০৬:১১ পি.এম
প্রেমিকার ভালোবাসার বহিঃপ্রকাশ। গাড়িজুড়ে লিপস্টিকের ৩ হাজার ৪০০টি চুমুর দাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই অবশ্য আনন্দের বদলে বিপাকে পড়লেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক যুবক। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে তাকে গুনতে হয়েছে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা।
ঘটনাটি গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, একটি গাড়ির প্রায় পুরো শরীরজুড়ে লিপস্টিকের অসংখ্য দাগ। জানা যায়, গাড়িটির মালিক আদিত্য সিকারওয়ারের প্রেমিকা এমন অভিনব কায়দায় গাড়িটি সাজিয়েছিলেন।
ট্রাফিক পুলিশের পরিদর্শক অভিষেক রঘুবংশী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। গাড়িটিকে সিটি সেন্টার এলাকায় চলাচল করতেও দেখা যায়। পরে তদন্ত করে গাড়িটির মালিককে থাটিপুর এলাকা থেকে শনাক্ত করা হয়। তাকে থানায় নিয়ে যাওয়ার পর মোটর ভেহিকেলস আইনে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
আরও পড়ুন: সংবিধান সংশোধনসহ চারটি কমিটি পুনর্গঠন, বিএনপির রুবেল বাদ
আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তার প্রেমিকা গাড়িটি সাজানোর সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গাড়িজুড়ে ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর দাগ দেন তিনি। এরপর সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
তবে গাড়িতে এ ধরনের পরিবর্তন যে আইনের চোখে অপরাধ হতে পারে, তা জানতেন না আদিত্য। পুলিশের নির্দেশ পাওয়ার পর গাড়ি থেকে সব লিপস্টিকের দাগ পরিষ্কার করেন তিনি এবং জরিমানাও পরিশোধ করেন। সূত্র: ডেকেন হেরাল্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন