মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৮ এম
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এই ছিনতাইয়ের পর একই সড়ক থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রের মুখে মোটরসাইকেলটি ছিনতাই করা হয়।
সূত্রে জানা গেছে, সাহারবাটি গ্রামের আরিফুল ইসলাম একটি টিভিএস মোটরসাইকেল নিয়ে সাহারবাটি থেকে তেঁতুলবাড়ীয়া গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফাঁকা মাঠের মধ্যে প্রবেশ করার পর সড়কের উপর আড়াআড়ি রশি টাঙ্গিয়ে তাকে গতিরোধ করে ছিনতাইকারীরা। দেশি অস্ত্র দেখিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী।
ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ছিনতাইয়ের ঘটনার স্থান থেকে ১ কিলোমিটার দূরে একই সড়কে দুটি বোমা পড়ে থাকতে দেখা যায় স্থানীয়দের দ্বারা। কাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, ছিনতাইকারীরা পালানোর সময় বোমাসদৃশ বস্তু দুটি ফেলে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, বোমাসদৃশ বস্তু দুটি নিরাপদে থানায় হেফাজতে নেওয়া হচ্ছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে (৬৫২০) সচিব পদে পদোন্নতি প্রদান করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া, প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম, পরিকল্পনা ও প্রস্তুতির জন্য ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি’ গঠন করেছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে মনোনীত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে ঢাকা মহানগর উত্তর অংশের সদস্যরা হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণ অংশের সদস্যরা হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।
ঢাকা বিভাগ উত্তর অংশে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম রয়েছেন। ঢাকা বিভাগ দক্ষিণ অংশে সদস্যরা হলেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।
চট্টগ্রাম বিভাগ উত্তর অংশের সদস্যরা হলেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণ অংশে সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা রয়েছেন।
রাজশাহী বিভাগে কমিটির সদস্য হিসেবে ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এসএম সাইফ মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুলনা বিভাগে হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান রয়েছেন।
রংপুর বিভাগে মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন সদস্য হিসেবে রয়েছেন। ময়মনসিংহ বিভাগে আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান অন্তর্ভুক্ত হয়েছেন।
সিলেট বিভাগে আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ রয়েছেন। বরিশাল বিভাগে আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত সদস্য হিসেবে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব, দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা যায়, "জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, সদর থানা ছাত্রলীগের পক্ষ থেকে দেশব্যাপী ধর্মঘট সফল হোক, সফল হোক ..." ইত্যাদি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম তালুকদার জানান, রেললাইনে আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পাশেই শহীদ এম. মনসুর আলী স্টেশন এলাকায় কর্মরত স্টাফরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু সেখানে জড়িতদের কাউকে পাওয়া যায়নি।
এছাড়া একই রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত রোববার (৮ নভেম্বর) একটি র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী সামনের সারিতে ব্যানার ধরে অংশগ্রহণ করেন।
এ ঘটনার পর সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা একটি বিবৃতি জারি করে, যেখানে তারা নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসিকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানায়।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার আমির আব্দুল হক ও সেক্রেটারি লুৎফর রহমান স্বাক্ষর করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত র্যালিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে থানার ওসি জুলফিকার আলীকে দলীয় ব্যানার হাতে অংশ নিতে দেখা গেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে এভাবে উপস্থিত হওয়া আমাদের গভীর উদ্বেগ ও হতাশার কারণ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের সকল নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন করে কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একজন পুলিশ কর্মকর্তা তার নিরপেক্ষতার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না।
এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে।
এ বিষয়ে কথা বলতে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ