প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের ইসলামাবাদে ১৩ বছর বয়সী গৃহকর্মী ফাতিমা আসগরের মৃত্যুর পর শিশুদের গৃহকর্মে নিয়োগ ও নির্যাতন বন্ধের জন্য আট দফা পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছেন দেশটির সাবেক সংসদ সদস্য। তার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন, শিশুশ্রমের জাতীয় তথ্যভান্ডার তৈরি, নিয়োগকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং অপরাধীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা। খবরটি প্রকাশ করেছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
‘দ্য চিলড্রেন বিহাইন্ড ক্লোজড ডোরস’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। নিবন্ধে উল্লেখ করা হয়, ফাতিমার মৃত্যু পাকিস্তানে গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হওয়া উচিত।
নিবন্ধে বলা হয়েছে, ফাতিমা প্রথম শিশু নয়, যে গৃহকর্মে নিয়োজিত অবস্থায় নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। কানিজ ফাতিমা, ইকরা, ফাতিমা ফিরো, জোহরা বিবি ও রিজওয়ানাসহ আরও অনেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনার অনেকটাই প্রকাশ্যে আসেনি। এসব মৃত্যুর ঘটনা শিশুশ্রম, জোরপূর্বক শ্রম এবং দরিদ্র পরিবারের শিশুদের সুরক্ষায় রাষ্ট্রের ব্যর্থতার বিষয়টি সামনে এনেছে।
ফাতিমার ময়নাতদন্তের প্রতিবেদনে তার শরীরে প্রায় ২০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এতে পুরোনো ক্ষত, চিকিৎসা না পাওয়া আঘাত, সংক্রমণ এবং উত্তপ্ত ইস্ত্রি দিয়ে পোড়ানোর মতো ক্ষতও রয়েছে। প্রতিবেদনে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দায় নির্ধারণের দাবি জানানো হয়েছে।
নিবন্ধে প্রশ্ন তোলা হয়েছে, ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন শহরের অভিজাত পরিবারের বাড়িতে বন্ধ দরজার আড়ালে ফাতিমার মতো কত শিশু নির্যাতন ও শোষণের শিকার হচ্ছে, যার খবর বাইরে আসছে না।
জাতীয় শিশু অধিকার কমিশনের (এনসিআরসি) ‘স্টেট অব চিলড্রেন ইন পাকিস্তান ২০২৫’ প্রতিবেদনের তথ্য তুলে ধরে নিবন্ধে বলা হয়, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে ৫ থেকে ১৭ বছর বয়সী কর্মজীবী শিশুদের ১৩ দশমিক ২ শতাংশ গৃহকর্মে নিয়োজিত। কর্মজীবী মেয়েশিশুদের ক্ষেত্রে এ হার ৩৩ দশমিক ৫ শতাংশ। গৃহকর্মে নিয়োজিত শিশুদের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে কমিশন স্বীকার করেছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২২ সালের একটি জরিপে দেখা গেছে, পাকিস্তানের প্রতি চারটি পরিবারের একটি পরিবার গৃহকর্মের জন্য শিশু নিয়োগ করে। এসব শিশুর বেশির ভাগই ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়ে।
নিবন্ধে বলা হয়েছে, চরম দারিদ্র্যের কারণে অনেক শিশুর জন্মনিবন্ধন, পরিচয়পত্র ও শিক্ষার সুযোগ থাকে না। ফলে তারা রাষ্ট্রীয় সুরক্ষার বাইরেই থেকে যায়। অনেক ক্ষেত্রে দরিদ্র মা-বাবাকে সন্তানের শ্রমের বিনিময়ে অগ্রিম অর্থ দেওয়া হয়। এ অর্থ কয়েক মাসের, এমনকি এক বছরের পারিশ্রমিকও হতে পারে। পরে ঋণের দায় দেখিয়ে শিশুকে কাজে আটকে রাখা হয়। জবরদস্তি, ঋণ ও চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটলে তা দাসত্বমূলক শ্রম বা মানব পাচারের শামিল হতে পারে।
ফাতিমার ঘটনায় রাজনৈতিক নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন নিবন্ধের লেখক। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ ঘটনা ও পুলিশের তদন্ত নিয়ে কথা বললেও ইসলামাবাদের নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা ভুট্টো জারদারি উদ্বেগ প্রকাশ করে শিশু সুরক্ষা আইন কার্যকরের আহ্বান জানিয়েছেন। জাতীয় শিশু অধিকার কমিশন এবং পাঞ্জাব কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনও এ ঘটনায় বিবৃতি দিয়েছে।
নিবন্ধে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ডমেস্টিক ওয়ার্কার্স অ্যাক্ট, ২০২২-এর কথা উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের অক্টোবরে পার্লামেন্টে পাস হওয়া এ আইনে ১৬ বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। মা-বাবার সম্মতি থাকলেও এ বয়সী শিশুদের নিয়োগ দেওয়া যাবে না। এ ছাড়া আইনে জোরপূর্বক শ্রম ও দাসত্বমূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে। গৃহকর্মীদের নিয়োগপত্র, মজুরি, অতিরিক্ত কাজের পারিশ্রমিক, চিকিৎসাসেবা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিধানও রয়েছে।
লেখকের দাবি, ২০২১ সালে তার সংসদ সদস্য থাকাকালে জাতীয় পরিষদে উত্থাপিত একটি বেসরকারি সদস্য বিলের মাধ্যমে এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আইন থাকা সত্ত্বেও ফাতিমার মতো একটি শিশু কীভাবে বছরের পর বছর গৃহকর্মে নিয়োজিত ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আট দফা প্রস্তাব
গৃহকর্মে শিশু নির্যাতন ও শোষণ বন্ধে প্রথমত, গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। কোনো পরিবার গৃহকর্মী নিয়োগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা নিবন্ধন করতে হবে।
দ্বিতীয়ত, গৃহকর্মে নিয়োজিত শিশুদের বয়স, লিঙ্গ, কর্মপরিবেশ, বিদ্যালয়ে উপস্থিতি, স্থানান্তর ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত তথ্য নিয়ে জাতীয় তথ্যভান্ডার গড়ে তুলতে হবে। এ তথ্য জন্মনিবন্ধন ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তৃতীয়ত, নিয়োগকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। নিয়োগ চুক্তিতে মজুরি, কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি, চিকিৎসাসেবা ও বসবাসের পরিবেশ উল্লেখ থাকতে হবে। বেতন আটকে রাখা, পরিচয়পত্র কেড়ে নেওয়া কিংবা চলাফেরার স্বাধীনতা হরণ করলে শাস্তির ব্যবস্থা করতে হবে।
চতুর্থত, শ্রম পরিদর্শক ও শিশু সুরক্ষা কর্মকর্তাদের নিয়ে বিশেষ পরিদর্শন ও নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। নির্যাতনের অভিযোগ জানাতে গোপন হটলাইন চালুর প্রস্তাবও রয়েছে।
পঞ্চমত, আইন লঙ্ঘন করে শিশু নিয়োগ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক শ্রমে বাধ্য করার ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ওপর নির্ভর না করে রাষ্ট্রের পক্ষ থেকে মামলা পরিচালনার ব্যবস্থা করতে হবে।
ষষ্ঠত, দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা, শিক্ষা উপবৃত্তি, স্কুলে খাবার ও জীবিকার সুযোগ বাড়াতে হবে। গৃহকর্ম থেকে উদ্ধার করা শিশুদের পুনর্বাসন, শিক্ষা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।
সপ্তমত, ইসলামাবাদ পুলিশ, প্রশাসন, শ্রম বিভাগ ও শিশু সুরক্ষা কর্তৃপক্ষের সমন্বয়ে গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় পৃথক ইউনিট গঠন করতে হবে। এ ইউনিটে প্রশিক্ষিত তদন্তকারী কর্মকর্তা ও নারী পুলিশ সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
অষ্টমত, সরকারি কর্মকর্তা বা সরকারি আবাসিক এলাকার কোনো বাসায় শিশু নির্যাতনের অভিযোগ উঠলে স্বাধীন ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে হবে। পদমর্যাদা বা রাজনৈতিক প্রভাব যেন কাউকে আইনের আওতার বাইরে রাখতে না পারে, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া জাতীয় পরিষদ ও সিনেটের সংশ্লিষ্ট সদস্যদের এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সংসদীয় কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামাবাদ প্রশাসন, পুলিশ ও শ্রম কর্তৃপক্ষকে তলব করে বিদ্যমান আইন কার্যকর না হওয়ার কারণ জানতে চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ডমেস্টিক ওয়ার্কার্স অ্যাক্ট, ২০২২-এর বাস্তবায়ন পর্যালোচনায় একটি স্বাধীন কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশেরও দাবি জানানো হয়েছে। এ প্রতিবেদনে গৃহকর্মে নিয়োজিত শিশুর সংখ্যা, নির্যাতনের অভিযোগ, পরিদর্শন এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থার তথ্য প্রকাশ করতে হবে।
নিবন্ধে ফাতিমার মা-বাবার জন্য আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় রাষ্ট্রকে বাদী হওয়ার এবং আর্থিক চাপ বা আপসের মাধ্যমে অপরাধীদের দায়মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
শেষে লেখক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের গৃহকর্মে নিয়োগ দেওয়া হলে নিয়োগকর্তাকে দুই লাখ রুপি জরিমানা ও গ্রেপ্তারের ঘোষণা দেওয়া উচিত। সরকারি কর্মচারীরা এ ধরনের অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।
নিবন্ধে বলা হয়েছে, একটি সভ্য সমাজের পরিচয় নির্ভর করে সে সমাজ তার সবচেয়ে অসহায় মানুষদের কতটা সুরক্ষা দিতে পারে, তার ওপর। ফাতিমার মৃত্যু যেন পাকিস্তানে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে এবং শিশুদের শিশু হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সুরক্ষাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠার উপলক্ষ হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন