ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ছে


পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ছে

উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় রোববার (৮ নভেম্বর) আবারও তাপমাত্রা হ্রাস পেয়েছে।

দিনের বেলা গরম আবহাওয়া বিরাজমান থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে। সেইসঙ্গে কুয়াশা নামতে শুরু করেছে। ভোরে হালকা কুয়াশা থাকলেও, অধিকাংশ সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে জেলার চারপাশ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে আজ রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রোববার ভোর সকাল থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার পরিমাণ কম লক্ষ্য করা গেছে। তবে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হীম বাতাসের তীব্রতা ছিল।

স্থানীয়রা জানাচ্ছেন, রাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হওয়ায় প্রয়োজনের সময় গরম কাপড় পড়ে বের হতে হচ্ছে।

পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আস্তে আস্তে শীতের অনুভূতি বাড়ে। রাতে কম্বল কাথা ছাড়া ঘুমানো সম্ভব হচ্ছে না। একই সাথে সকালে গরম কাপড় ছাড়া বের হওয়া কঠিন হয়ে পড়ছে।

মেহেদী হাসান নামে একজন সময় সংবাদকে বলেন, পঞ্চগড় জেলায় শীত নেমে এসেছে। কিছুদিন ঘন কুয়াশায় ঢাকা থাকে, আবার কিছুদিন হালকা থাকে। তবে দিনে খানিকটা গরম আবহাওয়া থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

আরও পড়ুন: আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস: ৫ দিনে বজ্রসহ বৃষ্টি হতে পারে

এ সময় মইনুদ্দিন নামে এক রিকশা চালক ও ফজলুল নামে এক মোটরসাইকেল আরোহীর সাথে কথা হয়। তারা সময় সংবাদকে জানান, রাতেও সকালে শীতের কাপড় ছাড়া গাড়ি চালানো সম্ভব হয় না। গাড়ি চালানোর সময় প্রচন্ড ঠাণ্ডা বাতাস শরীরে লাগে। এ সময় জ্যাকেট পরে কাজের উদ্দেশ্যে বের হতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল ছয়টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, একই তাপমাত্রা সকাল নটায়ও রেকর্ড হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে গতকাল শনিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আগামীতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সানায় হামলার জবাবে সৌদিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


সানায় হামলার জবাবে সৌদিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা

সৌদি আরবের পূর্বাঞ্চলে নতুন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের প্রভাবে ইয়েমেন-সৌদি সীমান্ত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় শনিবার সানা প্রদেশের আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার অভিযানে দুই দফা হামলার অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।

জবাবে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ছয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানোর দাবি করেছে হুতিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খুরাইস ও দাওয়াদমি এলাকায় সৌদি আরামকোর তেল স্থাপনা এবং সীমান্তবর্তী বিভিন্ন সামরিক অবস্থান ছিল তাদের লক্ষ্য। এসব হামলায় সৌদি সেনাদের হতাহতের দাবিও করেছে তারা।

ইয়াহিয়া সারি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ছয়টি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানটি চালানো হয় সৌদি শত্রুর রাজধানী রিয়াদে অবস্থিত খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, তেলের মজুত ট্যাংক এবং আরামকোর একটি ডিস্টিলেশন টাওয়ার লক্ষ্য করে। আল্লাহর রহমতে, অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। দ্বিতীয় অভিযানটি চালানো হয় খুরাইসে অবস্থিত আরামকো স্থাপনায়।

অন্যদিকে, রিয়াদ প্রদেশের দিকে ছোড়া হুতিদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে সিরিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কয়েক ডজন সামরিক সদস্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে গেছেন। সৌদি ও ইয়েমেনি সেনাদের যুদ্ধ সক্ষমতা বাড়াতে কাজ করছেন তারা। তবে ইয়েমেনে সরাসরি সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দামেস্ক।

সূত্র: আল জাজিরা, গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইনজকে ২–১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


মাইনজকে ২–১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন

বুন্দেসলিগায় নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে বায়ার্ন মিউনিখ। মাইনজের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ২–১ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভিনসেন্ট কোম্পানির দল। বায়ার্নের পক্ষে জোশুয়া কিমিখ ও লেনার্ট কার্ল গোল করেন।

ম্যাচের শুরুতেই ১৪ মিনিটে সফরকারীরা এগিয়ে যায়। হ্যারি কেইনের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল করেন কিমিখ। এরপর বায়ার্ন আরও গোল করার সুযোগ সৃষ্টি করলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। বিরতির আগে মাইনজের জে-সুং লির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ওই ঘটনার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল। কেইনের প্রচেষ্টা প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে গোল করেন তরুণ এই ফুটবলার। শেষ দিকে, মাইনজের ফিলিপ টিয়েটজ যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ করেন। তবে এই গোলের ফলে ম্যাচের ফলাফল পরিবর্তিত হয়নি।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বরুসিয়া ডর্টমুন্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিদেশি পিস্তলসহ ফোরস্টার গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


মিরপুরে বিদেশি পিস্তলসহ ফোরস্টার গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি ফোর স্টার গ্রুপের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সাগর, রায়হান, আরিফ এবং মাউড়া সাঈফ অন্তর্ভুক্ত।

রোববার (৮ নভেম্বর) এসআরবি গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে।

এসআরবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরপুর ও এর আশেপাশের এলাকায় অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল এই চক্রটি, যার নাম 'ফোর স্টার গ্রুপ'। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উল্লেখযোগ্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

এসআরবি জানিয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ইয়াবা ও নগদ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


পিরোজপুরে ইয়াবা ও নগদ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ও ১ লাখ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং মৃত আমির হোসেন দফাদারের ছেলে এমাদুল দফাদার (৩৮), যারা ২ নং ধানীসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে সাফা বাজারে অভিযান শুরু করে। অভিযানের সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক অবস্থায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় রুবেল নামক ব্যক্তির জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৭টি পোটলা ও ১ লাখ টাকা উদ্ধার হয়। পরে পোটলাগুলো খুললে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি চক্র বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানিয়েছেন, শনিবার রাতে সাফা বাজার থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%