০৪:২৮ পি.এম
কুড়িগ্রাম, ৮ আগস্ট, ২০২৬ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে টেকনিক্যাল কমিটি কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, অল্প দিন পরেই এই মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। এর আগে তিনি চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ-নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
তিস্তা প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা একটি বড় প্রকল্প। এত বড় একটি প্রকল্প একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারের বয়স মাত্র পাঁচ মাস। আমাদের কিছুদিন সময় দিন। অল্প কিছু দিনের মধ্যেই আমরা তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করব।’
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
কুড়িগ্রামের সার্বিক নদীভাঙন পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, চিলমারী বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার ভাঙন পরিস্থিতি তিনি নিজে দেখেছেন। জেলায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে এরই মধ্যে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নদীভাঙন রোধে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না—এমনটি জানিয়েছেন ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ভাঙনকবলিত মানুষের পাশে সরকার রয়েছে। কোনো মানুষের ঘরবাড়ি, হাটবাজার, মসজিদ, মন্দির কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান যেন নদীতে বিলীন হয়ে না যায়, সেজন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ‘প্রকল্পগুলো কত দ্রুত বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা মাঠপর্যায়ে পরিদর্শন করছি।’
বর্তমানে কুড়িগ্রামের প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। যেখানে আরও কাজের প্রয়োজন রয়েছে, সেখানেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক
কুড়িগ্রামের কর্মসূচি শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী গাইবান্ধায় বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান দুটি প্রকল্প পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন সাংবাদিকদের।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) মো. রুহুল আমিন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।
এ ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কাইকোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক, জেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ বাবু, যুবনেতা ওয়াজেদ আলী ঝিনুক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন