ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ফ্যামিলি কার্ড দরিদ্রদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে: এমপি আবু সুফিয়ান


ফ্যামিলি কার্ড দরিদ্রদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে: এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান মন্তব্য করেছেন যে, ফ্যামিলি কার্ড শুধুমাত্র আর্থিক সহায়তার একটি উপায় নয়; এটি সাধারণ মানুষের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, যদি এই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে দরিদ্র পরিবারগুলোর দৈনন্দিন জীবনে স্বস্তি আসবে এবং একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনের পথ আরও সহজ হবে। পাশাপাশি, প্রকৃত অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব হবে।

আজ শনিবার (১৪ নভেম্বর) জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাকায় আকস্মিক সফরে পিটার ডি হাস, এলএনজি চুক্তি নিয়ে আলোচনা

তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সঠিক তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া যাবে না। প্রকৃত উপকারভোগী যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী পরিচালক মো. কামরুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : সরকারি খরচে আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগী ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে ৩১ হাজার ৫৩৮ জন সুবিধা পেয়েছেন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) সরকারি আইনি সহায়তায় ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা গ্রহণ করেছেন ৫১৬ জন। লিগ্যাল এইডের মাধ্যমে মোট ১৭ লাখ ১৪ হাজার ৬৩২ জন আইনগত সহায়তা পেয়েছেন। জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগণের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচার প্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ আওতায় এসব সেবা প্রদান করা হচ্ছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিএমইএ সভাপতি: সোমবার নতুন মজুরির প্রস্তাব দেবেন পোশাকশিল্প মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


বিজিএমইএ সভাপতি: সোমবার নতুন মজুরির প্রস্তাব দেবেন পোশাকশিল্প মালিকরা

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু অভিযোগ করেছেন যে, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, "এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছেন না।" তবে, অস্থিরতার মধ্যেও মালিকরা আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি সংবাদ ব্রিফিংয়ে জানান, একটি মহল কারখানার ভেতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। এর ফলে সাধারণ শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি সংকটে পড়ছে।

বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনের কারণে শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। এছাড়া, মালিকরা চেষ্টা করেও আরও ৯২টি কারখানায় উৎপাদন শুরু করতে পারেননি।

মাহমুদ হাসান খান বাবু জানান, এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও মালিকপক্ষ মজুরি বোর্ডে নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দেবে। তিনি বলেন, "কারখানাগুলো সচল রাখতে এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা চাই।"

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে তৈরি পোশাক শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন চলছে। সরকার মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও অনেক মালিক এখনও কারখানা পুরোপুরি সচল করতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে কিছু কারখানা বন্ধ রয়েছে এবং কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় উৎপাদন কার্যক্রম চলছে।

মজুরি বোর্ডের তৃতীয় সভার দুদিন আগে আজ জরুরি বৈঠকে বসেন শিল্পমালিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে যারা কারখানা চালাতে পারছেন না, তারা শ্রম আইন অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) থেকে কারখানা বন্ধ রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোট পুনর্গণনা ছাড়াই ফল ঘোষণা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমরান হোসেনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


ভোট পুনর্গণনা ছাড়াই ফল ঘোষণা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমরান হোসেনের অভিযোগ

ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভোট পুনর্গণনা না করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী ইমরান হোসেন। তিনি এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ।

নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ২০৪ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হবি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের আরফান আলী পেয়েছেন ১২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বই প্রতীকে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ইমরান হোসেন পেয়েছেন ২২৬ ভোট।

এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচন নিয়ে আপত্তি জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী ইমরান হোসেন। তিনি অভিযোগ করেন, ভোট গণনার সময় তাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে ফলাফল শিটে পরাজিত দেখানো হয়।

ইমরান হোসেন বলেন, ‘যারা বিজয়ী হয়েছেন, তাদের সঙ্গে আমাকেও প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার রেজাল্ট শিটে আমাকে পরাজিত ঘোষণা করেন। আমি বারবার আমার ভোটগুলো পুনরায় গণনার অনুরোধ করলেও তিনি তা করেননি। দ্রুত ফলাফল ঘোষণা করে চলে যান। আমি এ নির্বাচন মানি না।’

তবে ইমরান হোসেনের এসব অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শরীফ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে দৈনিক ইনকিলাবের এ প্রতিবেদক একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

নির্বাচনে ছয় সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যকরী কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোমবাতি প্রতীকে ২৮৭ ভোট পেয়ে জহিরুল ইসলাম মিলন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চশমা প্রতীকে ২৯০ ভোট পেয়ে লিটন মিয়া এবং কোষাধ্যক্ষ পদে হাঁস প্রতীকে ৩৬৭ ভোট পেয়ে খোদেজা আক্তার নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে হরিণ প্রতীকে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন মিয়া।

নির্বাচন চলাকালে সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমিতির ছয়টি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৮ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার প্রত্যাবর্তনে টুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিল, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


শেখ হাসিনার প্রত্যাবর্তনে টুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিল, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আকস্মিক মিছিল বের হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি, কাশিয়ানীর ফুকরা-গোপালপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাজার এলাকায় হঠাৎ করেই মিছিল শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। অভিযোগ রয়েছে, মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান বলেন, "ঘটনার সময় আমি বাসায় ছিলাম। বাসা থেকে বের হলে আমার ওপর হামলা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ কারণে আমি বাসা থেকে বের হইনি।" তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন, তাদের ভিডিও ফুটেজ রয়েছে।

টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে মিছিল ও বিএনপির কার্যালয় ভাঙচুরের বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা বিএনপির কার্যালয় ভাঙচুরের কোনো খবর পাইনি। এ ধরনের ঘটনা ঘটেছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি।’

অন্যদিকে, আজ সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ মিছিলে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার। মিছিলে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাদের পায়ে হেঁটে সারিবদ্ধভাবে মিছিল করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এসব মিছিলের তথ্য পাওয়া গেছে। এদিকে, জেলার বিভিন্ন স্থানে এ ধরনের আকস্মিক রাজনৈতিক কর্মসূচি এবং ভাঙচুরের অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%