ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

কেপ ভার্দেকে হারিয়ে মেসির দখলে একাধিক বিশ্বরেকর্ড


কেপ ভার্দেকে হারিয়ে মেসির দখলে একাধিক বিশ্বরেকর্ড

লিওনেল মেসি যেন ফুটবল মাঠে শুধুমাত্র খেলতে নামেন না, বরং নতুন কোনো রূপকথা তৈরি করতে আসেন। আজ শনিবার (৪ জুলাই) সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপে কেপ ভার্ডের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের রাতে আর্জেন্টিনা অধিনায়ক যা করলেন, তা এক কথায় অবিশ্বাস্য। ৩৯ বছর বয়সেও তিনি এক ম্যাচেই ভেঙে চুরমার করে দিয়েছেন ফুটবল ইতিহাসের একগাদা রেকর্ড। কাতার বিশ্বকাপের সেই অতিমানবীয় রূপ ধারণ করে রাখা এই ম্যাচে তিনি শুধু গোলই করেননি, বরং ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ‘গোল কুড়ি’র মাইলফলক স্পর্শ করে এক অনন্য রেকর্ডগাথা লিখেছেন এই মহাতারকা।

কেপ ভার্ডের বিরুদ্ধে মাঠে নেমেই প্রথম রেকর্ডটি গড়েন মেসি। আজ তিনি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০তম ম্যাচ খেলার অসাধারণ কীর্তি গড়লেন। এরপর ম্যাচের প্রথম গোলটি করে বিশ্বকাপে তার গোলসংখ্যা ২০-এ নিয়ে যান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই জাদুকর। বিশ্বকাপে আর কোনো ফুটবলারই ২০টি গোল করে এমন রেকর্ড তৈরি করতে পারেনি।

এছাড়া চলতি বিশ্বকাপে আজ তিনি নিজের সপ্তম গোলটি করেছেন। এই মাধ্যমে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) অন্তত ৭টি বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি। আর মাত্র একটি গোল করলে তিনি ১৯৩০ বিশ্বকাপে গুইলারমো স্ট্যাবিলের গড়া এক আসরে কোনো আর্জেন্টাইনের সর্বোচ্চ ৮ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

আজকের ম্যাচের পর মেসির অবদান বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে নকআউট পর্বের ম্যাচগুলোতে তিনি ১২টি গোলে ভূমিকা রেখেছেন (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট)। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের যৌথভাবে সর্বোচ্চ ১১টি গোলের অবদানের রেকর্ডটি ভেঙে দিয়েছেন।

এছাড়া, হাঙ্গেরির গিয়র্গি সারোসি এবং ব্রাজিলের ভাভার পর ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার নজির গড়েছেন মেসি। আর্জেন্টিনার খেলা গত ৬টি নকআউট ম্যাচের দিকে লক্ষ্য করলে মেসির প্রভাব স্পষ্ট হয়ে ওঠে, যেখানে দলের ১০টি গোলের মধ্যে সরাসরি অবদান রেখেছেন তিনি (৬ গোল ও ৪ অ্যাসিস্ট)।

বয়স যে তার ধার কমাতে পারেনি, তার প্রমাণ দেয় আরেকটি পরিসংখ্যান। ৩৫ বছর পার হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে একাই ১৪টি গোল করেছেন মেসি। অথচ ফুটবল ইতিহাসে ৩৫ বছর পার হওয়া পৃথিবীর অন্য সব ফুটবলার মিলিয়ে বিশ্বকাপে গোল করতে পেরেছেন মাত্র ২৫টি!

আজ ৩৯ বছর বয়সি মেসি যখন কেপ ভার্ডের ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনহার জালে বল পাঠান, তখন আরেকটি অদ্ভুত রেকর্ড তৈরী হয়। গোলদাতা ও গোলরক্ষকের সম্মিলিত বয়স ছিল ৭৯ বছর ৬১ দিন–যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি গোলদাতা ও গোলরক্ষকের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড।

আরও পড়ুন: মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

এছাড়া, বিশ্বকাপে এ পর্যন্ত ২২টি ভিন্ন দেশের মুখোমুখি হয়ে ১৪টি দেশের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির এই রেকর্ডত্বের দিনে কেপ ভার্ডেকে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা আরও সুসংহত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বড় পরিসরে দৃঢ় অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, পারস্পরিক বাণিজ্য, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় গড়ে তোলা প্রয়োজন।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম), ঢাকায় মার্কিন দূতাবাসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র এখন প্রচলিত সহায়তানির্ভর সম্পর্কের বাইরে গিয়ে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য, বিনিয়োগ এবং যৌথ সমৃদ্ধির ভিত্তিতে প্রকৃত অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

তার ভাষায়, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অর্থ ‘আমেরিকা একা’ নয়; বরং অভিন্ন অর্থনৈতিক স্বার্থ রয়েছে— এমন নির্ভরযোগ্য অংশীদারদের সঙ্গে কাজ করে উভয় পক্ষের প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উদ্ভাবন, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার একটি কাঠামো তৈরি করবে।

বাংলাদেশকে এ অঞ্চলের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, তরুণ কর্মশক্তি, স্থিতিশীল বেসরকারি খাত এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি মার্কিন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য।

তবে এই সম্ভাবনা কাজে লাগাতে, তিনি আমলাতান্ত্রিক জটিলতা কমানো, দুর্নীতি মোকাবিলা এবং বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন। তার মতে, এসব সংস্কার উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের জন্য, মার্কিন রাষ্ট্রদূত জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, উন্নত উৎপাদনশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি সই হওয়া জ্বালানি খাতের সমঝোতা স্মারকের (এমওইউ) প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করেছে এবং বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

অ্যামচেম বাংলাদেশের ভূমিকাও তুলে ধরেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাংলাদেশের বেসরকারি খাতের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে সংগঠনটি। বিশেষ করে জ্বালানি খাতসহ বিভিন্ন নীতিগত সংস্কারে সরকারের সঙ্গে তাদের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয়: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন প্রশংসনীয়: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, অনগ্রসর ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অর্থের অভাবে যেন ঝরে না পড়ে, সেজন্য স্থানীয়ভাবে শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।

আজ শনিবার, ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নবগঠিত শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল অর্থের অভাবে শিক্ষা জীবন থেকে ছিটকে না পড়ে, এমনটি নিশ্চিত করতে হবে। নান্দাইলে গঠিত এই শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতে এই ট্রাস্টের আওতা আরও বাড়িয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হলে এটি সামগ্রিক জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি সমাজের বিত্তবানদের এই মহতী উদ্যোগকে এগিয়ে নিতে আহ্বান জানান।

শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দিয়ে তিনি এই শিক্ষা সহায়তা ট্রাস্টের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।

নান্দাইল উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সহায়তা ট্রাস্টের সদস্য সচিব এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


শায়েস্তাগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী ফারুক চুনারুঘাট থেকে গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি হত্যা মামলার প্রধান এজাহার ভুক্ত পলাতক আসামী ফারুক মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোর রাতে আনুমানিক ৩ টা সময় চুনারুঘাট থানা এলাকায় রানিরকুট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানার ১১ নং ব্রামণডোরা ইউনিয়নের ব্রামণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে । থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে গত ৩ জুলাই দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস অভিযানিক টিম বিশেষ অভিযান চালায়।

পরে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সবুজ মিয়ার বসতবাড়ি ঘর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।

গত ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার প্রধান এজাহার ভুক্ত আসামী ছিলেন মোঃ ফারুক মিয়া। ঘটনার পর থেকেই তিনির আত্মীয় বাড়িতে পলাতক ছিলেন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন , গ্রেফতারের পর আসামী বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানানো হয় ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে অংশগ্রহণকারীদের জন্য ৫ কোটি রুটি প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


খামেনির শেষ বিদায়ে অংশগ্রহণকারীদের জন্য ৫ কোটি রুটি প্রস্তুত

যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর চার মাস পরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। এতে ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশাল এই জনসমুদ্রের খাবার নিশ্চিত করতে ১৬টি ভ্রাম্যমাণ বেকারিসহ ৫ কোটি রুটি তৈরির প্রস্তুতি নিয়েছে দেশটি।

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ জানিয়েছে, আগত শোকগ্রস্ত মানুষদের খাওয়ানোর উদ্দেশ্যে ১৬টি ভ্রাম্যমাণ বেকারিসহ ৫ কোটি রুটি তৈরির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫০০টি অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার, ১০০টি ড্রোন এবং ২০ হাজার ক্লাসরুম আবাসন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বাসিজ আরো জানিয়েছে, তেহরানের ইতিহাসে সবচেয়ে বড় ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ব্যক্তিগত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জুলাইয়ের তীব্র গরম থেকে জনতাকে বাঁচাতে মোসাল্লা কমপ্লেক্সের চত্বরে ৬ হাজারের বেশি পানির স্প্রিঙ্কলার বসানো হয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ 'বিদায় অনুষ্ঠান' করার লক্ষ্য তাদের। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসলামিক প্রজাতন্ত্রের টিকে থাকার এবং প্রতিরোধের ক্ষমতা প্রদর্শন করা হবে। তবে এই বিশাল আয়োজনের ফলে তেহরানের সাধারণ নাগরিকেরা তীব্র ট্রাফিক জ্যাম ও জ্বালানি সংকটের মতো নানা ভোগান্তিতে পড়েছেন।

গতকাল শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। টানা সাত দিন ধরে ইরান এবং ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশির ভাগই খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আজ সকাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে লাখ লাখ মানুষ সারি বেঁধে দাঁড়িয়ে আছেন।

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে মানুষের ঢল নেমেছে। গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে পৌঁছানোর জন্য ভোর থেকেই লাখ লাখ মানুষ দ্রুতগামী এই গণপরিবহন ব্যবস্থা চালুর অপেক্ষায় জড়ো হয়েছেন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরিহিত শত শত শোকার্ত মানুষ বন্ধ স্টেশনের গেটের সামনে অপেক্ষা করছেন। গেট খোলার পর প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়।

উল্লেখ্য, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা আলী খামেনি শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। সম্প্রতি মোজতবাকে হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। সেই হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আয়াতুল্লাহ খামেনিকে গত মার্চ মাসে দাফন করার পরিকল্পনা ছিল। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই সূচি পিছিয়ে দেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই দিনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন শুরু হয়েছিল।

আগ্রাসনের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ১৭ জুন দেশ দুটি একটি সমঝোতা স্মারকে সই করে। এখন তারা কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী শান্তিচুক্তির জন্য আলোচনা চালাচ্ছে।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতকাল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

তেহরানে আয়োজিত এই অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় উপপররাষ্ট্রমন্ত্রী মার্গারিটা, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সহসভাপতি হে ওয়েই, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রমুখ। এছাড়া ছিলেন ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিরা।

তবে পশ্চিমা কোনো কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র: সিএনএন, আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%