প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশে বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। বর্তমানে তিনি ১৭ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে ঘটেছে। ভারতীয় তরুণের নাম সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা (২০)। তিনি ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। তার স্ত্রী মাহি আক্তার (১৭) স্থানীয় আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।
মাহির পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, ফাইজান ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মাহির মা ও ছোট ভাই। পরে তাকে বরিশালের গৌরনদীতে নিয়ে আসা হয়। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি ও মৌলভী ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর ফাইজানকে জামাই হিসেবে পশ্চিম চন্দ্রহার গ্রামের বাড়িতে নিয়ে যায় মাহির পরিবার।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার এসব তথ্য জানান। মাহি আক্তার বলেন, তার দক্ষিণ আফ্রিকায় থাকা বড় ভাইয়ের ইনস্টাগ্রাম বন্ধু ফাইজান। সেখান থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর ধরে তাদের সম্পর্ক চলছিল। তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবার থেকে একাধিকবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন।
মাহি আরও জানান, গত এক বছরে ফাইজানের সঙ্গে কথা বলে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখেছেন তিনি। ফলে তাদের মধ্যে ভাষাগত সমস্যা হচ্ছে না। পরিবারের অন্য সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজানও তার কাছ থেকে কিছু বাংলা শিখেছেন। তিনি বাংলাদেশেই স্ত্রীর সঙ্গে থাকতে চান।
ফাইজান শাহ জানান, তার বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারই মেনে নিয়েছে বলে দাবি করেন তিনি। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন জানিয়ে ফাইজান বলেন, বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান।
এদিকে ১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে বিদেশি তরুণের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। ভারতীয় ওই তরুণকে দেখতে মাহির বাড়িতে ভিড় করেন অনেকে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয় ও অন্যান্য তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।
তবে ১৭ বছর বয়সী কিশোরীর বিয়ের বিষয়টি আইনগতভাবে কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন