প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ধানমণ্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, মশক নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অভিযান চালিয়েছে। এই অভিযানে মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (২০ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১-এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ১৮ নম্বর ওয়ার্ডের সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেখানে হাউস নম্বর-১, সড়ক নম্বর-২ এবং ধানমণ্ডি-মিরপুর সড়কের উভয় পাশের ফুটপাত ও সড়ক থেকে দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময়ে ফুটপাত ও সড়ক দখলের দায়ে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হাতিরপুলসংলগ্ন কাঁচাবাজার ও আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের কার্যক্রমের অংশ হিসেবে সকাল থেকে বিকেল পর্যন্ত আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নাগরিক সচেতনতা বৃদ্ধি, বাজার ও দোকানপাটে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে এসব অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন