১০:৩৯ এম
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন কর্মসূচি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও শিক্ষকেরা।
একই দিনে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে। রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মহিউদ্দিন আহমেদ।
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
এ সময় বক্তারা দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ঐক্যকে অটুট রেখে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন। তিনি বলেন, একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে একটি ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, যখন দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থকগোষ্ঠী এবং নিষিদ্ধ সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা ও সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি। তবে তিনি সতর্ক করেন যে, সরকারের ধৈর্যের সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ ও বর্তমান সরকার এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না। মানববন্ধনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক শাইক ইমতিয়াজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
এদিকে, গতকাল বেলা ৩টায় চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড় থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরের লালখান বাজার, জামালখান, লাভ লেন, ওয়াসা মোড় প্রদক্ষিণ করেন। এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ মিছিলের নেতৃত্ব দেন। পরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে গতকাল রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির মাঠে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
সমাবেশে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন বলেন, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, আপনারা কেয়ামতের কথা শুনেছেন; কিন্তু কেয়ামতের আলামত দেখেননি। জীবিত থাকতেই কেয়ামতের আলামত কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।
নুর হাসান বলেন, নিষিদ্ধ সংগঠন আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে। এর আগেও তারা লকডাউন কর্মসূচি দিয়েছিল; কিন্তু দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল ও মহানগর মহিলা দল রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা]
আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন