় আগ্রহ ও বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, “এখানে যারা নতুন করে সাংবাদিকতা শুরু করেছে, তাদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের দেখে আমি খুবই উৎসাহিত হয়েছি। আমি যখন সাংবাদিকতায় ছিলাম, তখন যাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের মধ্যে মাত্র একজন ছাত্রীকে দেখেছিলাম। পরে আরও দুজন ছাত্রী নতুন করে শুরু করেছিল। এখন এখানে নতুনদের মধ্যে ছয়জনকে দেখা যাচ্ছে। এটি খুবই উৎসাহব্যঞ্জক। আশা করি, সবাই ভালো করবে। সবার জন্য শুভকামনা রইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%