প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রেক্সিটের এক দশক পর যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করছে। এই লক্ষ্যে আজ শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে মিলিত হচ্ছেন যুক্তরাজ্য ও ইইউর নেতারা। বৈঠকে খাদ্যপণ্য বাণিজ্য, কার্বন নিঃসরণ এবং তরুণদের যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক করবেন। ২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ার পর এটি দুই পক্ষের মধ্যে দ্বিতীয় শীর্ষ সম্মেলন।
গত বছরের শীর্ষ সম্মেলনকে লন্ডন ও ব্রাসেলসের সম্পর্ক পুনর্গঠনের জন্য একটি ‘স্থিতিশীল ভিত্তি’ হিসেবে অভিহিত করা হয়েছিল। তবে শুক্রবারের বৈঠকটি দুই পক্ষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে বার্নহাম মন্তব্য করেছেন, "ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য যতটা লাভবান হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে—এটি একটি ‘স্পষ্ট সত্য’।" ২০১৬ সালে যুক্তরাজ্যে ইইউ ছাড়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে মত দেন, যদিও গণভোটটি আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না।
বার্নহামের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ব্রাসেলসের সঙ্গে সম্পর্কের সংস্কার তার সরকারের অন্যতম অগ্রাধিকার।
সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি হতে পারে প্রাণী, উদ্ভিদ ও এ-সংশ্লিষ্ট পণ্যের আন্তসীমান্ত বাণিজ্য নিয়ে। যুক্তরাজ্যের হিসাব অনুযায়ী, এসব পণ্যের ওপর বর্তমানে যে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ রয়েছে, তা তুলে নেওয়া গেলে বছরে ৫১০ কোটি পাউন্ড (৬৭০ কোটি ডলার) অর্থনৈতিক সুবিধা পাওয়া সম্ভব।
কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা নিয়েও একটি চুক্তি হতে পারে। এর আওতায় যুক্তরাজ্য ও ইইউ পরস্পরের পণ্যের ওপর কার্বন সীমান্ত শুল্ক আরোপ থেকে অব্যাহতি দিতে পারে। ইস্পাতের মতো পণ্য এই চুক্তির আওতায় আসতে পারে।
তরুণদের যাতায়াত ও কর্মসংস্থানের সুযোগ নিয়েও একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইইউর ১ লাখ নাগরিক যুক্তরাজ্যে সর্বোচ্চ তিন বছর বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। একইভাবে যুক্তরাজ্যের ১ লাখ নাগরিকও ইইউভুক্ত দেশগুলোতে বসবাস ও কাজ করতে পারবেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্য প্রথমে অর্ধেকসংখ্যক মানুষের জন্য এই সুযোগ চালুর প্রস্তাব দিয়েছিল।
এদিকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউর শিক্ষার্থীদের জন্য স্থানীয় শিক্ষার্থীদের সমপরিমাণ টিউশন ফি নির্ধারণের দাবি জানাচ্ছে ইইউ। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের তুলনায় স্থানীয় শিক্ষার্থীদের টিউশন ফি অনেক ক্ষেত্রে প্রায় এক-তৃতীয়াংশ।
তবে লন্ডন এ বিষয়ে শুধু ‘উল্লেখযোগ্য পরিমাণে কমানো’ ফি নির্ধারণে সম্মত হয়েছে। ফলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
এ ছাড়া ইইউর ‘মেইড ইন ইউরোপ’ নীতিমালার আওতায় আসতে চায় যুক্তরাজ্য। ব্রাসেলস এ বিষয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে এর জন্য যুক্তরাজ্যকে ইইউর নীতিমালা মেনে নিতে হবে।
এই শর্ত মানা বার্নহামের জন্য রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। কারণ, যুক্তরাজ্যে এখনো ইউরোপীয় ইউনিয়নবিরোধী উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রয়েছেন। ফলে ব্রাসেলসের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগে তাঁকে দেশের ভেতরের রাজনৈতিক বিরোধিতাও সামলাতে হতে পারে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন