০৬:৩৮ পি.এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার ইসলামপন্থী কোনো ধরনের কর্মকাণ্ড করবে না। যদি কেউ এর বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামের জন্য যা কিছু করা প্রয়োজন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কাজগুলো করছেন। এজন্য বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদান করেছেন। ফ্যাসিস্ট আমলে হেফাজতে ইসলামকে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছি। ফ্যাসিস্টরা এদেশের আলেম-ওলামাদের যেভাবে নির্যাতন করেছে, তার বিচার আল্লাহ করেছেন। আজ তারা দেশছাড়া।
আজ দুপুরে কেরানীগঞ্জে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে পবিত্র হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান আরও উল্লেখ করেন, ফ্যাসিস্ট আমলে আলেম-ওলামারা দাড়ি-টুপি পরে রাস্তায় চলাচল করতে পারতেন না এবং তাঁদের নানাভাবে নির্যাতন করা হতো। ৪০ বছরের স্মৃতিবিজড়িত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যারা এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তারা আজ দেশছাড়া। গত ১৭ বছরে তিনি ১১ বার জেল খেটেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ছয় মাস আগে তাকে একটি পাতানো গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখে যারা বিএনপিকে ভোট দিয়েছিলেন, তাদের আস্থার প্রতিফলন ইতিমধ্যেই ঘটাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নিজেই।
আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত
আমান আরও বলেন, ফ্যাসিস্টদের দোসররা শ্রমিক আন্দোলনের নামে কিছু কিছু গার্মেন্টসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কেউ কেউ বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবে। কিন্তু এটি কখনো সম্ভব নয়। যে ফ্যাসিস্ট একবার দেশ থেকে পালিয়ে যায়, সেই ফ্যাসিস্ট আর ফিরে আসার নজির পৃথিবীতে কোথাও নেই।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিববুল্লাহিল বাকি নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফুল্লাহ, ঢাকা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, ঢাকা জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মোহাম্মদ আল-আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন