১০:৩০ এম
ঢাকা, ৪ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে বর্তমানে নিজের সীমিত ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন নেইমার, এমন মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এই পরিস্থিতি তিনি পেশাদারিত্বের সাথে দেখছেন এবং পুরো দলের ওপর এর ইতিবাচক প্রভাব পড়েছে।
ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলদাতা ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেছিলেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের ম্যাচে তিনি শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন।
মেটলাইফ স্টেডিয়ামে রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩৪ বছর বয়সী নেইমার আবারও বদলি বেঞ্চে থাকবেন।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
ব্রাজিলিয়ান পত্রিকা ফোয়া ডি সাও পাওলোতে দেয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। কিন্তু সে শান্ত আছে। অনুশীলনেও ভালো করছে। নেইমার সতীর্থদের কাছে খুবই শ্রদ্ধার একজন খেলোয়াড়। সবাই তাকে অনেক ভালোবাসে। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে নেইমারের প্রভাব অপরিসীম। ব্যক্তি হিসেবেও নেইমার অসাধারণ। তাকে দলে পেয়ে আমি দারুণ খুশী। তবে অবশ্যই প্রতি ম্যাচেই সে খেলতে চায়।’
ডান পায়ের কাফ পেশিতে ইনজুরি নিয়ে টুর্নামেন্টে খেলতে এসেছে নেইমার।
নেইমার ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখন পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। যদিও বার্সেলোনা এবং পিএসজির সাবেক এই সুপারস্টারের ম্যাচ ফিটনেস নিয়ে এখনও কিছু শঙ্কা রয়েছে।
আনচেলত্তি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে নেইমার খেলার জন্য প্রস্তুত। তবে কেউই জানেনা কতক্ষণ সে খেলতে পারবে। ম্যাচের ছন্দ ধরে রাখার মতো অভিজ্ঞতা তার রয়েছে। দলে যখনই তার প্রয়োজন হবে আমি তাকে মাঠে পাঠাবো।’
আরও পড়ুন: সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
এর আগে চারবারের মোকাবেলায় কখনই নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটিতে সেলেসাওরা পরাজিত হয়েছে। এছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত নকআউট পর্বে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি ব্রাজিল।
আনচেলত্তি বলেছেন, ‘নরওয়ের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। কিন্তু একটি ভালো ম্যাচ উপহার দেবার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। রক্ষণভাগে নরওয়ে বেশ গোছানো একটি দল। আমরা সবকিছুর জন্যেই প্রস্তুতি নিয়েছি। হয়তো আমরা গোল হজম করতে পারি, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কৌশলও আমাদের জানা আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন