প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী নুরজাহান বেগম প্রধানমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ করেছেন যে, তিনি তার স্বামীর পেনশন ও ভাতা উত্তোলন করতে পারছেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং জানতে চান, "দরখাস্ত আছে কিনা।"
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রত্তন আলী শরীফের স্ত্রী নুরজাহান বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা স্মারক গ্রহণকালে তার পারিবারিক পেনশন ও ভাতা-সংক্রান্ত জটিলতা তুলে ধরেন।
নুরজাহান বেগম জানান, তার স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা নিয়মিত উত্তোলন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে এই জটিলতার কারণে তিনি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জানতে চান, "দরখাস্ত আছে কিনা।"
উল্লেখ্য, প্রয়াত রত্তন আলী শরীফ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন, মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'বীর প্রতীক' খেতাবে ভূষিত হন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এই দিবস উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন