০৭:৪৮ পি.এম
‘মা, তুমি কবে আসবে? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারব না, আমার আর থাকা হবে না। আমি আর পারছি না। কেউ আমাকে বোঝে না, তুমি বোঝো।’ ১৫ বছর বয়সি বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্য, মায়ের সঙ্গে ফোনে শেষবার কথা বলার সময় এভাবেই তার কষ্টের কথা জানিয়েছিল। পরিবারের কাছে সেই কথাগুলো এখন স্মৃতি হয়ে রয়েছে। প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি মায়ের সঙ্গে দেখা করতে না পারার বেদনা নিয়ে শুক্রবার রাতে মারা যায় তূর্য।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তূর্যের মৃত্যু ঘটে। তার বাবা শাহাদাৎ হোসেন নিপু গণমাধ্যমের কাছে ছেলের শেষ কথাগুলো স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তূর্যের মা শারমিন সুলতানা প্রায় দুই মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ অক্টোবর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে পুলিশ শারমিন সুলতানাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শারমিন সুলতানা ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী। স্বজনদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে পারিবারিক বিরোধ থেকে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক জটিলতায় রূপ নিয়েছে।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রার্থীদের
মাকে কারাগারে নেওয়ার পর থেকে তূর্যকে তার সঙ্গে সরাসরি দেখা করতে দেওয়া হয়নি। তবে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ পেত সে। সর্বশেষ ফোনালাপে মাকে দ্রুত ফিরে আসার আকুতি জানিয়েছিল তূর্য। ছেলের সেই কথাগুলো স্মরণ করে শোকাহত বাবা জানান, মাকে কাছে না পাওয়ার কষ্টে ভুগছিল সে।
শাহাদাৎ হোসেন নিপু একজন আবৃত্তিশিল্পী এবং কিছুদিন আগে বাংলা একাডেমি থেকে অবসরে গেছেন। শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কাশিমপুর কারাগার থেকে ছেলের মরদেহ নিয়ে ফিরছিলেন।
শাহাদাৎ হোসেন বলেন, প্যারোলে মুক্তির প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। এ জন্য জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করতে হয়। অনুমতি মিললেও নানা ধরনের জটিলতা থাকে। তার ওপর সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ও বন্ধ ছিল।
তিনি জানান, ‘এজন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন। তূর্যের মায়ের সঙ্গে সেখানেই দেখা হয়েছে। এখন আমরা ঢাকার পথে আছি।’
আরও পড়ুন: ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ
ছেলের মৃত্যুর কারণ সম্পর্কে শাহাদাৎ হোসেন বলেন, ‘বাথরুমে পড়েছিল, সম্ভবত স্ট্রোক করেছে। আমরা যখন দেখি অনেকক্ষণ ধরে বাথরুম থেকে বের হচ্ছে না। তখন দরজা খুলে দেখি পড়ে আছে। স্ট্রোকই হবে। ও মানসিক যন্ত্রণায় ছিল। তাছাড়া ছোটবেলা থেকে বিভিন্ন রোগেও আক্রান্ত ছিল।’
তূর্যের জানাজা ও দাফনের বিষয়ে তার বাবা জানান, শনিবার বাদ আসর আজিমপুর ছাপড়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মোহাম্মদপুরের তাজমহল রোডে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন