প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সাদুল্লাপুরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশত উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গোশত প্রক্রিয়াজাতকারী, বিক্রেতা ও কসাইদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গোশত বিক্রেতা, প্রক্রিয়াজাতকারী ও কসাইরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক কান্তি বর্মণ, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী আলমগীর হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিচ্ছন্ন পরিবেশে গোশত প্রক্রিয়াজাতকরণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার ও জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার, সঠিক পদ্ধতিতে গোশত সংরক্ষণ এবং বিক্রয়কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। নিরাপদ ও মানসম্মত গোশত সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হয়।
বক্তারা উল্লেখ করেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশত নিশ্চিত করতে গোশত বিক্রেতা ও প্রক্রিয়াজাতকারীদের সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। গোশতের গুণগত মান বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বিক্রির প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে সবাইকে নিরাপদ গোশত সরবরাহে সচেষ্ট হওয়ার আহ্বান জানান বক্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন