০৩:১২ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, পরাজিত শক্তি এবং তাদের মদদদাতারা দেশের সামাজিক সম্প্রীতি এবং স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি উল্লেখ করেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করার জন্য বিএনপির নেতাকর্মীরা ‘ঘুমহীন প্রহরীর’ মতো সজাগ এবং প্রস্তুত রয়েছেন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রয়াত ব্রি. জেনারেল অব. আ স ম হান্নান শাহ’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
রিজভী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য অতীতের মতো এখনো বিভিন্ন ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। গতকাল নাশকতার পরিকল্পনার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি এবং তাদের দোসররা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিটি পূজামণ্ডপে নজরদারি রাখবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।
বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশে লুটপাট, চাঁদাবাজি এবং মানুষের জায়গা-জমি ও সম্পদ দখলের যে অরাজকতা তৈরি হয়েছিল, বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির রাজনীতি শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি।
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তৃণমূলের প্রতিটি নেতাকর্মী সরকারের অংশ। তাই তাদের আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত রাজনৈতিক পরিস্থিতিতে পদ-পদবির লোভ পরিহার করতে হবে। রাতারাতি বিত্তশালী হওয়া কিংবা ঠিকাদারি ব্যবসার লোভে দলের দীর্ঘদিনের ত্যাগ ও আদর্শ বিসর্জন দেওয়া যাবে না।
আরও পড়ুন: উত্তরা ব্যাংকের ৬২ কোটি টাকার ক্ষতি, চেয়ারম্যান-এমডির গ্রুপের জন্য কমেছে ফ্লোর ভাড়া
দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে ডিজেল আমদানিতে সংকট তৈরি হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ঠার সঙ্গে দিনরাত পরিশ্রম করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দেশের সামগ্রিক অর্থনীতি সচল রাখতেও সরকার কাজ করছে।
সভায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এবং জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন